আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও কসোভো প্রজাতন্ত্রের দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ডেস্টিনেশন ফ্রাঁকোফোনি: কসোভো– ওয়েলকাম টু দ্য হার্ট অব দ্য বলকানস’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

সোমবার (৯ মার্চ ২০২৬) আয়োজিত এই অনুষ্ঠানে কূটনীতিক, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং ফ্রাঁকোফোনি কমিউনিটির অতিথিরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশে অবস্থিত কসোভো দূতাবাসের উদ্যোগে এবং টিভি ফাইভমঁদের (TV5MONDE) প্রযোজনায় এই প্রামাণ্যচিত্রে কসোভোর সমকালীন জীবন, ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। এতে প্রিস্টিনার প্রাণবন্ত নগরজীবন, উলপিয়ানার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য, প্রিজরেন ও গিয়াকোভের সাংস্কৃতিক পরিবেশ এবং কসোভোর অলিম্পিক ক্রীড়াবিদদের সাফল্যের গল্প স্থান পেয়েছে।

উদ্বোধনী বক্তব্যে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা ফ্রাঁকোফোনি আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, ভাষা ও সংস্কৃতির এই বৈচিত্র্য আন্তর্জাতিক সহযোগিতা ও সাংস্কৃতিক সংলাপকে শক্তিশালী করে। ভাষা আন্দোলনের গৌরবময় ঐতিহ্যের দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ের বিশেষ গুরুত্বও তিনি উল্লেখ করেন।

কসোভো ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ঢাকায় অবস্থিত কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস কসোভোর সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি কসোভো ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদারে কাজ করে যাচ্ছে ।
- ক্যানভাস অনলাইন
ছবি: আয়োজকদের সৌজন্যে

