দর্শক চাহিদা পূরণে ক্রমান্বয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন শহরে চালু হচ্ছে নতুন শাখা। তারই ধারাবাহিকতায় গত ঈদুল ফিতরে নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরুর কথা ছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, অনিবার্য কারণে তা সম্ভব হয়নি। এ জন্য অপেক্ষমান দর্শকদের কাছে দুঃখ প্রকাশ এবং ৭ এপ্রিল শাখাটি উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে।
শুরুতে স্বল্প পরিসরে দুপুর ও বিকেলে দুটি শো চলবে। শিগগির পুরোদমে সব কটি শো চালু হবে, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ। ‘নারায়ণগঞ্জের দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি পূর্বনির্ধারিত সময়ে শাখাটি চালু করতে না পারায়’—বলেন তিনি। এবার দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নারায়ণগঞ্জের দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরে আনন্দিত। কিছু সীমাবদ্ধতার কারণে দুটি শো দিয়ে শুরু করছি। কয়েক দিনের মধ্যে সব কটি শো পুরোদমে চালু হবে।’
এই মাল্টিপ্লেক্স নারায়ণগঞ্জের জালকুড়িতে, সীমান্ত টাওয়ারে। এখানে ৩টি হলের মধ্যে দুটির প্রতিটিতে ১৭৮ আসন এবং ১টি হলে ৭৫টি আসন। বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি-সংবলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে। নতুন নতুন শাখা চালুর বিষয়ে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘চলচ্চিত্রশিল্প উন্নয়নে ভালো সিনেমা যেমন প্রয়োজন, তেমনি ভালো সিনেমা হলও। সময়ের সঙ্গে দর্শকের রুচি বদলেছে। দর্শক চান সুন্দর পরিবেশ আর নিরাপত্তা।
ক্যানভাস অনলাইন
