skip to Main Content

ফ্যাশন বিট

পাওয়ার অব শি উদ্যোক্তা মেলা

নারীর উন্নয়নে কাজ করে অলাভজনক সংস্থা, পাওয়ার অব শি। সহজ করে নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার পথ। প্রতিষ্ঠানটির এবারের আয়োজন, পাওয়ার অব শি উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬। স্থান গুলশানের এলিট কনভেনশন হল। অনুষ্ঠিত হবে ৯ ও ১০ মে। অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের নারী উদ্যোক্তারা। উপস্থাপন করবেন নিজেদের তৈরি পণ্য। তবে শিক্ষার্থীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। মেলায় বিনা মূল্যে স্টল এবং বিক্রির জন্য পণ্য দেওয়া হবে উদ্যোক্তা হান্ট প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীকে। ইতিমধ্যে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিজয়ীদের নাম নির্ধারিত হয়েছে। উদ্যোক্তা মেলায় তাদের মধ্য থেকে সেরা বিক্রেতা পাবেন ২০ হাজার টাকা পুরস্কার; যা ব্যবহার করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবেন বলে আয়োজকেরা আশাবাদী। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা। ক্যানভাস থাকছে মিডিয়া পার্টনার হিসেবে।

ঢাকায় মডেস্ট ফ্যাশন উইক

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো ২০২৬। ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে। ১৫ ও ১৬ মে। দেশের হালাল অর্থনীতিতে মডেস্ট ফ্যাশনের ভূমিকা এবং বাংলাদেশের পোশাক শিল্প খাতে এর সম্ভাবনার দিক তুলে ধরা হবে—জানালেন আয়োজকেরা। অংশ নেবে দেশের বেশ কয়েকটি মডেস্ট ফ্যাশন ব্র্যান্ড। নিজস্ব ব্র্যান্ড ও নকশার পোশাক ও অনুষঙ্গের ঘটবে প্রদর্শন। কিউরেটের দায়িত্বে শোকেস। ফ্যাশন শোতে মডেস্ট পোশাকের সংগ্রহ উপস্থাপন করবেন ডিজাইনাররা। ফ্যাশন ইনফ্লুয়েন্সারদের থাকবে উপস্থিতি। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছে ক্যানভাস।

কলম্বোর রানওয়েতে আসাদ সাত্তার

টেকসই ফ্যাশন ব্র্যান্ড আমি ঢাকার প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর আসাদ সাত্তার। ১ থেকে ৪ এপ্রিল, কলম্বো ফ্যাশন উইকের গ্রীষ্মকালীন আসরে এই প্রথম অংশ নিয়েছেন। তুলে ধরেছেন বাংলাদেশি শাড়ির ঐতিহ্য ও তাৎপর্য; ভিন্ন আঙ্গিকে। রূপান্তর করেছেন বেনারসি, কাতান, পিনন, জামদানি, সুতি শাড়ি। মডার্ন প্যাটার্ন আনকোরা করেছে নকশাগুলো। শাড়ি দিয়ে তৈরি করেছেন প্যান্ট, টপস, কোট, স্কার্ট, এমনকি টাইও। শাড়িকে চিত্রিত করেছেন ইউনিসেক্স পোশাক হিসেবে। রঙের ব্যবহারে তুলে ধরেছেন জীবন ও সময়ের সংযোগ। যেমন নীলে জন্ম, সবুজে জীবন, গোলাপিতে প্রস্ফুটন আর কালোতে সমাপ্তি। প্রতিটি নকশাই দেশি এই ডিজাইনারের হেরিটেজ ফিউচারিজম ভাবনার প্রতিফলন। শাড়ি যে শুধু সংস্কৃতি নয়, বরং এ দেশের বৃহৎ পোশাক শিল্প-বাণিজ্যের অংশও হতে পারে, তা-ই ব্যাখ্যা করেছেন আসাদ।

 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top