skip to Main Content

ফিচার I উৎসে উত্তরাধিকার

মায়ের শাড়ি পরে বিয়ের স্বপ্নের কথা শোনা যায় অনেক মেয়ের মুখে। আবার, বাবার হাতঘড়ি থেকে যায় কারও কারও কাছে। দাদার শাল, নানির বোনা সোয়েটার—তা-ও কম লালনের নয়। সময়কে ফিরে দেখার ইচ্ছায় স্মৃতি ধরে রাখার প্রত্যয়। জহরতের মতোই দামি; বিনিময় মূল্য বলে কিছু নেই সেখানে

ফ্যাশন দুনিয়ায় এয়ারলুম এখন পরিচিত শব্দ। উচ্চারণ করলেই মনে আসে আবেগ, স্থায়িত্ব আর সময়কে অতিক্রম করা একেকটি গল্প; যা প্রজন্ম থেকে প্রজন্মে হাতবদল হয়, কিন্তু তার মূল্য কমে না। আজকের দ্রুত বদলে যাওয়া ট্রেন্ড, ফাস্ট ফ্যাশনের যুগে চেনা এয়ারলুম ফিরে এসেছে নতুনভাবে। যেখানে সাধারণই হয়ে উঠেছে সম্পদ।
এয়ারলুম কখনোই ট্রেন্ডনির্ভর নয়। এগুলো এমন ডিজাইন, যা দশক পেরোলেও প্রাসঙ্গিক। ক্ল্যাসিক কাট, পরিষ্কার সিলুয়েট আর রিফাইন্ড অ্যাসথেটিক—এই বৈশিষ্ট্যগুলোই একটি পোশাককে সময়ের পরীক্ষায় টিকিয়ে রাখে। এখানে মূলকথা, ফ্যাশনকে অনুসরণ নয়; বরং সংজ্ঞায়িত করা। কোনো ব্লেজার, শাড়ি বা গয়না যোগে যদি বারবার নতুনভাবে স্টাইল করা যায়, সেটি হয়ে ওঠে টাইমলেস।
এয়ারলুম শুধু পুরোনোর প্রতি প্রেম নয়, এর পেছনে টেকসই তত্ত্বও কার্যকর। কারণ, বহুদিন যা রয়ে যায়, তা গুণের কারণে টিকে থাকে। তাই উলে বোনা শাল, সোয়েটার, বেনারসি সিল্ক, কাতান, সোনা-রুপার গয়না, মূল্যবান রত্নসহ বহু কিছু রাখা যেতে পারে এই তালিকায়। কারিগরি দক্ষতার নৈপুণ্য সেখানে স্পষ্ট। যদিও এয়ারলুমের সবচেয়ে শক্তিশালী দিক এর আবেগ। জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে উপহার হিসেবে পাওয়া নানা কিছু অনেকের কাছে থাকে বিশেষ তাৎপর্যময় হয়ে। বিয়ে, জন্মদিন, গ্র্যাজুয়েশন কিংবা বিশেষ কোনো স্মৃতি যেখানে মিশে আছে। কখনো কখনো একটি সোনার চুড়ি, শাড়ি কিংবা পুরোনো ব্লেজার শুধু বস্তু নয়; স্মৃতির ধারকও। সময়ের সঙ্গে এগুলোর ভেতরে জমা হয় গল্প, অনুভূতি আর পারিবারিক ইতিহাস। এয়ারলুমের একটি নির্দিষ্ট উৎস থাকে। এটি মাস-প্রোডাক্ট নয়; বরং বেসপোক, ভিনটেজ বা কোনো বিশেষ ব্যক্তির তৈরি। এ কারণেই সম্প্রতি কোলাবোরেটিভ এয়ারলুম পিস এত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যখন দুই বা ততোধিক সৃজনশীল ঐতিহ্য একসঙ্গে মিশে যায়, তখন তৈরি হয় এমন কিছু, যার শিকড় গভীর, কিন্তু দৃষ্টিভঙ্গি আধুনিক।
এয়ারলুম জীবনের গল্প বলে। প্রিয় মানুষের স্মৃতি, সময়, যাপিত জীবনকে বাঁচিয়ে রাখে। একটি পুরোনো শাড়ি, যার ভাঁজে এখনো লেগে আছে অতীতের গন্ধ। একটি ব্রেসলেট, যা মনে করিয়ে দেয় ফেলে আসা স্কুলের বন্ধুকে। শুধু কি অতীতই উপহার দেয় এয়ারলুম? নাকি ভবিষ্যতের জন্য বর্তমানেও ভাবতে শেখায়? আধুনিক এয়ারলুমও ঠিক একই চেতনা বহন করে। কারণ, মূলমন্ত্র অভিন্ন। এটি টেকসই, কিন্তু সমসাময়িক; যা আজকের দিনে ব্যক্তির পরিচয় বহন করলেও ভবিষ্যতে অন্য কারও স্মৃতির অংশ হয়ে উঠতে পারে। এ কথা মনে রেখে অনেকে শাড়ি কেনেন হবু পুত্রবধূর জন্য। গয়না কিনে রাখেন ছোট্ট মেয়েটির বিয়ের কথা ভেবে। কোনো কোনো বাবা প্রিয় ঘড়ি অথবা টাই রেখে দেন ছোট ছেলের জন্য। আজকের বিশ্বে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। ফ্যাশন থেকে ফার্নিচার—সবই যেন পরিবর্তনযোগ্য। এমন বাস্তবতায় এয়ারলুম একধরনের ভিন্ন চিন্তা। এটি কনশাস চয়েজ। কারণ, এখানে ফ্যাশন বর্জ্য তৈরি হয় না; পরিবেশদূষণও।
এখনকার ফ্যাশনে এয়ারলুম প্রাসঙ্গিক। নিভৃতে ছিল দীর্ঘদিন। তবে জেনারেশন জেড একে ফিরিয়ে এনেছে দারুণভাবে। ফাস্ট ফ্যাশনকে বাদ দিয়ে তাদের তালিকায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুরাতন। সেখানে খোঁজ মেলে অনেক কিছুর।
টাইমপিস
ঘড়ি অনেকের কাছে স্মৃতি জমে থাকার একটি অনুষঙ্গ। কেউ রেখে দেন বাবা-মায়ের কাছ থেকে উপহার পাওয়া সেই ঘড়ি, যা তাকে মনে করিয়ে দেয় পরীক্ষার ফল প্রকাশের দিনটি। কেউ রেখে দেন একান্ত মানুষের কাছ থেকে উপহার পাওয়া কাপল ওয়াচ; যা পরবর্তী সময়ে সন্তানের কাছে আরও দামি হয়ে ধরা দেয়। যেন বাবা-মায়ের তারুণ্যের সময়কে সেখানে খুঁজে পাওয়ার চেষ্টায় আগলে রাখা।
মুক্তা
স্বতন্ত্রতায়ই মুক্তার আকর্ষণ। প্রকৃতি থেকে জন্ম নেওয়া এই উপাদানে রয়েছে বিরলতা। বর্তমান নকশায় একে দেখা হচ্ছে নতুনভাবে। এর অসম্পূর্ণতাকেই সৌন্দর্য হিসেবে তুলে ধরা হচ্ছে। তাই অনেকে এমন আনকোরা মুক্তার গয়নাকে সংরক্ষণ করতে ভালোবাসেন। ভবিষ্যৎকে ভেবে গুছিয়ে রাখেন গয়নার বাক্সে।
ব্রোচ
ব্রোচের সবচেয়ে বড় শক্তি এর অনন্যতা। শাড়ি কিংবা ব্লেজার—দুয়েই ব্যবহার করা যায় চাইলে। তাই মায়ের রেখে দেওয়া ব্রোচ নতুন করে দেখা যাচ্ছে টপসে; টাইয়েও। এই সুন্দর ছোট্ট অনুষঙ্গ ব্যবহারে সহজে বদলে ফেলা যায় এর প্রেক্ষাপট। এটি একাধারে ভিনটেজ; আবার সমসাময়িক।
শাড়ি
এয়ারলুমের সবচেয়ে শক্তিশালী উদাহরণ এটি। বেনারসির রাজকীয়তা, কাতানের নিখুঁত কারুকাজ; যেন শাড়ি শুধু শিল্প নয়, উত্তরাধিকারও। এ এমন এক পোশাক, যা একই সঙ্গে ব্যক্তিগত ও সাংস্কৃতিক। এটি পরা মানে একটি গল্পকে আবার জীবিত করা।
এয়ারলুম হঠাৎ নয়; বরং তৈরি হয় সময়, যত্ন আর সচেতন সিদ্ধান্তের মাধ্যমে। ইচ্ছেমতো নয়। যা কিছু গুরুত্বপূর্ণ, সেসব হতে পারে এয়ারলুম। যেখানে মিশে থাকে পুরোনো দিনের নির্যাস, স্মৃতিচিহ্ন আর আহ্লাদ। নয়ন দেখতে না পেলেও নয়নে নয়নে রাখার চাহিদা সেখানে নিরন্তর।

 ফ্যাশন ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top