সম্পাদকীয়
বর্ষা এসেছে দুয়ারে। কৃষিনির্ভর অর্থনীতির কারণে আমাদের দেশে বহু আগে থেকে এই সময়ের গুরুত্ব আলাদা। বীজ বপন করে খানিকটা নির্ভার হন কৃষকেরা। মন দিতেন সংসারে-সম্পর্কে।
আবার, বৃষ্টি মানে আশীর্বাদ—এই বিশ্বাসও বহু অঞ্চলে প্রচলিত। বর্ষার সঙ্গে প্রেমের গাঢ় সম্পর্ক খুঁজে পাওয়া যায় সাহিত্যে। কালিদাসের মেঘদূত থেকে হুমায়ূন আহমেদের বর্ষাপ্রীতি; সবই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। চলচ্চিত্র, গান, কবিতাও এর বাইরে নয়।
মেঘ, বৃষ্টি, বজ্রপাত—এমন নানা রসদ নিয়ে হাজির হয় বর্ষাকাল। এ সময়ে প্রকৃতির সিক্ততা মানুষের মনও ছুঁয়ে যায়। তাই এই সংখ্যার কভারস্টোরিতে আছে বৃষ্টিভেজা প্রকৃতি-প্রভাবিত ফ্যাশনের গল্প। ফ্যাশন সেগমেন্টের মনোজালে ডোপামিন রেইনকোরের ব্যাখ্যা। ৮ জুন ইন্টারন্যাশনাল ওশানস ডে। সমুদ্রকে ফ্যাশন ছুঁয়েছে বিভিন্নভাবে। তারই একাংশ ইন্টারন্যাশনাল ফ্যাশনে। বিশ্বকাপ-ঝড়ে উন্মাতাল দুনিয়া। ফিট চেকে তাই আর্জেন্টিনা-ব্রাজিলের ফ্যানগার্ল মোমেন্ট।
বিউটি সেগমেন্টেও আছে একই প্রভাব। ফিফা টাইম মেকআপ থেকে বিউটি ওয়ার্ল্ডের লাভের হিসাব। পাঁচজন ফুটবলারের প্রিয় ডিশ আছে ফুড সেগমেন্টে। লাইফস্টাইলের দেহযতনে রোনালদোর ফিটনেস রুটিন। আরও আছে বিশ্বকাপের একাত্মতার ইতিবাচক গল্প। রয়েছে আমকাহন। ফুড, লাইফস্টাইল তো বটেই, আমের রং ছুঁয়ে গেছে ফ্যাশনকেও।
বর্ষা ও বিশ্বকাপ উপভোগ করুন সবাই। ভালো থাকুন।
