যাপনচিত্র I সীমানা ভেঙে সুরভী
সুরভী ইয়াসমিন। সলো উইমেন ট্রাভেলার হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিজেকে। ব্যাকপ্যাক নিয়ে ঘুরে বেড়ান উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, দেশ থেকে বিদেশে
ট্রিপ প্ল্যান না থাকলে সুরভী সচরাচর ঘুম থেকে জাগেন সকাল ৯টায়। স্ট্রেচিং সারেন বিছানাতেই। সারা সপ্তাহের ক্লান্তি কাটাতে বেছে নেন মাইল্ড ইয়োগা। আধা ঘণ্টা পরে খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে লেবুর রস পান করেন। একটু বিরতি দিয়ে সেদ্ধ অথবা পোচ করা ডিম খান প্রতিদিন।
তেমন একটা স্কিন কেয়ার না করলেও ফেসওয়াশের পর ময়শ্চারাইজার নিতে ভোলেন না। সকালের দিকে ট্রাভেল স্কার কিংবা ড্যামেজ সারাতে অ্যালোভেরা জেল ব্যবহার করেন। চেষ্টা থাকে ময়শ্চারাইজারের সঙ্গে মেশানোর। সানবার্ন দূর করতে মাঝে মাঝে মুলতানি মাটি ও চন্দনের পেস্ট ব্যবহার করেন বাড়ি ফিরে।
এগারোটা নাগাদ সিজনাল ফ্রুটস খান। বসে যান সিনেমা নিয়ে। প্রিয় জনরা অ্যাকশন, মিস্ট্রি, রোমান্স ও ট্রাভেল। ভালো লাগে জেমস বন্ড সিরিজ। প্রিয় বন্ড ড্যানিয়েল ক্রেগ। পছন্দের সংগীতশিল্পী লানা ডেলরে। গান শুনতে ভীষণ ভালোবাসেন। ভ্রমণে তাই সঙ্গী হয় পোর্টেবল স্পিকার, এয়ার বাডস।
সুরভী ইয়াসমিনের ডিএনএতে দস্তুর বাঙালিয়ানার ছাপ। বাড়িতে থাকলে দুপুরে পাতে ভাত চাই-ই চাই। সঙ্গে শাকসবজি এবং মাছ কিংবা মাংসের এক পদ। তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা ইউল্যাব বিশ্ববিদ্যালয়ে, পাবলিক রিলেশনে। মাস্টার্সের বিষয় ছিল ইন্টারন্যাশনাল রিলেশন। বেশ কিছুদিন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও ভ্রমণের জন্য ছেড়েছেন সেসব। এখন পুরোদস্তুর ট্রাভেলার। পরিকল্পনা আছে দক্ষিণ এশিয়ার বর্ডার কান্ট্রিগুলো বিরামহীন ঘুরে বেড়ানোর।
ট্রাভেলের বাইরেও নানান রোমাঞ্চকর অভিজ্ঞতায় পূর্ণ করেছেন জীবনের ঝুলি। নিয়েছেন প্রফেশনাল স্কুবা ডাইভিং প্রশিক্ষণ। স্কেটিং, হর্স রাইডিং, সার্ফিং ও ফ্রি ডাইভিংয়ের প্রশিক্ষণও রয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকে সুরভীর ৬ লাখের বেশি ফলোয়ার। এ দেশের তরুণ প্রজন্মের নারীরা ভ্রমণের প্রসঙ্গে প্রায়শই উদাহরণ হিসেবে তার নাম টানেন।
যেদিন কোথাও বেড়াতে না যান, বিকেল কাটে বারান্দা-বাগানের পরিচর্যায়। যে করেই হোক, প্রকৃতির কাছাকাছি থাকা চাই তার। সন্ধ্যার নাশতায় ফল রাখেন। সুরভী জানালেন, প্রসাধনী নয়, বরং খাবারের মাধ্যমে তিনি ত্বক ও শরীরের যত্ন নেন। ব্ল্যাক কফি ছাড়া তার চলেই না। রাতের খাবারে রাশ টানেন ভাতের। তবে আমিষের ঘাটতি যেন না হয়, সেদিকে থাকে কড়া নজর।
বেড়াতে যাওয়ার জন্য সুরভীর সবচেয়ে প্রিয় সমুদ্র ও পাহাড়ের মিলনস্থল। স্মৃতি থেকে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার গল্প করলেন। দুটো দেশেই সমুদ্র ও পাহাড় যেন মিলেমিশে একাকার। সুরভীর কাছে ‘সলো ট্রাভেল’ মানে নিজেকে নিজের মতো চিনতে পারার যাত্রা। সেখানে কোথাও তার হারিয়ে যাওয়ার নেই মানা।
ভ্রমণে ঢিলেঢালা আর রঙিন পোশাক বেছে নেন। বিচিত্র অভিজ্ঞতা হয়েছে দেশে ও দেশের বাইরে। জানালেন, বিদেশে যতটা স্বচ্ছন্দে ঘুরে বেড়ানো সম্ভব, দেশে তা নয়; অন্তত নারীদের জন্য তো নয়ই। বাংলাদেশকে ট্রাভেল ফ্রেন্ডলি, ট্যুরিস্ট ফ্রেন্ডলি দেশ হিসেবে গড়ার জন্য সুনাগরিক হওয়ার যে চর্চা, তাতে সরকারি উদ্যোগের ঘাটতি দেখেন সুরভী। এমন একটা দেশের স্বপ্ন দেখেন, যেখানে স্বচ্ছন্দে নারীরা মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াবে।
নাঈমা তাসনিম
ছবি: রনি বাউল
