নখদর্পণ I বৃষ্টিবিন্দু বন্দনা
বাদলের দিন। টিনের চালে ঝমঝম জানালার কাচে বিন্দু বিন্দু জল। মন চায় এই জলকণা থেকে যাক মুঠোয়। কিন্তু খুললে মিলিয়ে যায় নিমেষে। সেই স্বচ্ছ ঝলমলে বিন্দু এসেছে কাচ থেকে নখদর্পণে। নখসজ্জার ট্রেন্ডে নতুন সংযোজন রেইনড্রপ নেইলস। চকচকে ছোট্ট পানির ফোঁটা যেন নখের ওপর আটকে থাকা বৃষ্টিবিন্দু
রেইনড্রপ নেইলস। দারুণ পরিচিত নেইল আর্ট অ্যাসথেটিক। ট্রেন্ডে আরও যোগ হয়েছে ওয়াটারড্রপ, ডিউয়িড্রপ, ড্রপলেট নেইলস। মূলত এমন নখসজ্জা, যেখানে ন্যুড বা শিয়ার বেসের ওপর স্বচ্ছ, পানির বিন্দুর মতো থ্রিডি ড্রপলেট তৈরি করা হয়। নেইল ক্যানভাসে যেন বৃষ্টির নেমে আসা। মন ছুঁয়ে যায় সিক্ত অনুভূতি। আলো পড়লে বিন্দুগুলো ঝলমল করে। যেন কাচের জানালায় বৃষ্টির ফোঁটার স্পষ্ট হাজিরা।
নেপথ্যে নজর
বর্ষা মানে স্নিগ্ধতা আর একরাশ আবেগ। সেই আবেগ আরও ফুটে ওঠে রেইনড্রপ নেইলসে। ঝলমল আলো নখবন্দি করে আবেগ। সেই আবহ সুন্দরভাবে তুলে ধরে রেইনড্রপ নেইল আর্ট। বর্তমান বিউটি ট্রেন্ডে লেস ইজ মোর ধারণা বেশ জনপ্রিয়। অতিরিক্ত ডিজাইন বা ভারী কোনো গ্লিটার ছাড়া হালকা শেড। রেইনড্রপ নেইলস একদম সেই ধাঁচের। এ ছাড়া ক্লিন গার্ল বিউটি ট্রেন্ডের মিনিমাল মেকআপ, হালকা জুয়েলারি, সিম্পল হেয়ারের মতো এটিও হালের পছন্দের অ্যাসথেটিক। এই নান্দনিক নকশা জেনারেশন জেডের ফেবারিট হওয়ার অন্যতম কারণ এর বহুমুখিতা। যেকোনো স্থানে মানিয়ে যায়। ক্যাজুয়াল লুকে যেমন মানানসই, তেমনি সন্ধ্যাকালীন আয়োজন বা ফেস্টিভ মুডের সঙ্গেও দেখায় দারুণ। অফিস, ক্যাফে, আড্ডা কিংবা রেইনি ডেট—সবখানেই সই।
রেইনড্রপ নেইলস আর্টের উদ্ভব দক্ষিণ কোরিয়ায়। সবচেয়ে বেশি আলো পায় ২০২০ সালে। ইনস্টাগ্রাম নেইল আর্টিস্ট কিউমা ও নামির নেইল আর্টের মাধমে। সেই সঙ্গে জায়গা করে নেয় কে-বিউটি ইন্ডাস্ট্রি ও জাপানিজ নেইল আর্ট মুভমেন্টে; যা বিউটি ওয়ার্ল্ডে যোগ করে বহু থ্রিডি জেল টেকনিক। থ্রিডি রেইনড্রপ আর্ট আধুনিক ট্রেন্ড। কিন্তু নখের এই সাজ হাজার বছর পুরোনো। ইতিহাস বলে, প্রাচীন চৈনিক, মিসরীয় ও ব্যাবিলনীয় সভ্যতায় মেয়েদের নখের সাজ ছিল আভিজাত্যের প্রতীক। শ্রেণিবৈষম্যের মাপকাঠি হিসেবে দেখা হতো সাজ ও পোশাককে।
সহজসূত্র
রেইনড্রপ নেইলস দেখতে জটিল মনে হলেও এর নকশা করা বেশ সহজ। ঘরে বসে অনায়াসে সম্ভব। চাইলে যেতে পারেন স্যালনেও। নিজে করে নিতে চাইলে মাত্র চারটি উপাদানই যথেষ্ট—
ন্যুড বা শিয়ার জেল পলিশ;
ম্যাট বা গ্লসি টপ কোট;
ডটিং টুল বা ছোট ব্রাশ;
ক্লিয়ার জেল।
প্রথমে নখে একটি পরিষ্কার বেস কালারের প্রলেপ দেওয়া চাই। সাধারণত ন্যুড, হালকা গোলাপি, মিল্কি হোয়াইট বা ধূসর টোন বেশি ব্যবহার করা হয়। চাইলে ডিপ টোনও ব্যবহার সম্ভব। টপ কোট শুকিয়ে গেলে ছোট ছোট জেল ডট, এরপর ইউভি ল্যাম্পে সেট। ব্যস, তৈরি—কাচের মতো থ্রিডি ইফেক্ট। যারা ডিআইওয়াই পছন্দ করেন, তাদের জন্য এটি বেশ ফান বিউটি এক্সপেরিমেন্ট হতে পারে। তবে পারফেক্ট ফিনিশ পেতে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া শ্রেয়।
মিনিমাল বনাম ড্রামাটিক
এই নেইল আর্টের সবচেয়ে মজার দিক এর বৈচিত্র্য ন্যুড বেসে স্বচ্ছ ফোঁটা, ক্রোম বা মেটালিক, সিলভার, ব্লু বা ডিপ টোনের বেস। আবার হতে পারে ফ্লোরাল বা ফ্রেঞ্চ টিপের। ছোট ফুল, তার ওপর ড্রপলেট। অনেকে ফ্রেঞ্চ মেনিকিউরের সঙ্গেও ড্রপলেট অ্যাড করেন। শুরুতে শুধু ছোট ছোট ড্রপলেট থাকলেও এখন এর আকারের ভিন্নতা সহজলভ্য। কেউ একদম মিনিমাল রাখেন, কেউবা করে তোলেন ড্রামাটিক। বড় বড় সাইজের ড্রপলেট। সঙ্গে মাত্রার ভিন্নতা। প্রতিনিয়ত নতুন কিছু যোগ হচ্ছে এই নখশিল্পের পৃষ্ঠায়।
সাবধানে
রেইনড্রপ নেইলস সুন্দর দেখানোর জন্য নখের শেপ ও ফিনিশিং গুরুত্বপূর্ণ। আমন্ড, ওভাল বা শর্ট স্কয়ার নেইলসে এই ডিজাইন বেশি নান্দনিক দেখায়। এ ছাড়া ম্যাট বেস ব্যবহার করলে ড্রপলেট হয়ে ওঠে আরও স্পষ্ট। অন্যদিকে, গ্লসি বেস চাইলে সাটেল ওয়াটার সাইন মানানসই। দীর্ঘদিন টিকিয়ে রাখতে ভালো মানের টপ কোট ব্যবহার জরুরি। কারণ, ড্রপলেটের থ্রিডি টেক্সচার দ্রুত নষ্ট হয়ে যায়।
দিলজান নাহার চাঁদনী
ছবি: ইন্টারনেট
