রাশি I সাফল্যের ঘোড়সওয়ার
কর্কট
সৃষ্টিশীল কাজে যারা জড়িত, এ মাসে তাদের কাজের জন্য মূল্যায়িত হতে পারেন। সুতরাং হতাশ না হয়ে মনের আনন্দে কাজ করে যান। তবে আর্থিক দিক ভালো থাকলেও স্বাস্থ্য ঠিকঠাক ক্লিক না-ও করতে পারে। ভ্রমণও এ মাসে সুখকর নয়।
সিংহ
যে কেউ ঈর্ষা করতে পারে আপনাকে। কারণ, সাফল্যের ঘোড়ার সওয়ার যে আপনিই! তবে সেদিকে তাকানোর সময় কই? এটি তো ফুর্তিতে বয়ে যাওয়ার মাস! তাই দুশ্চিন্তা, কাজ, ঝামেলা—সব এক পাশে রেখে দিন।
কন্যা
কথায় বলে, শখের দাম লাখ টাকা। দীর্ঘদিনের শখ পূরণের সুযোগ পেলে, সামর্থ্য থাকলে পূরণ করুন। কাছের মানুষটির সঙ্গে যখন একটু টানাপোড়েন চলছে, সেখানে একটু পাঁচফোড়ন দিন; মানে, সম্পর্ক মধুময় করার চেষ্টা করুন। বৈষয়িক কাজে নো মাথা গরম! মনে রাখবেন, রেগে গেলেন তো হেরে গেলেন।
তুলা
পাছে লোকে কিছু বলবেই। তাতে কান দেওয়ার লোক তো আপনি নন; বরং বেশ যুক্তিবাদী ও উদার। এ মাসে নানা প্রতিবন্ধকতা আর বাজে কথার সামনে পড়তে হবে। তবে কিছু ব্যাপারে সাবধান থাকা প্রয়োজন।
বৃশ্চিক
হতে পারে, আপনি কিছুটা সংসারবিমুখ মানুষ। তবু কিছু সাংসারিক সমস্যা বিব্রত করতে পারে। এড়িয়ে না গিয়ে সচেতনভাবে মোকাবিলার চেষ্টা করুন। আরে, টেনশন নিচ্ছেন কেন? মাস শেষে কিছু সারপ্রাইজিং ঘটনা অপেক্ষা করছে!
ধনু
অন্যের প্ররোচনায় কান না দিয়ে নিজের কাজ নিজেই করুন। কর্মক্ষেত্রেও কথাটি মনে রাখুন। সামনে প্রতিটি দিনেই ভালোবাসা ধরা দেবে! জানি আপনি পরোপকারী। কিন্তু উপকার করতে গিয়ে বেশি ঝামেলায় না জড়ানোই ভালো।
মকর
‘শিয়ালের মতো হাজার বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো একমুহূর্ত বাঁচা উত্তম’—মহাবীর টিপু সুলতানের এই অমর বাণী হয়তো শুনেছেন। সুতরাং, অন্যায়ের সঙ্গে আপোস নয়। জয় অবশ্যই আপনার ঝুড়িতে উঠবে।
কুম্ভ
এ মাসে কিছু প্যাঁচানো প্রশ্নের সামনে পড়তে পারেন। জুতসই জবাব দিতে প্রয়োজনে একটু সময় নিন। যেমন মনের মানুষটি যদি কিছু জানতে চায়, তাকে সচেতনভাবে উত্তর দেওয়ার পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখুন।
মীন
আপনি বরাবরই বিচক্ষণ; তাই যুক্তিহীন ধারণা পোষণ করবেন না, তা আশা করাই যায়। মাসটিতে পূর্ণ মনোযোগ ও সামর্থ্য দিয়ে নিজের কাজ করে যান। একটি দুর্দান্ত ফল আপনারই অপেক্ষায়। আর পরিস্থিতি পুরোই নিজের নিয়ন্ত্রণে থাকবে।
মেষ
কারও ভালোবাসা জোর-জবরদস্তি করে পাওয়া যায় না। আবার, মন দিয়ে চাইলে নাকি সবই পাওয়া যায়। আপনার সিংহ-হৃদয় দিয়ে চাইতেই থাকুন, নিশ্চয় মিলবে। নতুন কাজে হাত দেওয়ার আগে পুরোনো সমস্যা মিটিয়ে নিন।
বৃষ
চলার পথে গুরুজনদের আদেশ মেনে চলার ফল স্বস্তিদায়ক। যা-ই হোক না কেন, তাদের অভিজ্ঞতার ভান্ডার আপনার-আমার চেয়ে সমৃদ্ধ। বিষণ্নতাকে স্রেফ পাতালে ছুড়ে ফেলুন; নয়তো সমস্যার কারণ হতে পারে!
মিথুন
ফালতু কিছু বিষয় বেশ বিব্রত করতে পারে। কাজের কাজ হবে সচেতনভাবে পাশ কাটিয়ে চলে আসা। আর্থিক দিক থেকে নিজেকে গৌরী সেন মনে হতে থাকলেও শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। সুযোগ করে হাওয়া বদল করে আসুন।
