সুলুকসন্ধান I রেডি, সেট, গো
কর্মব্যস্ত জীবন আর নগরসভ্যতার ক্লান্তি দূর করে আধুনিক মানুষের রান্নাঘরকে নিমেষে সহজ ও স্বস্তিদায়ক করে তুলেছে রেডি-টু-কুক খাবার। রান্নাঘরে কীভাবে এই ধারণা স্বস্তির প্রতীক হয়ে উঠল, জানা যাক আদ্যোপান্ত
আজকের মানুষের কাছে এই রেডি-টু-কুক ধারণাকে নতুন মনে হলেও এর মূল ভিত্তি প্রাচীন খাদ্য প্রস্তুত প্রণালির মধ্যে লুকিয়ে আছে।
কৃষিভিত্তিক সভ্যতা গড়ে ওঠার আগে মানুষ যখন শিকার ও সংগ্রহের ওপর নির্ভরশীল ছিল, তখন থেকে খাবারকে পরিষ্কার করে পরবর্তী বেলার জন্য গুছিয়ে রাখার চেষ্টা শুরু হয়। প্রাচীন মিসর, চীন বা মেসোপটেমিয়ার নাগরিকেরা দীর্ঘ ভ্রমণের আগে অথবা উৎসবের প্রয়োজনে মাছ ও মাংস কেটে, ধুয়ে, বিভিন্ন ভেষজ ও লবণের প্রলেপ মাখিয়ে রান্নার জন্য প্রস্তুত করে রাখতেন, যাতে চটজলদি তা শেষ করা যায়। মূলত প্রাচীনকালের এই ঝটপট রান্নার পূর্বপ্রস্তুতিগুলোই আজকের আধুনিক রেডি-টু-কুক শিল্পের আদি শিকড়।
আর্কটিকে আবিষ্কার
বাজারে এখন কেটে ধুয়ে রাখা টাটকা সবজি থেকে শুরু করে মেরিনেট করা মাছ-মাংস—সবই হাতের নাগালে। প্যান গরম করে ছেড়ে দিলেই কিংবা ওভেনে টাইমার সেট করলেই মাত্র ৫ থেকে ১০ মিনিটে কেল্লা ফতে! ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯২৪ সালের দিকে আমেরিকান বিজ্ঞানী ক্ল্যারেন্স বার্ডসআই যখন কুইক ফ্রিজিং প্রযুক্তি উদ্ভাবন করেন, তখন থেকে মূলত প্যাকেটজাত খাবারের বাণিজ্যিক যাত্রা শুরু। তবে সময়ের বিবর্তনে আধুনিক ব্যস্ত মানুষ বুঝতে পেরেছে, ডিপ ফ্রিজে মাসের পর মাস জমে পাথর হয়ে থাকা খাবারের চেয়ে রেফ্রিজারেটরের নরমাল চেম্বারের চিলড (শূন্য থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় রাখা একদম তাজা খাবারের স্বাদ ও পুষ্টিগুণ অনেক বেশি। এই চাহিদাই জন্ম দিয়েছে প্রকৃত রেডি-টু-কুক ধারণার, যেখানে খাবারকে বরফ না বানিয়ে বরং বিশেষ প্যাকেজিং ও তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে এর প্রাকৃতিক সতেজতা ধরে রাখা হয়।
বৈশ্বিক বিপণন
বিশ শতকের মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে কর্মজীবী মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রান্নাঘরের খাটুনি কমিয়ে আনার তাগিদ তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সৈন্যদের দ্রুত খাবার সরবরাহের জন্য এবং পরবর্তী সময়ে বিমানে চটজলদি পরিবেশনের জন্য প্রি-প্রিপেয়ার্ড বা রান্নার জন্য প্রস্তুত টাটকা খাবারের চল শুরু হয়। এরপর এই ধারণা থেকে টিভি ডিনার এবং আধুনিক রেডি-টু-কুক ও রেডি-টু-ইট খাবারের বিশাল বৈশ্বিক বাজারের সূত্রপাত। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমীক্ষায় দেখা গেছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী রেডি-টু-কুক খাবারের বাজারের মূল্য প্রায় ১৭০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় এবং এর বার্ষিক বৃদ্ধির হার ৬ শতাংশের বেশি।
দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের বাজারচিত্র
দক্ষিণ এশিয়ার অধিবাসীরা ঐতিহ্যগতভাবেই তরতাজা এবং ঘরে তৈরি খাবারে অভ্যস্ত। বাসি বা শক্ত বরফ জমে যাওয়া খাবারের চেয়ে প্রতিদিন বাজার থেকে আনা টাটকা মাছ-সবজির স্বাদ বাঙালির প্রথম পছন্দ। এই জায়গাতেই বাজিমাত করেছে আধুনিক রেডি-টু-কুক পণ্য। এটি আপনাকে কোনো ফ্রোজেন বা বাসি খাবার খাওয়াচ্ছে না; বরং বাজারের একদম সতেজ পণ্যই ধুয়ে-কেটে রান্নাঘরের কাটাকুটির কষ্ট কমিয়ে দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাণ, কাজী ফার্মস কিচেন, গোল্ডেন হারভেস্ট, প্যারাগন, বেঙ্গল মিটের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো এই বাজারকে আমূল বদলে দিয়েছে। এর পাশাপাশি ঝটপট, টেস্টি টিবেট, কোয়ালিটি, কান্ট্রি ন্যাচারাল, বোম্বে সুইটস, জার্মান বুচার, সিপি, এজি ফুড, নন্দন ফুড, রোজা এবং ক্রাউন ফার্মসের মতো নামগুলোও জনপ্রিয়। শুধু বড় করপোরেট প্রতিষ্ঠানই নয়; দেশের অসংখ্য হোম কুক বা ঘরোয়া রাঁধুনি ও নারী উদ্যোক্তাও এই খাতে জোয়ার এনেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজ নিজ পেজ খুলে তারা বিক্রি করছেন সম্পূর্ণ ঘরে তৈরি এবং স্বাস্থ্যকর রেডি-টু-কুক খাবার। অর্ডার করলেই একদম টাটকা মাছ-মাংস ধুয়ে, বেছে, মসলা মাখিয়ে নরমাল ফ্রিজে রাখার উপযোগী করে গ্রাহকের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। কষানো মুরগি, হাঁসের মাংস কিংবা খাসির মাংসের এই প্যাকগুলো ঘরে এনে জাস্ট চুলায় চড়িয়ে দিলেই ৫ মিনিটে তৈরি হয়ে যায় রাজকীয় স্বাদ। আর সবজি বা মাছের ঝক্কি এড়াতে চাইলে তো কথাই নেই! সাশ্রয়ী মূল্যে সুপারশপ বা অনলাইন পেজে পাওয়া যাচ্ছে ধুয়ে-কেটে রাখা একদম ফ্রেশ সজনে ডাঁটা, কচুর লতি, লাউ কিংবা মিক্সড সবজি। মাছের বাজারে গিয়ে আঁশ ছাড়ানো ও কাটার ঝামেলা ছাড়াই মিলছে ইলিশ, রূপচাঁদা, কাতলা, বোয়াল কিংবা কই মাছের মেরিনেট করা রেডি-টু-কুক প্যাক।
সাশ্রয়ী মেলবন্ধন
রেডি-টু-কুক খাবার সাধারণ মানুষের রান্নাঘরে রাজত্ব করার প্রধান চালিকাশক্তি হলো সময় ও শ্রমের অভূতপূর্ব সাশ্রয়। বিভিন্ন ভোক্তা জরিপে দেখা গেছে, একটি সাধারণ রেডি-টু-কুক পণ্য রান্নাঘরের ঐতিহ্যবাহী খাটুনি ও সময়কে ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। এর আরেকটি বড় ইতিবাচক দিক হলো অপচয় রোধ করা। যেহেতু এগুলো একদম কাটা-বাছা ও সরাসরি রান্নার উপযোগী থাকে, তাই সবজি বা মাছের খোসা ও উচ্ছিষ্টের পেছনে সময় ব্যয় হয় না। ক্রেতা যতটুকু ওজনের জন্য টাকা দিচ্ছেন, ঠিক ততটুকুই রান্না করছেন। পাশাপাশি স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্টের মতো চেইন সুপারশপ এবং চালডাল বা প্যান্ডামার্টের মতো অনলাইন গ্রোসারির কল্যাণে নিয়ন্ত্রিত কোল্ড চেইন প্রযুক্তির মাধ্যমে এই তাজা খাবারগুলো গুণগত মান না হারিয়ে সরাসরি পৌঁছে যাচ্ছে গ্রাহকের রান্নাঘরে।
পুষ্টিমান ও মুদ্রার ওপিঠ
যেহেতু প্রকৃত রেডি-টু-কুক খাবার ফ্রোজেন ফুড নয়, তাই এর স্থায়িত্বকাল ফ্রোজেনের মতো মাসের পর মাস হয় না; এটি রেফ্রিজারেটরের নরমালে মাত্র কয়েক দিন ভালো থাকে। আর এই স্বল্প মেয়াদের কারণেই এতে কোনো অতিরিক্ত কৃত্রিম প্রিজারভেটিভ বা রাসায়নিকের প্রয়োজন পড়ে না। চিলড অ্যান্ড ভ্যাকুয়াম প্যাকিং প্রযুক্তির কারণে খাবার প্রাকৃতিকভাবেই ব্যাকটেরিয়ামুক্ত ও সতেজ থাকে। তবে ভোক্তাদেরও কিছুটা সচেতন থাকা চাই। অনেক সময় মেরিনেট করা রেডি মিক্স মসলায় সোডিয়াম বা লবণের মাত্রা কিছুটা বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, অতিরিক্ত মাত্রায় সোডিয়ামযুক্ত খাবার নিয়মিত গ্রহণে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে পারে। তাই সচেতন ভোক্তারা এখন প্যাকেটের গায়ের পুষ্টিগুণ ও উপাদান দেখে, বিশেষ করে কৃত্রিম রং ও অতিরিক্ত প্রিজারভেটিভ এড়িয়ে তুলনামূলক সবচেয়ে তাজা ও কম শেলফ-লাইফের পণ্য বেছে নিচ্ছেন।
ব্যস্ততার এই আধুনিক যুগের বাসিন্দারা রসনাবিলাস ও ঐতিহ্যের স্বাদকে বিসর্জন না দিয়ে, প্রযুক্তির সহায়তায় জীবনকে সহজ করতে চান। রান্নাঘরের ঘণ্টার পর ঘণ্টার ক্লান্তি, কুটনো কাটা আর মসলা বাটার শ্রমকে আজ আধুনিক রেডি-টু-কুক প্রযুক্তি নামিয়ে এনেছে মাত্র ৫ থেকে ১০ মিনিটে। ডিপ ফ্রিজের বরফ নয়; বরং ঘরোয়া টাটকা স্বাদ, পুষ্টি আর আধুনিকতার এই অপূর্ব মেলবন্ধনে প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে আমাদের খাদ্যসংস্কৃতি।
ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট
