বুলেটিন
বিশ্বকাপে জিলেটের চালাকি
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বোস্টন জিলেট স্টেডিয়ামের নাম থেকে ‘জিলেট’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল। তাই লোগোতেও আসে পরিবর্তন। এ ঘটনায় জিলেটের স্পষ্ট লোগোটি সরিয়ে ফেলার বা ঢেকে দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। কারণ, ব্র্যান্ডটি ফিফার স্পনসর নয়। তাই বিশ্বকাপের স্টেডিয়ামে তাদের লোগো রাখা যাবে না। বিষয়টি বেশ গুরুত্ব দিয়েছে জিলেট। নিজস্ব ব্র্যান্ডের শেভিং ফোম দিয়ে ওই লোগো ঢেকেও দিয়েছে। এখন লোগোর চেয়ে বেশি চোখে পড়ছে সাদা ফোমের মেঘ, যা আরও বেশি নজর কাড়ছে। জিলেটের এমন কাণ্ডকে চতুর ব্র্যান্ডিং বলছেন অনেকে।
ইএলএফ ভান্ডারে চুলের যত্নের পণ্য
অবশেষে হেয়ার কেয়ার প্রোডাক্টও তৈরি করল জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড ইএলএফ। একটি নতুন হেয়ার কেয়ার লাইন নিয়ে এসেছে ব্র্যান্ডটি। এতে ক্লিনজিং, কন্ডিশনিং, স্টাইলিংসহ ছয়টি পণ্য রয়েছে; যেগুলোর দাম ৬ থেকে ১০ মার্কিন ডলার। প্রথমে পরীক্ষামূলকভাবে সীমিত সংস্করণে বাজারে আনার পর গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। সম্ভাবনা আরও ঝালিয়ে নিতে ভোক্তাদের কাছে ব্র্যান্ডটি জানতে চেয়েছিল, তারা এ ধরনের আরও পণ্য বাজারে আনবে কি না। ৭৭ শতাংশ গ্রাহকের কাছ থেকে পেয়েছে ইতিবাচক সাড়া। সেই অনুপ্রেরণাই এ সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে।
আমিরাতি রাজকন্যার সুগন্ধি
হার হাইনেস শেখা বদর বিনতে সুলতান আল কাসিমি। সংযুক্ত আরব আমিরাতের রাজকন্যা। তার নিজস্ব লাক্সারি বিউটি ব্র্যান্ড ইনান্না রিবর্ন নিয়ে এসেছে নতুন দুটি বডি মিস্ট, যার সৌরভ নিহিত আরব ঐতিহ্যে। এতে রয়েছে আরব সংস্কৃতিতে সৌন্দর্য ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে পরিচিত দুটি উপকরণ—জাবাল আল আখদার থেকে হাতে তোলা ওমানের পাহাড়ি গোলাপ এবং ধোফারের ফ্র্যাঙ্কিনসেন্স অর্থাৎ ধূপের রেজিন। শারজাহ শহরের বাইত এলওয়ালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শেখা বদর জানান, এই সংগ্রহ শুধু সুগন্ধি পণ্য নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা আরব ঐতিহ্য, স্মৃতি ও কারুশিল্প সংরক্ষণের একটি সচেষ্ট প্রয়াস।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
