skip to Main Content

মনোজাল I আশ্বাস আখ্যান

জলেও চলে। হোক সে বৃষ্টি কিংবা অশ্রু, সাজ টিকে থাকে। দুনিয়াজুড়ে চাহিদা। ভরসা নিয়ে আছে মতপার্থক্য। তবু সেই থেকে এই, এখনো হিট

একসময় বৃষ্টি ছিল মেকআপের সবচেয়ে বড় শত্রু। একটু ঘাম, সামান্য আর্দ্রতা কিংবা হঠাৎ চোখে জল; মুহূর্তে নষ্ট করে দিত সাজ। কাজল ছড়িয়ে যেত, মাসকারা গলে পড়ত, ফাউন্ডেশন প্যাচি হয়ে উঠত। কিন্তু আধুনিক কসমেটিকস ইন্ডাস্ট্রি সেই সমস্যাকে বদলে দিয়েছে ওয়াটারপ্রুফ বিউটি নামের এক নতুন ধারণায়। স্মাজ-প্রুফ লাইনার, ট্রান্সফার-রেজিস্ট্যান্ট ফাউন্ডেশন, লং-ওয়্যার লিপস্টিক কিংবা হিউমিডিটি-প্রুফ মাসকারায় এখন বাজার ভরা। তবে এই সুবিধার মাঝে তৈরি হয়েছে নতুন মানসিক ও সাংস্কৃতিক প্রশ্ন—ওয়াটারপ্রুফ মেকআপ কি শুধুই সৌন্দর্যের জন্য, নাকি এটি ধীরে ধীরে মানুষের আবেগ ও আত্মবিশ্বাস নিয়ন্ত্রণের এক ইমোশনাল টেকনোলজিতে পরিণত হয়েছে?
বর্তমান সময়ে মেকআপ আর শুধু নিজেকে সুন্দর দেখানোর বিষয় নয়; এটি আত্মবিশ্বাস, সামাজিক উপস্থিতি এবং আত্মনিয়ন্ত্রণের অনুভূতির সঙ্গেও জড়িয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশের মতো গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘ সময় সাজ ঠিক রাখা অনেকের জন্য যুদ্ধ জেতার মতোই কঠিন। অফিস, ট্রাফিক, সামাজিক অনুষ্ঠান, বিয়ে কিংবা বর্ষাকালের আর্দ্রতা—সবকিছুর মাঝেও ফ্রেশ দেখানোর চাপ কাজ করে। ফলে ওয়াটারপ্রুফ মেকআপ শুধু প্রসাধনী নয়; অনেকের কাছে নিরাপত্তাবোধের অংশ। এটি ব্যবহারকারীকে আত্মবিশ্বাস দেয়। তার মনে হয়, ‘আমি রেডি।’ ফলে অনেকে তখন আয়নায় কম তাকান, কম টাচ-আপ সারেন এবং সামাজিক পরিস্থিতিতে বেশি আত্মবিশ্বাসী অনুভব করেন। বিশেষ করে আবেগঘন মুহূর্তে এই প্রবণতা আরও স্পষ্ট হয়। বিয়েতে কনে ওয়াটারপ্রুফ মাসকারা ব্যবহার করেন শুধু চোখের সাজ বাঁচাতে নয়; বরং কান্নার মাঝেও নিজেকে তৈরি রাখার জন্য। মানুষ এখন করপোরেট প্রেজেন্টেশন, স্টেজ পারফরম্যান্স, ভিডিও কনটেন্ট তৈরি কিংবা গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানে এমন মেকআপ বেছে নেয়, যা দীর্ঘ সময় টিকে থাকবে। অর্থাৎ, প্রসাধনী এখানে বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মানসিক প্রস্তুতির অংশ।
এ কারণেই অনেক বিউটি বিশ্লেষক ওয়াটারপ্রুফ মেকআপকে ইমোশনাল টেকনোলজি বলছেন। কারণ, এটি রাখার পাশাপাশি চেহারা ঠিক আবেগজনিত উদ্বেগও কমায়। সাজ নষ্টের ভয় কমলে মানুষ সামাজিকভাবে আরও স্বস্তি অনুভব করে। তবে এখানেই শুরু দ্বিধার। কারণ, দীর্ঘস্থায়ী সৌন্দর্যের এই সংস্কৃতি ধীরে ধীরে পারফেক্ট থাকার অদৃশ্য চাপের জন্ম দেয়। আধুনিক সমাজে এখন মানুষ শুধু সুন্দর নয়; বরং নিজেকে নিয়ন্ত্রিত, স্থির ও নিখুঁত দেখাতে চায়। কাঁদলেও মেকআপ নষ্ট হবে না, গরমেও ঘাম দেখা যাবে না, ক্লান্ত হলেও মুখ থাকবে ফ্রেশ—সোশ্যাল মিডিয়া এই প্রবণতাকে আরও বাড়িয়ে দিয়েছে। সারা দিন ক্যামেরা-রেডি থাকা, যেকোনো মুহূর্তে ছবি তোলা, ভিডিও করা বা অনলাইনে দৃশ্যমান থাকার সংস্কৃতি মানুষকে লং-লাস্টিং সৌন্দর্যের দিকে ঠেলে দিচ্ছে। ফলে ওয়াটারপ্রুফ মেকআপ শুধুই বৃষ্টি নয়; সময়, চাপ এবং সামাজিক নজরদারির বিরুদ্ধেও ব্যবহৃত হচ্ছে।
কিন্তু এর বিপরীত দিকও রয়েছে। অনেকে মনে করেন, অতিরিক্ত লং-ওয়্যার বা ওয়াটারপ্রুফ পণ্য ত্বকে ভারী লেয়ার তৈরি করে। এগুলো তুলতে বেশি কষ্ট হয়; কখনো কখনো ত্বকে জ্বালা, শুষ্কতা বা ব্রণও তৈরি করতে পারে। আবার কিছু ব্যবহারকারীর মতে, অতিরিক্ত ফিক্সড মেকআপে মুখের স্বাভাবিক কোমলতা হারিয়ে যায়। এ কারণে সম্প্রতি বিউটি ইন্ডাস্ট্রিতে আরেকটি বিপরীত ধারা তৈরি হয়েছে—সফট বিউটি বা রিয়েল স্কিন ট্রেন্ড। যেখানে মানুষ এমন মেকআপ চাইছে, যা নিখুঁত নয়; তবে স্বাভাবিক। একটু গ্লো থাকবে, একটু টেক্সচার দেখা যাবে, হয়তো কিছুটা ফেডও হবে; তবু সেটি দেখাবে প্রাকৃতিক। কারণ শেষ পর্যন্ত, ওয়াটারপ্রুফ বিউটি শুধু প্রসাধনী নয়; আধুনিক মানুষের আত্মবিশ্বাস, সামাজিক চাপ এবং আবেগ নিয়ন্ত্রণের তরিকাও।

 বিউটি ডেস্ক
মডেল: সানজানা
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top