ফিচার I রেইন রায়ট
ষড়ঋতুর তালগোল! এই বৃষ্টি, এই রোদ। মৌসুমি হাওয়ার পরিবর্তন মানে যে সাদামাটাই সই, তা কিন্তু নয়
ভেজা ভেজা মৌসুম, চারদিকে কাদাপানি, বৃষ্টির গন্ধ। পরিবেশে যদি থেকেও থাকে কান্না কান্না ভাব, ফ্যাশনে কিন্তু আনন্দ অনুভূতি ফুটিয়ে তুলতে ক্ষতি নেই। ২০২৬ সালে এসেও যদি বৃষ্টি মানে হয় স্টাইলিংয়ে সমঝোতা, তবে তা দুঃখের বিষয়। বর্ষার মৌসুমে প্রয়োজন একটু বাড়তি যত্ন, তা হোক কাপড় কিংবা অ্যাকসেসরিজের।
একসময় বর্ষাকাল মানেই ছিল বাস্তবতার কাছে আত্মসমর্পণ। ফ্যাশন হয়ে উঠত শুধুই প্রয়োজনের বিষয়—কোন পোশাক দ্রুত শুকাবে, কোন জুতা কাদায় নষ্ট হবে না, কোন ব্যাগে পানি ঢুকবে না। রং-নকশা সরে যেত উজ্জ্বলতা থেকে; কাপড় হারাত নাটকীয়তা। কিন্তু সম্প্রতি বর্ষাকে ঘিরে ফ্যাশনের ভাষা বদলেছে। এখন বৃষ্টি আর শুধু আবহাওয়ার বিষয় নয়; এটি একধরনের মুড ও নান্দনিকতাও। সেই নান্দনিকতার নতুন নাম মনসুন ম্যাক্সিমালিজম।
ফ্যাশন রেভল্যুশন বলে, আবহাওয়া যা-ই হোক, অ্যাসথেটিকে কম্প্রোমাইজ করা আবশ্যক নয়। এখানেই আসে ফাংশনাল ফ্যাশনের কথা। একই কাপড়ের ভিন্ন ব্যবহার। শুধু গরম উপযোগী কিংবা বৃষ্টি বলেই জর্জেট—এমন নয়; বরং পোশাকের ফ্যাব্রিক হওয়া চাই সব মৌসুমে সহজে মানানসই কিছু।
ম্যাক্সিমালিজম মূলত ‘মোর ইজ মোর’ দর্শনে বিশ্বাসী। যেখানে মিনিমাল ফ্যাশনের নীরবতা ও মানিয়ে নেওয়ার বিপরীতে জায়গা নেয় কালার, টেক্সচার, প্রিন্ট, লেয়ার ও ড্রামা। মনসুন ম্যাক্সিমালিজম সেই ধারণাকেই বর্ষার আবেগের সঙ্গে মিশিয়ে দেয়। এখানে বৃষ্টি কোনো বাধা নয়; বরং স্টাইলের অনুপ্রেরণা।
বর্ষার সঙ্গে মানুষের আবেগের সম্পর্ক বহু পুরোনো। দক্ষিণ এশিয়ার সাহিত্য, সিনেমা, গান কিংবা চিত্রকলায় বৃষ্টি বারবার ফিরে এসেছে প্রেম, স্মৃতিকাতরতা, অপেক্ষা ও আত্ম-অন্বেষণের প্রতীক হয়ে। বর্তমান ফ্যাশন সেই আবেগকে নতুনভাবে পাঠ করছে। তাই এখন বর্ষার পোশাকে শুধু ব্যবহারিক সুবিধা নয়; থাকে গল্প বলার প্রবণতাও।
মনসুন ম্যাক্সিমালিজমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য রঙের ব্যবহার। বর্ষার আকাশ ধূসর হলেও ফ্যাশন কিন্তু এখানে নিস্তেজ নয়; বরং গাঢ় সবুজ, ভেজা মাটির বাদামি, স্টর্ম ব্লু, কয়লার মতো কালো কিংবা হঠাৎ উজ্জ্বল হলুদ—সব মিলিয়ে তৈরি হয় নাটকীয় রঙের প্যালেট। যেন ভেজা শহরের মধ্যে আচমকা চোখে পড়ে যাওয়া কোনো রঙিন ছাতা!
টেক্সচারও এই ট্রেন্ডের গুরুত্বপূর্ণ অংশ। বর্ষার ফ্যাশনে এখন দেখা যাচ্ছে চকচকে সারফেস, ট্রান্সপারেন্ট লেয়ার, ক্রিংকলড ফ্যাব্রিক কিংবা হালকা ওয়াটার-রেজিস্ট্যান্ট কাপড়। অরগ্যাঞ্জা, শিফন, নাইলন ব্লেন্ড বা ভিনাইলের মতো উপাদান বৃষ্টির আলোয় ভিন্ন ভিজ্যুয়াল তৈরি করে। পোশাক যেন শরীরের গণ্ডি পেরিয়ে আবহাওয়ার সঙ্গে প্রতিক্রিয়া গড়ে তোলে।
তবে মনসুন ম্যাক্সিমালিজম মানেই এলোমেলো বা অতিরিক্ত কিছু নয়। এর মূল শক্তি কিউরেটেড ড্রামা। যেমন একটি সাধারণ কালো কো-অর্ড সেটের সঙ্গে ট্রান্সপারেন্ট রেইনকোট, অথবা সাদামাটা কুর্তার সঙ্গে বড় মেটালিক কানের দুল ও উজ্জ্বল ব্যাগ। পুরো লুকের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে একটি স্টেটমেন্ট উপাদান।
এই ট্রেন্ডে অ্যাকসেসরিও গুরুত্বপূর্ণ। বড় আকারের টোট ব্যাগ, চকচকে বুট, ওয়াটারপ্রুফ মেকআপ, এমনকি রঙিন ছাতাও হয়ে উঠছে ফ্যাশনের অংশ। অনেকে এখন ছাতাকে শুধু প্রয়োজনীয় বস্তু হিসেবে নয়; বরং পুরো লুকের ফাইনাল স্টাইল স্ট্রোক হিসেবে ব্যবহার করেন।
বিশ্ব ফ্যাশনেও বর্ষা-অনুপ্রাণিত এই নাটকীয়তা নতুন নয়। বহু ডিজাইনার আবহাওয়াকে পোশাকের ভাষায় রূপ দিয়েছেন; বিশেষ করে টেকনিক্যাল শিক এবং কোয়াইট আউটডোর নান্দনিকতার উত্থানের পর কার্যকরী পোশাক পরিণত হয়েছে স্টাইলের অংশে। ফলে রেইন-ফ্রেন্ডলি জ্যাকেট, ইউটিলিটি ব্যাগ কিংবা দ্রুত শুকিয়ে যায়—এমন কাপড় এখন চর্চার কেন্দ্রে।
ঢাকার মতো শহরে, যেখানে বর্ষা একই সঙ্গে রোমান্টিক ও বিশৃঙ্খল, সেখানে মনসুন ম্যাক্সিমালিজমের আবেদন আরও আলাদা। কারণ, এই শহরে মানুষ বৃষ্টির সঙ্গে প্রতিদিন লড়ে, আবার বৃষ্টিকে ভালোবাসেও। তাই স্টাইলেও সেই দ্বৈততা দেখা যায়—একদিকে বাস্তবতা, অন্যদিকে আবেগ। তবে এই ট্রেন্ড অনুসরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য। পুরো লুককে ভারী করে না ফেলে, একটি বা দুটি স্টেটমেন্ট পিস বেছে নেওয়া যেতে পারে। কারণ, বাস্তবসম্মত পোশাক পরিকল্পনাতেই মনসুন ম্যাক্সিমালিজমের সৌন্দর্য।
এই ট্রেন্ড আমাদের মনে করিয়ে দেয়, বর্ষা শুধু কাদা, জলাবদ্ধতা বা ভেজা কাপড়ের গল্প নয়; বরং এটি এমন একটি ঋতু, যেখানে মানুষ নিজের আবেগ, রং ও স্টাইলকে আরও গভীরভাবে অনুভব করতে চায়।
বিদিশা শরাফ
মডেল: সাবরিন
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: রিফাত রহমান
ছবি: জিয়া উদ্দীন
