skip to Main Content

লেবেল অ্যালার্ট I গেট দ্য জুস

শুরুর ভাবনায় ছিল এমন একটি ব্র্যান্ড তৈরির ইচ্ছা, যেখানে মানুষ নিত্যদিন আভিজাত্য উপভোগের সুযোগ পাবে। বিশেষ দিনের জন্য অপেক্ষা করতে হবে না তাদের। প্রয়োজন পড়বে না কষ্টসাধ্য বাজেটও।
সূচনায় ছিল স্টার্লিং সিলভার জুয়েলারি। সময়ের সঙ্গে সঙ্গে পরিধি বেড়েছে। যুক্ত হয়েছে প্রিমিয়াম লেদারগুডস এবং সমসাময়িক পোশাক। এখন ‘গেট দ্য জুস’ নিজেকে শুধু জুয়েলারি লেবেল নয়; বরং লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবেও প্রতিষ্ঠা করতে চায়। এর মূল দর্শন সচেতন কারিগরি দক্ষতা এবং ব্যক্তিগত অভিব্যক্তি ঘিরে আবর্তিত। লেবেলটির বিশ্বাস, মানুষ প্রতিদিন যে জিনিসগুলো ব্যবহার করে, হোক তা আংটি, ওয়ালেট কিংবা পোশাক—সেগুলোর পেছনে থাকা চাই উদ্দেশ্য, যত্ন ও মানের প্রতি দায়বদ্ধতা। তাই তাদের লক্ষ্য এমন সব পণ্য তৈরি করা, যা ক্ষণস্থায়ী ট্রেন্ডের ওপর নির্ভরশীল নয়; বরং সময়ের সঙ্গে আরও অর্থবহ হয়ে উঠতে সক্ষম।
গেট দ্য জুসের প্রতিটি ডিজাইনে গুরুত্ব পায় সরলতা, কার্যকারিতা এবং দীর্ঘস্থায়ী নান্দনিকতা। ক্রেতাকে আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা ব্র্যান্ডটির সব সময়ের। তাই ডেইলি ওয়্যারে মনোযোগ শতভাগ। যেন নকশা এমন হয়, যা স্বস্তির সঙ্গে বারবার ব্যবহার উপযোগী।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, একটি ব্র্যান্ডের সাফল্য শুধু বিক্রির সংখ্যায় মাপা যায় না, অনেক সময় একজন গ্রাহক কোনো পণ্য ব্যবহার করে যে অনুভূতি পান, সেটিই হয়ে ওঠে সবচেয়ে বড় অর্জন। এই লেবেলের পরিচয়ের কেন্দ্রে রয়েছে স্টার্লিং সিলভার জুয়েলারি। তাই এখনো এটি গুরুত্বপূর্ণ বিভাগ। তবে এখানেই থেমে থাকেনি। জাপানি লেদারওয়ার্কিং স্ট্যান্ডার্ড অনুসরণ করে তৈরি প্রিমিয়াম লেদারগুডস এবং আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাকও ধীরে ধীরে ব্র্যান্ডটির পরিচয়ের অংশ হয়ে উঠেছে।
জুয়েলারি, লেদারগুডস এবং অ্যাপারেল—এই তিন বিভাগে প্রতিফলিত হয় মান, কার্যকারিতা এবং দীর্ঘস্থায়ী নকশার প্রতি প্রতিশ্রুতি। লেবেলটির নকশা-দর্শন গড়ে উঠেছে সমসাময়িক বৈশ্বিক ফ্যাশন, মিনিমালিস্ট ডিজাইন, জাপানি কারিগরি দক্ষতা এবং ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়ে। বর্তমান সময়ের তরুণ ক্রেতারা এমন ডিজাইনের প্রতি আকৃষ্ট, যা মৌসুমি ট্রেন্ডের বাইরে গিয়ে দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে। পরিষ্কার রেখা, সূক্ষ্ম ডিটেইল এবং পরিমিত সৌন্দর্য তাই ব্র্যান্ডটির অন্যতম বৈশিষ্ট্য। সাম্প্রতিক বছরগুলোতে ফ্যাশন শিল্পে টেকসইতা ও সচেতন ভোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে। গেট দ্য জুস-সংশ্লিষ্টরা মনে করেন, টেকসইয়ের শুরু হয় দীর্ঘস্থায়িত্ব থেকে। তাদের দৃষ্টিতে, ভালো মানের একটি পণ্য বহু বছর ব্যবহার করা একাধিক নিম্নমানের পণ্য কেনার চেয়ে বেশি দায়িত্বশীল সিদ্ধান্ত। তাই তারা এমন পণ্য তৈরিতে গুরুত্ব দেন, যা সহজে নষ্ট কিংবা সময়ের সঙ্গে প্রাসঙ্গিকতা হারায় না।
শুধু পণ্য বিক্রি নয়; বরং দেশের আধুনিক কারিগরি দক্ষতাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে চায় গেট দ্য জুস। কারণ, তাদের বিশ্বাস, ভবিষ্যতের ফ্যাশন হবে আরও সচেতন ও মাননির্ভর।

 ফ্যাশন ডেস্ক
ছবি: গেট দ্য জুসের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top