skip to Main Content

ফিচার I ক্যাপ্রি ব্লুম

ফ্যাশনবোদ্ধাদের কাছে বর্ষা মানেই নতুনত্ব আর স্নিগ্ধতার ক্যানভাস। বৃষ্টির পর ধুয়ে যাওয়া আকাশ আর সতেজ সবুজ প্রকৃতির সঙ্গে যে রং সবচেয়ে সুন্দর ভারসাম্য তৈরি করে, সেটি ক্যাপ্রি ব্লু। ভিন্ন সেই নীলের খোঁজে রাফেজা বিনতে ঋতু

ক্যাপ্রি ব্লু। সিজনাল কালার ট্রেন্ডে নতুন অধ্যায়ের সূচনাকারী। একে ইট কালার বলা যেতে পারে। নীল রঙের এই সতেজ আভা মূলত সেরিলিয়ান থেকে শুরু করে টার্কোয়েজ বা কোবাল্ট ব্লু পর্যন্ত বিস্তৃত; যার মাঝে মিশে আছে ইতিবাচকতা, আনন্দ আর প্রশান্তির আমেজ। বর্ষার কাদা-জল আর গুমোট গরমে ক্যাপ্রি ব্লু শুধু চোখের আরাম দেয় না; এই ঋতুর ভিজ্যুয়াল হারমোনির সঙ্গেও মানিয়ে যায়।
দ্য ব্লু এলিগ্যান্স
ফ্যাশনে ক্যাপ্রি ব্লু কোনো সাময়িক হুজুগ নয়; এর নেপথ্যে রয়েছে সমৃদ্ধ ইতিহাস। এই রঙের নামকরণ এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তার মূলে ইতালির নেপলস উপসাগরে অবস্থিত নয়নাভিরাম দ্বীপ ‘ক্যাপ্রি’। ক্যাপ্রি ব্লুর মূল অনুপ্রেরণা এই দ্বীপের বিখ্যাত ‘ব্লু গ্রোটো’ বা নীল গুহা। সরু প্রবেশপথ দিয়ে যখন সূর্যের আলো ভেতরে প্রবেশ করে এবং স্বচ্ছ সমুদ্রের জলের ওপর প্রতিফলিত হয়, তখন পুরো গুহা এক মায়াবী, বৈদ্যুতিক নীল আভায় উজ্জ্বল হয়ে ওঠে। রোমান সম্রাট তিবেরিউসের আমল থেকে গুহাটি আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত। প্রকৃতির এই অনন্য আভা থেকে ফ্যাশন ও শিল্পকলায় ‘ক্যাপ্রি ব্লু’ রঙের ধারণার আবির্ভাব।
বিশ শতকের মাঝামাঝি সময়ে, বিশেষ করে পঞ্চাশ ও ষাটের দশকে ক্যাপ্রি দ্বীপটি হলিউড তারকাদের প্রিয় অবকাশ যাপন কেন্দ্রে পরিণত হয়। অড্রে হেপবার্ন, গ্রেস কেলি এবং জ্যাকুলিন কেনেডির মতো ফ্যাশন আইকনরা যখন দ্বীপটিতে সময় কাটাতেন, তাদের পোশাকে এই নীল রঙের ছোঁয়া ফুটে উঠত। সেই সময় থেকে ক্যাপ্রি ব্লু মানেই বিলাসিতা এবং ভূমধ্যসাগরীয় এক আভিজাত্যপূর্ণ জীবনশৈলী।
ফ্যাশন ডিজাইনারদের কাছে ক্যাপ্রি ব্লু সব সময় বিশেষ জায়গা দখল করে আছে। এমিলিও পুচির মতো ডিজাইনাররা তাদের সিগনেচার প্রিন্টে রংটির বহুল ব্যবহার করেছেন। গত কয়েক দশকে জর্জিও আরমানি থেকে শুরু করে কার্ল লেগারফেল্ড—প্রত্যেকেরই রানওয়েতে ক্যাপ্রি ব্লুর উদ্ভাস দেখা গেছে। গ্রীষ্মের কড়া রোদ পেরিয়ে বর্ষার আর্দ্র দিনগুলোতে রংটি মনে করায় নীল জলরাশির কথা, যা মানসিকভাবে প্রশান্তি দেয়।
ব্যাকিং ইন ব্লু
টোরি বার্চ, লোয়েভে, ভিক্টোরিয়া বেকহামের মতো ব্র্যান্ডগুলোর ২০২৬ সালের স্প্রিং-সামার কালেকশনে নীল রঙের জয়জয়কার দেখা গেছে। ভিক্টোরিয়া বেকহামের র‌্যাম্প তো ছিল নীলে টইটম্বুর। অন্যদিকে, লোয়েভের হয়ে নিজেদের প্রথম কালেকশনে ক্রিয়েটিভ ডিরেক্টর জ্যাক ম্যাককালো এবং লাজারো হার্নান্দেজ বেশ কিছু পোশাকে গাঢ় কোবাল্ট ব্লু ব্যবহার করেছেন। একইভাবে জার্মান মিনিমালিস্ট ফ্যাশন ডিজাইনার জিল স্যান্ডারের হয়ে নিজের প্রথম প্রদর্শনীতে ব্র্যাণ্ডটির ক্রিয়েটিভ ডিরেক্টর বেলোতি এই রঙের বৈচিত্র্য তুলে ধরেন। রংটি শুধু ফ্যাশন শোর পোশাকেই সীমাবদ্ধ ছিল না, বরং ব্র্যান্ডগুলোর নতুন প্রচারণার কেন্দ্রেও জায়গা করে নিয়েছে। আর ‘ফিফটি শেডস অব ব্লু’র মধ্যে ক্যাপ্রি ব্লু যেন ফ্যাশনের কালার প্যালেটে অন্য মাত্রা এনেছে। বর্তমান ফ্যাশন ক্যালেন্ডারে প্রত্যাবর্তন ঘটেছে এর। আধুনিক ডিজাইনাররা রংটিকে অপটিমিস্টিক ব্লু হিসেবে দেখছেন। লোরো পিয়ানার মতো ব্র্যান্ডগুলো তাদের কালেকশনে এই রং রাখছে, যা একই সঙ্গে পুরোনো আভিজাত্য এবং আধুনিক স্মার্টনেস ধারণ করে।
মাইন্ড ম্যাপ
বর্ষার আর্দ্র আবহাওয়ায় আমরা প্রায়ই একধরনের মনসুন ব্লুজ বা বিষণ্নতায় ভুগি। রঙের মনোবিজ্ঞান অনুযায়ী, ক্যাপ্রি ব্লু শান্তি, স্বচ্ছতা ও সৃজনশীলতার প্রতীক। এই রং হতে পারে বিষণ্নতা কাটানোর অব্যর্থ ওষুধ; যা মস্তিষ্কে ডোপামিন বা ভালো লাগার হরমোন নিঃসরণ করতে সক্ষম। চলতি ঋতুতে রংটি বেশ টেকসইও। হালকা রঙের পোশাক এই কাদা-জলের দিনে বেশ ঝুঁকিপূর্ণ, আবার কালো বা গাঢ় ধূসর রং আবহাওয়াকে আরও গুমোট করে তোলে। ক্যাপ্রি ব্লু এমন এক শেড, যা সাদার চেয়ে নিরাপদ, আবার কালোর চেয়ে অনেক প্রাণবন্ত। বৃষ্টির ছিটেফোঁটা বা আর্দ্রতার ছোপ এই রঙে খুব একটা প্রকট হয় না, যা শহুরে কর্মব্যস্ত মানুষের জন্য বড় স্বস্তি। এ ছাড়া রংটি রোদ ও বৃষ্টিতে সমানভাবে উজ্জ্বল দেখায়।
ফ্যাব্রিক ও ফাংশনালিটি
বর্ষার ফ্যাশনে রঙের পাশাপাশি ফ্যাব্রিক নির্বাচন গুরুত্বপূর্ণ। ক্যাপ্রি ব্লুর আসল সৌন্দর্য ফুটে ওঠে সঠিক ম্যাটেরিয়ালে। যেমন কটন ব্লেন্ড এই আর্দ্র আবহাওয়ায় ত্বককে শ্বাস নিতে সাহায্য করে। ক্যাপ্রি ব্লু রঙের কটন কুর্তি বা শার্ট দীর্ঘক্ষণ পরে থাকা আরামদায়ক। লিনেনের ওপর এই রঙের টেক্সচার দারুণ খোলে। এটি দ্রুত শুকায় এবং আর্দ্রতায় গায়ের সঙ্গে লেপ্টে থাকে না। হালকা বৃষ্টিতে যদি বাইরে বের হতে হয়, তবে লাইট সিনথেটিক বা সিল্কের মতো ময়শ্চার-উইকিং ফ্যাব্রিক সেরা। এই কাপড়ে ক্যাপ্রি ব্লু আরও বেশি উজ্জ্বল আর গ্লসি দেখায়।
 রানওয়ে টু রিয়েল: ওভারসাইজড ক্যাপ্রি ব্লু কোট বা মনোটোন ড্রেস। সাধারণ জীবনেও স্টাইল করা খুব সহজ।
 এথনিক লুক: হালকা কাজের ক্যাপ্রি ব্লু সালোয়ার-কামিজ বা শাড়ি বর্ষার যেকোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট। এর সঙ্গে সিলভার বা অক্সিডাইজড জুয়েলারি লুকে ভিন্নমাত্রা যোগ করতে সক্ষম। চুলের সাজে সামান্য সজীবতা আনতে নীল অপরাজিতা বা সাদা কোনো ফুল গুঁজে দিতে পারেন।
 ক্যাজুয়াল আউটফিট: ডেনিমের সঙ্গে ক্যাপ্রি ব্লু টপ বা ওভারসাইজড শার্ট এখন ট্রেন্ডি। একটু বোল্ড লুকের ক্ষেত্রে এই রঙের কো-অর্ড সেট বেছে নিতে পারেন।
 অফিস ওয়্যার ও স্মার্ট ফরমাল: যারা অফিসে একটু মার্জিত কিন্তু ফ্যাশনেবল থাকতে চান, তারা ক্যাপ্রি ব্লু ব্লেজার বা ট্রাউজার বেছে নিতে পারেন। এর সঙ্গে অফ হোয়াইট বা বেইজ রঙের ইনার বা শার্ট একটি ব্যালেন্সড লুক তৈরি করতে পারে। পায়ের জুতায় সামান্য নিউট্রাল টোন রাখলে পুরো ফোকাস থাকবে রঙের ওপর।
 ফিউশন এক্সপেরিমেন্ট: পশ্চিমা কাট আর দেশি মোটিফের মিশেলে ক্যাপ্রি ব্লু টিউনিক বা লং কুর্তি এই বর্ষায় দারুণ আরামদায়ক। এর সঙ্গে সাদা বা কনট্রাস্ট টোনের লেগিংস, পালাজ্জো বা স্কার্ট পরলে আরাম পাওয়া যাবে।
 মনোক্রোম্যাটিক ম্যাজিক: মাথা থেকে পা পর্যন্ত একই রঙের বিভিন্ন শেড ব্যবহার করা এখন গ্লোবাল ট্রেন্ড। গাঢ় কোবাল্ট ব্লু প্যান্টের সঙ্গে হালকা ক্যাপ্রি ব্লু শার্ট পরে তৈরি করতে পারেন চমৎকার মনোক্রোম্যাটিক লুক। এতে আপনাকে লম্বায় কিছুটা দীর্ঘকায় দেখাবে এবং লুকে আসবে আভিজাত্য।
কালার কম্বিনেশন গাইড
 সাদা ও অফ হোয়াইট: ক্ল্যাসিক ইতালিয়ান ভাইব। ক্যাপ্রি ব্লু ও সাদার কম্বিনেশন মানেই চোখের শান্তি।
 প্যাস্টেল: প্যাস্টেল টোন খুব হালকা রঙের হলেও ক্যাপ্রি ব্লুর সঙ্গে মিশে একটি বোল্ড লুক তৈরি করতে পারে। এর সঙ্গে বাটার ইয়েলো, লাইট পিংক কম্বিনেশন ট্রাই করতে পারেন।
 বেইজ: অফিস বা ফরমাল লুকের জন্য ক্যাপ্রি ব্লুর সঙ্গে নিউট্রাল টোন চমৎকার মানায়।
 গ্রিন: প্রকৃতির সজীবতা বোঝাতে ক্যাপ্রি ব্লুর সঙ্গে সবুজের যেকোনো শেডের কম্বিনেশন বেশ নতুনত্ব বয়ে আনবে।
অ্যাকসেসরিজ অ্যাসথেটিকস
পোশাকে সরাসরি এই রং ব্যবহার করতে না চাইলে ছোটখাটো অ্যাকসেসরিজের মাধ্যমে আপনার লুকে ক্যাপ্রি ব্লুর সজীবতা নিয়ে আসতে পারেন।
 ফুটওয়্যার ও ব্যাগ: বর্ষায় কাদা-জলের ভয়ে অনেকে দামি চামড়ার জুতো বা ব্যাগ এড়াতে চান। এ ক্ষেত্রে ক্যাপ্রি ব্লু রঙের টোট ব্যাগ বা স্লাইডার দারুণ বিকল্প। বিশেষ করে রেইন-প্রুফ পিভিসি, প্লাস্টিক বা ওয়াটারপ্রুফ ম্যাটেরিয়াল ব্যাগে এই নীল রং বেশ ভাইব্রেন্ট দেখায়। স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগের ভেতর ক্যাপ্রি ব্লু পাউচ ব্যবহার করতে পারেন।
 স্কার্ফ ও হেয়ার ব্যান্ড: সাদা বা বেইজ রঙের সাধারণ কোনো পোশাকের সঙ্গে একটি সলিড ক্যাপ্রি ব্লু স্কার্ফ বা সিল্কের ব্যান্ডানা আপনার পুরো গেটআপ বদলে দিতে পারে। এ ছাড়া চুলের সাজে এগুলো ব্যবহার করলে লুকে সুসজ্জিত ও শৌখিন ভাব আসে।
 জুয়েলারি: ফিরোজা, ল্যাপিস লাজুলি বা ব্লু স্টোনযুক্ত গয়না এই বর্ষায় আপনার সাজে আনতে পারে ভিন্ন আভিজাত্য। বড় ক্যাপ্রি ব্লু স্টেটমেন্ট ইয়াররিংস বা পাথরের আংটি সাদার সঙ্গে পরলে রাজকীয় দেখায়। মিনিমালিস্ট স্টাইল যাদের পছন্দ, তারা এই রঙের ছোট এনামেলের স্টাড বা ব্রেসলেট বেছে নিতে পারেন।
 ছাতা ও রেইনকোট: বর্ষার প্রধান অনুষঙ্গ যখন ফ্যাশন স্টেটমেন্ট, একঘেয়ে কালো ছাতার বদলে ক্যাপ্রি ব্লু রঙের বড় ছাতা বা ট্রান্সপারেন্ট রেইনকোটের ওপর নীল বর্ডার করতে পারেন বাজিমাত। বৃষ্টির দিনে রাস্তার ভিড়েও আপনাকে আলাদা করে চিনিয়ে দেবে এই উজ্জ্বল রং।
 ঘড়ি ও চশমা: হাই-এন্ড ফ্যাশনে এখন রঙিন স্ট্র্যাপের ঘড়ির খুব চল। কাপ্রি ব্লু সিলিকন বা লেদার স্ট্র্যাপের ঘড়ি ক্যাজুয়াল লুকের জন্য আদর্শ। এ ছাড়া নীল রঙের টিন্টেড সানগ্লাস বা রঙিন ফ্রেমের চশমা আপনার বর্ষাকালীন আউটফিটে একটি কুল ও মডার্ন ভাইব যোগ করতে সক্ষম।
বৃষ্টির রিমঝিম শব্দে মন যখন অকারণে ভারাক্রান্ত হয়, তখন ডোপামিন ড্রেসিং হিসেবে ক্যাপ্রি ব্লু হতে পারে স্টাইল মেডিসিন।

মডেল: তাহরিমা, লিয়ানা ও সাবরিন
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: সারাহ্ করিম
ছবি: জিয়া উদ্দীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top