২২ বিস্ময় I গানে-প্রাণে এলিটা
এলিটা করিম। সংগীতশিল্পী, সাংবাদিক ও গবেষক। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানসীকে জানার চেষ্টা ২২টি প্রশ্নে
ক্যানভাস: হ্যালো এলিটা, ক্যানভাসের ২২ প্রশ্নে স্বাগত।
এলিটা করিম: ধন্যবাদ। কিন্তু ২২ প্রশ্নই কেন?
ক্যানভাস: কারণ, ক্যানভাস পদার্পণ করেছে ২২ বছরে।
এলিটা: ওহ্, অভিনন্দন!
১. সময় কেমন যাচ্ছে?
এলিটা: ভালোই, খারাপ না। একটু অস্থির। হা হা হা…!
২: আপনার প্রিয় ঋতু কোনটা?
এলিটা: বসন্ত।
৩. পছন্দের গো টু আউটফিট?
এলিটা: কমফোর্টেবল কিছু; যেমন ব্যাগি জিনস, ব্যাগি শার্ট।
৪. একটামাত্র সৌন্দর্যপণ্য দিয়ে সাজতে বলা হলে কোনটা বেছে নেবেন?
এলিটা: কাজল।
৫. সামনে কার সঙ্গে গান গাওয়ার পরিকল্পনা চলছে?
এলিটা: কনার সঙ্গে।
৬. ‘হৃদয়’ যদি অন্য কারও সঙ্গে গাইতে চান, মাহাদী ছাড়া কে হতে পারে?
এলিটা: এই মুহূর্তে কনার সঙ্গে একটা গান করছি। মে বি অন্য কোনো ফিমেল সিঙ্গার হতে পারে।
৭. কোন গান শুনে মনে হয়েছে, ‘ইশ্, এটা যদি আমি গাইতাম!’
এলিটা: রুনা লায়লার ‘শিল্পী আমি শিল্পী’। ছোটবেলায় বিটিভিতে দেখতাম। তিনি যদি পারমিশন দেন, তাহলে এই গান আমি আমার মতো গাইতে চাই।
৮. যখন হামফ্রে ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছিলেন, কেমন লেগেছিল?
এলিটা: অনেক ভালো লেগেছিল, সঙ্গে অনেক অ্যাংজাইটিও হয়েছিল। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ায় পুরো এক বছর সেখানে থেকেছি। সময়টা অস্থির ছিল। নিজেও কিছুটা উদ্বিগ্ন ছিলাম। কিন্তু ভালো লেগেছিল।
৯. পিএইচডির চাপ কেমন?
এলিটা: অনেক। যতটুকু বুঝতে পারছি, চাপ আরও বাড়বে।
১০. যদি টাইম ট্রাভেল করে পড়ালেখার বিষয় বাছাইয়ের সুযোগ পান, কোনটা নেবেন?
এলিটা: মনে হয়, মিউজিক নিয়ে পড়াশোনা করতাম।
১১. দাদুবাড়ি, নাকি নানুবাড়ি?
এলিটা: আমার দাদুবাড়ি আর নানুবাড়ি—দুটোই উত্তর মাদার্শা হাটহাজারী, চট্টগ্রাম। অফ কোর্স, দুটো ভিন্ন বাড়ি। দুটোই ভালো লাগে।
১২. একটা খাবার যদি প্রতিদিন খেতে বলা হয়, কোনটা বেছে নেবেন?
এলিটা: উফ্, এই খাবার যদি প্রতিদিন খাই, তাহলে আমি মারাই যাব! ইলিশ, ইলিশের ডিম, আলুভর্তা আর ভাত।
১৩. ছোটবেলার কোন জিনিস এখনো আছে?
এলিটা: আমার মেজাজ।
১৪. ছোট্ট এলিটা এখনকার এলিটার কোন পরিচয়ে বেশি মুগ্ধ হতো?
এলিটা: ছোট এলিটার স্টেজ ফ্রাইট ছিল। বড় এলিটা এই যে অনেক মানুষের সামনে গান গাইছে, কথা বলছে, ছোট্ট এলিটা এটা যদি দেখত, তাহলে প্রাউড হতো।
১৫. লাস্ট কী নিয়ে গুগল করেছেন?
এলিটা: এখানে আসতে আসতেই করছিলাম! ‘দি ওডিসি’ সিনেমা মুক্তি পেয়েছে। এটা দেখার জন্য নাকি আইম্যাক্স থিয়েটারই পারফেক্ট। আমি গুগল করছিলাম, পৃথিবীর কয়টা থিয়েটারে এই সিনেমা প্রোপারলি দেখা যাবে। যদিও সার্চ শেষ হয়নি; এখনো মনে হয়, এর উত্তর হলো ৪১টা। বাট আই মাইট বি রং।
১৬. চাঁদে কে প্রথম পা রেখেছেন?
এলিটা: নীল আমস্ট্রং। বাট এখানে নাকি আরও অনেক ধরনের ডিবেট আছে। কী ডিবেট, সেটা জানি না।
১৭. এমন কী আছে, যা শিখতে চান সময় পেলে?
এলিটা: কোডিং শিখতে চাই। এটা খুব দরকার। আরেকটা হচ্ছে ভায়োলিন।
১৮. যে শহর সবচেয়ে বেশি আপন লাগে?
এলিটা: ঢাকা। অলওয়েজ।
১৯. এমন কোনো বই কিংবা সিনেমা; যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে?
এলিটা: না! তবে ছোটবেলায় ‘টুনটুনির গল্প’ নামের একটা বই পড়তাম। এই গল্পগুলো পড়ে খুব খুশি হতাম। মনে হতো, আমিও বড় হয়ে টুনটুনি হবো। ওকে কেউ কিছু বলত না, কোনো প্রশ্ন করত না। সেই গল্পগুলো এখনো মনে আছে।
২০. রোড ট্রিপ নাকি ক্রুজ ট্রিপ?
এলিটা: রোড ট্রিপ। অ্যানি টাইম!
২১. এই মুহূর্তে ম্যাজিক ডোর পেলে কোথায় যেতে চান?
এলিটা: বাসায় যেতে চাই। বাসায় গিয়ে ঘুমাতে চাই কোনো ইন্টার্যাপশন ছাড়া।
২২. আপনি বহুমাত্রিক পেশায় জড়িয়ে। কিন্তু এসব পরিচয়ের বাইরেও অন্য কিছু হতে চেয়েছেন?
এলিটা: যখন ছোট ছিলাম, পুলিশ অফিসার হতে চাইতাম। এর গল্পটা ছোট্ট করে বলি। ছোটবেলায় আমি কিছু শো দেখতাম। ‘সিক্স মিলিয়ন ডলার ম্যান’ আর ‘দ্য বায়োনিক উওম্যান’। শোগুলোতে কেন্দ্রীয় চরিত্ররা তাদের পাওয়ার দিয়ে এমন অদ্ভুত সব কাজ করত, যেগুলো সাধারণ মানুষ পারত না। ওই পাওয়ার তো আমার নেই, এ জন্য ভেবেছিলাম, পুলিশ হবো। তাহলে পুলিশের মতো করে এদিক-ওদিক লাফালাফি করতে পারব! যদিও পরে সেই স্বপ্ন ভেঙে গেল। ছোট চাচা আমাকে একবার বললেন, ‘তুমি যদি পুলিশ অফিসার হতে চাও, তবে তোমাকে সারা দিন পাহারা দিতে হবে। বাড়ি পাহারা, মানুষ পাহারা, মানুষের গাড়ি পাহারা।’ তখনই স্বপ্নটা ভেঙে গেছে।
লাইফস্টাইল ডেস্ক
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
