skip to Main Content

ফিচার I মিশেলিন ম্যাটার্স

রন্ধনশিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি হলো মিশেলিন স্টার, যা পেতে মরিয়া বিশ্বের উল্লেখযোগ্য শেফরা। কোনো রেস্তোরাঁর দরজায় এই চিহ্ন যুক্ত হওয়া মানেই রাতারাতি ভাগ্যবদল

মিশেলিন স্টারের জন্ম কোনো খাবারের রেসিপি থেকে নয়; বরং টায়ার বিক্রির উদ্দেশ্যে! গল্পের শুরু ফ্রান্সের ছোট শহর ক্লেরমোঁ-ফেরাঁতে। ১৯০০ সালে টায়ার ব্যবসা শুরু করেন মিশেলিন ভ্রাতৃদ্বয় আন্দ্রে ও অ্যাডওয়ার্ড। তখন পুরো ফ্রান্সে গাড়ির সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। দূরপাল্লার ভ্রমণ ছিল বেশ ঝক্কির। মিশেলিন ভাইয়েরা এক দূরদর্শী ব্যবসায়িক ভাবনা নিয়ে এলেন। তারা বুঝতে পারলেন, মানুষ যদি বেশি ভ্রমণ করে, তাহলে গাড়ির ব্যবহার বাড়বে এবং স্বাভাবিকভাবে টায়ারের চাহিদাও হবে বাড়বাড়ন্ত। এই ধারণা থেকে জন্ম নেয় মিশেলিন গাইড। প্রথম সংস্করণে এটি ছিল মোটরযাত্রীদের জন্য একটি ভ্রমণ সহচর। তাতে ছিল রাস্তার মানচিত্র, গাড়ি মেরামতের নির্দেশনা, জ্বালানি স্টেশন, হোটেল এবং পথের ধারের রেস্তোরাঁর তালিকা। প্রথম দিকে গাইডটি বিনা মূল্যে বিতরণ করা হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গাইডের সবচেয়ে জনপ্রিয় অংশ হয়ে ওঠে রেস্তোরাঁ বিভাগ। মানুষ শুধু পথ চলতে নয়; বরং ভালো খাবারের সন্ধানে এই গাইড ব্যবহার শুরু করে। সেখান থেকে রন্ধন ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূত্রপাত।
বিনা মূল্যের দাম
১৯২০ সালের একটি ঘটনা মিশেলিন গাইডের মোড় ঘুরিয়ে দেয়। আন্দ্রে মিশেলিন একবার একটি টায়ারের দোকান পরিদর্শনে গিয়ে দেখেন, তাদের সাধের মিশেলিন গাইড একটি ওয়ার্কবেঞ্চের পায়া সমান রাখার কাজে ব্যবহৃত হচ্ছে! তখনই তিনি বুঝতে পারেন, মানুষ বিনা মূল্যের জিনিসকে যথেষ্ট গুরুত্ব দেয় না। সাধারণত সেই জিনিসকে সম্মান করে, যার জন্য তাকে অর্থমূল্য দিতে হয়। এরপরই মিশেলিন গাইড বিনা মূল্যে দেওয়া বন্ধ করে বিক্রি শুরু হয়। একই সঙ্গে গাইড থেকে সব ধরনের বিজ্ঞাপন বাদ দেওয়া এবং হোটেলের তালিকা আরও সমৃদ্ধ করার পাশাপাশি রেস্তোরাঁ মূল্যায়নের জন্য সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে নিয়োগ দেওয়া হয় একদল গোপন পরিদর্শককে। ১৯২৬ সালে প্যারিসের রেস্তোরাঁগুলোকে প্রথমবারের মতো একটি করে স্টার দেওয়া শুরু হয়; তবে তা ছিল শুধুই উচ্চমানের খাবার পরিবেশনের স্বীকৃতি। ১৯৩১ সালে চালু হয় তিন স্তরের স্টার সিস্টেম, সেটি এখনো চলমান।
 ওয়ান স্টার: অত্যন্ত ভালো মানের রেস্তোরাঁ, যেখানে গেলে চমৎকার খাবার পাবেন;
 টু স্টার: এতটাই চমৎকার স্বাদ ও আয়োজন, মূল পথ বদলে কিছুটা ঘুরে হলেও সেখানে খেতে যাওয়া উচিত;
 থ্রি স্টার: অসাধারণ ও অনন্য রন্ধনশৈলী; যার অভিজ্ঞতা নেওয়ার জন্য আলাদাভাবে সেই দেশ বা শহরে ভ্রমণ করাও সার্থক।
বিশ্বের রন্ধনশিল্পে তিন তারকা পাওয়া মানে প্রায় সর্বোচ্চ সম্মান অর্জন, যা কোনো শেফের ক্যারিয়ারে অস্কার জয়ের সমতুল্য।
মিশেলিন গাইডের সবচেয়ে বড় রহস্য ও শক্তি এর পরিদর্শকেরা। তাদের পরিচয় কঠোরভাবে গোপন রাখা হয়। সাধারণত আতিথেয়তা ও রন্ধনশিল্প খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরাই এই দায়িত্ব পান। অনেকের কালিনারি ডিগ্রি থাকে, কেউ আবার প্রশিক্ষিত ওয়াইন বিশেষজ্ঞ। একজন ইন্সপেক্টর বছরে শত শত রেস্তোরাঁ পরিদর্শন করেন। তারা সাধারণ গ্রাহকের মতো খাবার অর্ডার করে মন দিয়ে প্রতিটি পদের স্বাদ নেন এবং বিল পরিশোধ করে চলে আসেন। কোনো রেস্তোরাঁকে স্টার দেওয়ার আগে একাধিক ইন্সপেক্টর ভিন্ন ভিন্ন সময়ে সেখানে যান এবং মূল্যায়ন করেন, যাতে স্বাদের ধারাবাহিকতা নিশ্চিত হওয়া যায়।
অনেকে মনে করেন, মিশেলিন স্টার পেতে হলে রেস্তোরাঁয় বিলাসবহুল সাজসজ্জা, রুপার তৈজসপত্র বা বিশাল ডাইনিং স্পেস থাকা প্রয়োজন। বাস্তবে মিশেলিনের মূল ফোকাস শুধুই খাবারের স্বাদের ওপর। ইন্সপেক্টররা মূলত পাঁচটি বিষয় বিবেচনা করেন—
 উপকরণের গুণগত মান;
 রান্নার নিখুঁত দক্ষতা ও কৌশল;
 স্বাদের চমৎকার ভারসাম্য;
 খাবারের মাধ্যমে শেফের সৃজনশীলতা ও ব্যক্তিত্বের প্রকাশ;
 ধারাবাহিকতা।
বিব গরমান্ড ও গ্রিন স্টার
মিশেলিন স্টার প্রাপ্ত মানেই কিন্তু পকেট ফাঁকা করে দেওয়া বিলাসবহুল রেস্তোরাঁ নয়। ১৯৫৫ সালে প্রতিষ্ঠানটি চালু করে বিব গরমান্ড ট্যাগ। এই স্বীকৃতি দেওয়া হয় এমন সব রেস্তোরাঁকে, যেগুলো তুলনামূলক কম খরচে অত্যন্ত মানসম্পন্ন ও সুস্বাদু খাবার পরিবেশন করে। এর মাধ্যমে সাধারণ মানুষের নাগালের ভেতরের ভালো খাবারকেও স্বীকৃতি দিতে শুরু করে। সম্প্রতি এই প্রতিষ্ঠান আরেকটি যুগান্তকারী ও সময়োপযোগী উদ্যোগ চালু করেছে—মিশেলিন গ্রিন স্টার। এই সবুজ তারকা দেওয়া হয় সেই সব রেস্তোরাঁকে, যেগুলো স্থানীয় উপাদান ব্যবহারে পরিবেশবান্ধব উপায়ে খাদ্য উৎপাদন করার পাশাপাশি বর্জ্য কমাতেও ভূমিকা রাখে। টেকসই খাদ্যসংস্কৃতি গড়ে তোলাই এর লক্ষ্য।
অর্থনীতির মোড় ও স্টার হারানো
একটি মিশেলিন স্টার যেকোনো রেস্তোরাঁ বা শেফের ভাগ্য রাতারাতি বদলে দিতে পারে। এই তকমা পাওয়ার পর অনেক রেস্তোরাঁর বুকিং কয়েক মাস আগেই পূর্ণ হয়ে যায়। আন্তর্জাতিক পর্যটকদের আনাগোনা এবং ব্যবসার পরিধি বাড়ে; পুরো এলাকার অর্থনীতিতে পড়ে ইতিবাচক প্রভাব। টোকিও, প্যারিস, নিউইয়র্ক, সিঙ্গাপুর ও ব্যাংককের মতো শহরগুলো আজ যে বৈশ্বিক কালিনারি ডেস্টিনেশন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে, তার পেছনে মিশেলিন গাইডের ভূমিকা অনস্বীকার্য। তবে তারকার আলো চিরকাল সমানভাবে দীপ্তিময় রাখা সহজ নয়। স্টার পাওয়ার চেয়ে তা ধরে রাখা আরও কঠিন। মান সামান্য পড়ে গেলেই হারাতে হতে পারে তারকাচিহ্ন আর এই তীব্র মানসিক চাপ ও শঙ্কার কারণে অনেক শেফ রীতিমতো আতঙ্কে ভোগেন। ইতিহাসে এমনও নজির আছে, যেখানে শেফরা এই চাপ নিতে না পেরে স্টার ফিরিয়ে দিয়েছেন। নিখুঁতের অবিরাম খোঁজ এবং দীর্ঘ কর্মঘণ্টা অনেক সময় শেফদের মারাত্মক মানসিক অবসাদের দিকে ঠেলে দেয়।
সমালোচনা ও শ্রেষ্ঠত্বের প্রতীক
মিশেলিন গাইড ঘিরে বিতর্ক ও সমালোচনাও কম নয়। অনেকে মনে করেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অতিরিক্ত ইউরোপকেন্দ্রিক ছিল এবং পশ্চিমা ফাইন ডাইনিং সংস্কৃতিকে প্রাধান্য দিয়েছে। কেউ কেউ একে কিছুটা অভিজাত-ঘেঁষা বলেও সমালোচনা করেন। তবু মিশেলিন স্টার আজও রন্ধনবিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সম্মানজনক প্রতীক। এক শতাব্দীর বেশি সময় আগে, শুধু টায়ার বিক্রির উদ্দেশ্যে তৈরি একটি ছোট্ট পকেট গাইড আজ বিশ্ব খাদ্যসংস্কৃতির দিকনির্দেশক। চাকার ঘূর্ণন থেকে শুরু হওয়া এই সফর এখন ডাইনিং টেবিলের শ্রেষ্ঠত্বের চূড়ান্ত মানদণ্ড।

 দিলজান নাহার চাঁদনী
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top