সম্পাদকীয়
বাইশে পদার্পণ করল ক্যানভাস। তারুণ্যের শক্তি, পাঠক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সম্ভব হয়েছে এই যাত্রা। স্বদেশ, আধুনিকতা আর নাগরিকদের নিয়ে ভাবার অঙ্গীকারে পথচলা শুরু। সময়ের সামনে থাকার প্রত্যয় ছিল পুরোটাজুড়ে। সেই চেষ্টা এখনো অবিচল।
ক্যানভাসের নতুন বছরে যাত্রা মানেই নতুন নতুন বিভাগের হাজিরা। সেই ধারাবাহিকতায় প্রতিটি সেগমেন্টে যুক্ত হয়েছে কয়েকটি নতুন বিভাগ। এগুলোর মধ্যে ফ্যাশনে ডিজাইনার ডায়েরিতে একজন ডিজাইনারের যাত্রাবৃত্ত জানা যাবে। কনসেপ্টে থাকছে ডিজাইন ডিটেইলিং; একটি পোশাক তৈরির আদ্যোপান্ত। জেন্টলম্যান’সে পুরুষের স্টাইল স্টেটমেন্ট। অন্যদিকে প্রি-লাভড হলো টেকসই ফ্যাশনের লুকবুক। ফ্যাশন বর্জ্য কমিয়ে আনার প্রচেষ্টা। বিশেষ ফিচারে আছে সেই সাংবাদিকদের লেখা, যারা লাইফস্টাইল সেক্টরকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন।
বিউটি সেগমেন্টে নতুন সংযোজন—সিনসিয়ারলি সেলিব্রিটি। জানা যাবে তারকারা কীভাবে সাজেন। ত্বকতত্ত্বে মাইটোকন্ড্রিয়া। তনুরাগে বায়োমিমিক্রিসহ নানা বিষয় রয়েছে।
ফুডের হেঁশেলসূত্রে দেশি পাঁচ ফুল দিয়ে তৈরি খাবার। নতুন সেগমেন্ট ডাইন ডিকোডিং উপস্থাপন করেছে দেশসেরা একটি রেস্তোরাঁর হালহকিকত। প্রয়োজনীয় প্রোবায়োটিকের বিস্তারিত রয়েছে সাপ্লিমেন্টে। ব্রিটিশ আমলের মাছ প্রেমের ধারাবাহিক লেখা বিভাগটির নাম ফিশ ফ্যান্টাসি।
আগস্টের প্রথম রোববার বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে পালিত হয় বন্ধু দিবস। এই সম্পর্কের মাহাত্ম্য স্মরণে মূল আলোকপাত কভারস্টোরিতে। লাইফস্টাইল সেগমেন্টে আরও রয়েছে অন্যতম আনকোরা বিভাগ ২২ বিস্ময়। এবার প্রশ্নবাণ ছুড়ে দেওয়া হয়েছে সংগীতশিল্পী এলিটা করিমের প্রতি। অন্দরমহলে আছে টিপটপ ট্রিকস। পুরাবৃত্তে চট্টগ্রামের বিখ্যাত পি কে সেন সাততলা ভবন। একই সঙ্গে বেড়ানো, ভালো থাকার পরামর্শ—সবই রয়েছে এই আয়োজনে।
সুদীর্ঘ এই পথচলায় পাশে পেয়েছি আপনাদের। পরামর্শে হয়েছি ঋদ্ধ। আশা করছি, সামনের দিনগুলোতেও পাশে থাকবেন। ভালোবাসবেন।
ভালোবাসা নেবেন।
