skip to Main Content

গ্রিন প্লেট I স্প্যাগেটি আগলিও আ ওলিও

ইতালিয়ান রান্নায় এমন কিছু পদ আছে, যেগুলোর বিশেষত্ব সাধারণ উপকরণের নিখুঁত সমন্বয়। রইল এমনই একটি ক্ল্যাসিক ভেগান পদের বিশদ

রসুন, অলিভ অয়েল, শুকনা মরিচ আর পাস্তার মেলবন্ধনে তৈরি এই ইতালিয়ান রেসিপি স্বাদে যেমন সাদামাটা, তেমনি সুগন্ধ ও টেক্সচারে সমৃদ্ধ। আগলিও অর্থ রসুন আর ওলিও মানে তেল। নামেই যার মূল উপকরণের পরিচয় মেলে। প্রাণিজ প্রোটিন কিংবা অন্যান্য উপকরণের প্রয়োজন নেই। অলিভ অয়েল থেকে পাওয়া যায় স্বাস্থ্যকর ফ্যাট। রসুনে রয়েছে ভিটামিন বি৬, ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফাইবারসহ নানা পুষ্টিগুণ। অন্যদিকে, স্প্যাগেটি থেকে পাওয়া কার্বোহাইড্রেট শরীরে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। সবচেয়ে বড় সুবিধা হলো, রান্নার জন্য প্রয়োজন হয় খুব কম উপকরণ এবং সময়ও লাগে অল্প। কর্মব্যস্ত দিনে দ্রুত লাঞ্চ কিংবা হালকা ডিনারের জন্য তাই স্প্যাগেটি আগলিও আ ওলিও হতে পারে চমৎকার বিকল্প। চাইলে এতে পার্সলে, চেরি টমেটো, মাশরুম বা পালংশাক যোগ করে পুষ্টি ও স্বাদ—দুটিই বাড়ানো সম্ভব।
প্রয়োজনীয় উপকরণ
স্প্যাগেটি ২০০ গ্রাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ৪ টেবিল চামচ, রসুন (কুচি করা) ৫-৬ কোয়া, শুকনা লাল মরিচের কুচি ১ চা-চামচ, পার্সলের কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া সামান্য এবং লেবুর রস ১ চা-চামচ। চাইলে পরিবেশনের সময় পারমেজান চিজ ব্যবহার করতে পারেন।
তৈরির পদ্ধতি
প্রথমে একটি বড় পাত্রে পর্যাপ্ত পানি ফুটিয়ে তাতে সামান্য লবণ দিন। স্প্যাগেটি দিয়ে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী সেদ্ধ করে নিন। তবে পুরোপুরি নরম না করে ‘আল দান্তে’ বা সামান্য শক্ত অবস্থায় নামিয়ে এক কাপ পাস্তা পানি আলাদা করে রাখুন।
এবার একটি বড় প্যানে অলিভ অয়েল গরম করার পর তাতে পাতলা করে কাটা বা কুচানো রসুন দিন। আঁচ কম রেখে ধীরে ধীরে রসুন ভাজুন, যাতে না পুড়ে তেলের মধ্যে এর সুগন্ধ ভালোভাবে মিশে যায়। এরপর শুকনা মরিচের কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিন।
প্যানে সেদ্ধ স্প্যাগেটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সংরক্ষণ করে রাখা পাস্তা পানি অল্প অল্প যোগ করুন। এতে অলিভ অয়েল ও পাস্তার পানি মিশে একটি হালকা, মসৃণ সস তৈরি হবে এবং স্প্যাগেটির সঙ্গে ভালোভাবে লেগে থাকবে। সবশেষে পার্সলে, গোলমরিচ ও সামান্য লেবুর রস মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।
গরম-গরম পরিবেশন করুন। চাইলে ওপর থেকে আরও সামান্য অলিভ অয়েল, পার্সলে এবং পারমেজান চিজ ছড়িয়ে দিতে পারেন। সম্পূর্ণ ভেগান রাখতে চাইলে পারমেজান বাদ দিন। বাড়তি পুষ্টি ও রঙের জন্য সঙ্গে চেরি টমেটো, মাশরুম বা পালংশাকও যোগ করা যেতে পারে।
অল্প উপকরণে, কম সময়ে আর বাড়তি ঝামেলা ছাড়াই তৈরি করা সম্ভব এই রেসিপি। সপ্তাহের ব্যস্ত দিনগুলোতে এটি হতে পারে রান্নাঘরের সহজ সমাধান। রসুনের ঘ্রাণ, মরিচের হালকা ঝাঁজ আর অলিভ অয়েলের মসৃণ স্বাদে তৈরি এই ক্ল্যাসিক ইতালিয়ান পাস্তা—স্প্যাগেটি আগলিও আ ওলিও একই সঙ্গে স্বাদ ও পুষ্টির রসদ জোগাবে।

 ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top