skip to Main Content

ফাইন ডাইন I রিসোত্তোর রূপ

ইতালিয়ান রন্ধনশৈলীর সৌন্দর্য শুধু খাবারের স্বাদে নয়; বরং তার উপস্থাপনা, পরিবেশ ও আতিথেয়তার সূক্ষ্ম সমন্বয়েও। সেই অভিজ্ঞতাকে ঢাকার নগরজীবনে পরিশীলিতভাবে তুলে ধরছে হোটেল সারিনার সিগনেচার ইতালিয়ান রেস্তোরাঁ রিসোত্তো

বনানীর প্রাণকেন্দ্রে এই রেস্তোরাঁয় ইতালির স্বাদ মিশেছে আধুনিক নগর-নান্দনিকতায়। ঘরোয়া উষ্ণতা, পরিমিত আভিজাত্য আর যত্নশীল সেবার সমন্বয়ে রিসোত্তো হয়ে উঠেছে ইতালিয়ান খাবারের ভিন্নধর্মী এক ঠিকানা। রেস্তোরাঁটি হোটেল সারিনার তৃতীয় তলায় একসঙ্গে প্রায় ১০০ অতিথিকে সেবা দেওয়ার সক্ষমতা রাখে।
আবহে আবেশ
রিসোত্তোর মূল ভাবনায় রয়েছে ভূমধ্যসাগরীয় স্বাদকে বাংলাদেশে উপস্থাপন করা। হোটেল সারিনার মার্কেটিং ডিরেক্টর সৈয়দ মেহরান হোসাইন জানালেন, এটি ইন্টিমেট ইতালিয়ান বিস্ত্রো, যেখানে গ্রীষ্মমণ্ডলীয় আবহের সঙ্গে মিলেছে সে দেশের রন্ধন ঐতিহ্য। আধুনিক ও ইন্টিমেট আবহের জন্য রিসোত্তোর রয়েছে যেকোনো ব্যক্তিগত কিংবা পারিবারিক আয়োজনের উপযোগিতা। খাবারের সঙ্গে এই নৈসর্গিক আবহ যুক্ত হয়ে দীর্ঘ সময় বসে উপভোগের মতো একটি ডাইনিং অভিজ্ঞতা তৈরি করে।
স্বাদে স্বাক্ষর
পাস্তা, পিৎজা, স্যুপ, সালাদ থেকে শুরু করে স্টেক ও ল্যাম্ব চপ—বিভিন্ন ধরনের ইতালিয়ান ও ইউরোপীয় পদ রয়েছে এখানে। অতিথিদের অভিজ্ঞতায় পিৎজা, স্যুপ, তাজা ফলের জুস, স্টেক ও ল্যাম্ব চপ বিশেষভাবে প্রশংসিত। নিরামিষভোজীদের জন্য রয়েছে নানা বিকল্প। রেস্তোরাঁটি নির্দিষ্ট খাদ্যাভ্যাসের অতিথিদের জন্যও কিছু ভিন্নধর্মী অপশন রাখে। তবে নামের সঙ্গে মেনুর সম্পর্কটিও আলাদা তাৎপর্য বহন করে। ইতালিয়ান রান্নার অন্যতম পরিচিত পদ রিসোত্তোর মতোই এখানে খাবারের মূল লক্ষ্য হলো উপকরণের স্বাদ, টেক্সচার ও পরিবেশনার মধ্যে ভারসাম্য বজায় রাখা। তা ছাড়া প্রতিটি পদকে ইতালিয়ান গ্যাস্ট্রোনমির একটি অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা থাকে।
আতিথ্যে আন্তরিকতা
ফাইন ডাইনিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ খাবারের বাইরের অভিজ্ঞতা। রিসোত্তোর ক্ষেত্রে সেই জায়গায় গুরুত্ব পেয়েছে আন্তরিক ও মনোযোগী সেবা। অতিথিদের বিভিন্ন পর্যালোচনায় স্টাফদের ভদ্রতা, সহযোগিতা, পেশাদারত্ব এবং খাবার নির্বাচনে পরামর্শ দেওয়ার বিষয়টি উঠে এসেছে। শ্যু শেফ রিচার্ড গোমেজ জানালেন, অতিথিরা এখানে ফাইন ডাইন এক্সপেরিয়েন্স নিতে আসেন। তাই পরিবেশনায় রাখা হয় টপ নচ হাইজিন, মিনিমাল গার্নিশ ও বেস্ট ফুড কোয়ালিটি। ২০২৫ সালের ট্রিপ অ্যাডভাইজারের একাধিক অতিথি রিভিউতে খাবারের পাশাপাশি সেবাকর্মীদের আন্তরিকতা ও সাজসজ্জার প্রশংসা করা হয়।
অতিথির পছন্দ অনুযায়ী টেবিল সংরক্ষণের সুবিধা রয়েছে; পাশাপাশি আলা-কার্টে খাবারের ব্যবস্থা, টেকঅ্যাওয়ে এবং বড় পর্দার সুবিধাও রাখা হয়েছে। অর্থাৎ শুধু দীর্ঘ ডিনার নয়, বিভিন্ন ধরনের ডাইনিং প্রয়োজনের কথাও মাথায় রেখেছে রিসোত্তো।
দুই দশকের ধারাবাহিকতা
হোটেল সারিনার যাত্রা শুরু ২০০৩ সালে। সেই দীর্ঘ আতিথেয়তার ধারাবাহিকতায় রিসোত্তো দীর্ঘদিন ধরে হোটেলটির সিগনেচার রেস্টুরেন্ট হিসেবে পরিচিত। ২০১০ সালের পুরোনো অতিথি পর্যালোচনাতেও একে ঢাকার ইতালিয়ান রেস্তোরাঁগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে; যা শহরের ডাইনিং সংস্কৃতিতে রিসোত্তার সরব উপস্থিতির ইঙ্গিত দেয়। বর্তমানে রেস্তোরাঁটি প্রতিদিন ডিনারের জন্য খোলা থাকে এবং হোটেল সারিনার ওয়েবসাইটে বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত সময়ের উল্লেখ রয়েছে।
একটি ভালো ডিনার কখনো শুধু খাবারে সীমাবদ্ধ থাকে না; টেবিলে বসার মুহূর্ত, পরিবেশ, খাবার উপস্থাপনা, সেবায় আন্তরিকতা এবং শেষ কামড়ের পরও মুখে লেগে থাকা স্বাদ—সব মিলিয়ে তৈরি হয় পূর্ণাঙ্গ অভিজ্ঞতা। রিসোত্তো সেই অভিজ্ঞতাকে ইতালিয়ান রন্ধনশৈলীর ভাষায় প্রকাশ করে।

 নাঈমা তাসনিম
ছবি: ক্যানভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top