skip to Main Content

হেঁশেলসূত্র I কৃষ্ণকানন

জন্মাষ্টমীর বিশেষ আয়োজন মোহনভোগ। বৃন্দাবনের ফুলেল সৌন্দর্য নাজিয়া ফারহানার রেসিপিতে পাতে পরিবেশনের চেষ্টা

ছবি: হুমায়রা আরমিন পৃথী

কৃষ্ণকমল প্ল্যাটার

উপকরণ (অপরাজিতা ফুলের ভাত): বাসমতী চাল ২ কাপ, পানি ৪ কাপ, অপরাজিতা ফুল ৮ থেকে ১০টি, ঘি ২ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ।
উপকরণ (হার্ব পনির টিক্কা): পনির ৩০০ গ্রাম, টক দই আধা কাপ, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, ধনেপাতা কোয়ার্টার কাপ, পুদিনাপাতা কোয়ার্টার কাপ, কাঁচা মরিচ ২টি, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ।
উপকরণ (বিট হামাস): সেদ্ধ বিট ১০০ গ্রাম, সেদ্ধ ছোলা ১ কাপ, তাহিনি ২ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, রসুন ২ কোয়া, লেবুর রস ১ টেবিল চামচ।
প্রণালি: অপরাজিতা ফুল পানিতে ফুটিয়ে প্রাকৃতিক নীল নির্যাস তৈরি করুন। সেই নির্যাস ও পরিমাণমতো পানিতে বাসমতী চাল, ঘি ও লবণ দিয়ে ভাত রান্না করুন। পনির দই, আদা-রসুন, ধনেপাতা, পুদিনা, কাঁচা মরিচ, লেবুর রস, লবণ ও গোলমরিচ দিয়ে মেরিনেট করে গ্রিল করে নিন। বিট, ছোলা, তাহিনি, অলিভ অয়েল, রসুন ও লেবুর রস ব্লেন্ড করে মসৃণ হামাস তৈরি করুন। প্ল্যাটারে নীল ভাত, হার্ব পনির টিক্কা এবং বিট হামাস পাশাপাশি রেখে সঙ্গে তাজা সালাদ ও ভোজ্য ফুল দিয়ে থালা সাজিয়ে নিন।

কৃষ্ণপ্রিয়া মোহনভোগ

উপকরণ: সুজি ২০০ গ্রাম, ঘি ১০০ গ্রাম, দুধ ১ লিটার, চিনি ১৫০ গ্রাম, খেজুরের গুড় ৫০ গ্রাম, জাফরান আধা চা-চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ, গোলাপজল ১ চা-চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, পেস্তা ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, শুকনো গোলাপের পাপড়ি ১ টেবিল চামচ।
প্রণালি: কড়াইয়ে ঘি গরম করে সুজি ধীরে ধীরে ভেজে হালকা সোনালি ও সুগন্ধি করে নিন। আলাদাভাবে গরম করা দুধ অল্প অল্প করে সুজির সঙ্গে মিশিয়ে নাড়তে থাকুন। এরপর চিনি, জাফরান ও এলাচি দিয়ে ঘন হওয়া পর্যন্ত রান্না করুন। চুলা বন্ধ করার আগে খেজুরের গুড়, কাজু, কাঠবাদাম, কিশমিশ ও গোলাপজল মিশিয়ে দিন। পরিবেশনের সময় ছোট বাটিতে বা মোল্ডে মোহনভোগ সেট করে প্লেটে উল্টে দিতে হবে। ওপর থেকে পেস্তা, শুকনা গোলাপের পাপড়ি ও জাফরান-সুগন্ধি রাবড়ি দিয়ে আবহ তৈরি করুন ফাইন ডাইনিংয়ের।

নীল বৃন্দাবন থালি

উপকরণ: অপরাজিতা ফুলের পোলাও ৪ কাপ, নবরত্ন কোরমা ৫০০ গ্রাম, কুমড়া ফুল ৮টি, বেসন ১ কাপ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, শাপলা ডাঁটা ২৫০ গ্রাম, সরিষার তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, টক দই ১ কাপ, আমের চাটনি ১ কাপ, কৃষ্ণপ্রিয়া মোহনভোগ ৪টি।
প্রণালি: অপরাজিতা ফুলের নির্যাস দিয়ে সুগন্ধি পোলাও রান্না করুন। কুমড়া ফুল পরিষ্কার করে বেসন, চালের গুঁড়া, লবণ ও মসলা দিয়ে তৈরি ব্যাটারে ডুবিয়ে সোনালি করে ভেজে নিন। শাপলা ডাঁটা সেদ্ধ করে সরিষার তেল, কাঁচা মরিচ ও প্রয়োজনমতো মসলা দিয়ে ভর্তা তৈরি করুন। এরপর ঐতিহ্যবাহী থালিতে অপরাজিতা পোলাও, নবরত্ন কোরমা, কুমড়া ফুলের বড়া, শাপলার ভর্তা, টক দই ও আমের চাটনি আলাদা করে সাজিয়ে দিন। শেষে কৃষ্ণপ্রিয়া মোহনভোগ দিয়ে থালির মিষ্টিমুখ সম্পন্ন করতে পারেন।

রসমালাই চাঁদ

উপকরণ: রসমালাই ৪টি, ফুল-ফ্যাট মিল্ক ১ লিটার, চিনি আধা কাপ, জাফরান কোয়ার্টার চা-চামচ, এলাচি আধা চা-চামচ, সাদা চকলেট ১০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ৫০ মিলি, পেস্তাকুচি ২ টেবিল চামচ, গোলাপের পাপড়ি ১ টেবিল চামচ।
প্রণালি: দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে চিনি, এলাচি ও জাফরান মিশিয়ে সুগন্ধি রাবড়ি তৈরি করুন। সাদা চকলেট ও ফ্রেশ ক্রিম গলিয়ে মসৃণ গ্যানাশ বানিয়ে নিন। পরিবেশনের প্লেটে গ্যানাশ দিয়ে চাঁদের আকৃতি তৈরি করে মাঝখানে একটি রসমালাই রাখুন। চারপাশে রাবড়ি ঢেলে পেস্তাকুচি এবং শুকনা গোলাপের পাপড়ি ছড়িয়ে সাজিয়ে দিন। জন্মাষ্টমীর রাতের চাঁদের অনুপ্রেরণায় তৈরি এই মিষ্টান্ন উপভোগ করুন ঠান্ডা অবস্থায়।

ফুলের বাগান রাভিওলি

উপকরণ (ডো-এর জন্য): ময়দা ২৫০ গ্রাম, ডিম ২টি, অলিভ অয়েল ১ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ।
উপকরণ (পুরের জন্য): রিকোটা চিজ বা ছানা ২০০ গ্রাম, কুমড়া ফুলের কুচি আধা কাপ, সেদ্ধ কলার মোচা আধা কাপ, পারমেজান চিজ কোয়ার্টার কাপ, গোলমরিচ আধা চা-চামচ।
উপকরণ (পেস্টো সসের জন্য): তুলসীপাতা ১ কাপ, অলিভ অয়েল আধা কাপ, কাজুবাদাম কোয়ার্টার কাপ, পারমেজান চিজ কোয়ার্টার কাপ।
প্রণালি: ময়দা, ডিম, অলিভ অয়েল ও লবণ মিশিয়ে মসৃণ ডো তৈরি করে ৩০ মিনিট ঢেকে রাখুন। রিকোটা বা ছানার সঙ্গে কুমড়া ফুল, সেদ্ধ কলার মোচা, পারমেজান ও গোলমরিচ মিশিয়ে পুর তৈরি করুন। ডো পাতলা করে বেলে ছোট ছোট অংশে পুর দিয়ে রাভিওলি বানিয়ে ফুটন্ত লবণ পানিতে ৩-৪ মিনিট সেদ্ধ করে তুলে নিন। তুলসীপাতা, অলিভ অয়েল, কাজুবাদাম ও পারমেজান ব্লেন্ড করে বানিয়ে নিন পেস্টো। পেস্টো সসে রাভিওলিকে হালকা টস করে প্লেটে সাজিয়ে তুলুন ভোজ্য ফুল দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top