নখদর্পণ I বাগানবাহার
পাপড়ি, প্রজাপতি, মৌমাছি আর পিকনিক-চেক। নেইল ক্যানভাসে একটুকরো বাগান যেন
বাগানে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল ফুটে থাকা গোলাপ। রোদে চকচক করছে পাতার ওপরের শিশির, পাশ দিয়ে উড়ে গেল প্রজাপতি, আর দূরে কোথাও মৌমাছির গুঞ্জন। কী মনে হচ্ছে? রূপকথার কোনো গল্প? না, বলছি নেইল ক্যানভাসের কথা। সামাজিক যোগাযোগমাধ্যমের বিউটি ফিডে চোখ রাখলেই দেখা যাচ্ছে, নেইল আর্টিস্টরা মন ভরে ফুল, পাতা, প্রজাপতি, মৌমাছি—সব আঁকছেন। কখনো একেবারে সূক্ষ্ম হ্যান্ড পেইন্টেড ডিটেইলস, কখনো স্ক্যাল্পটেড থ্রিডি পেটালস, কখনোবা ক্রোম ফিনিশ আর সঙ্গে বোটানিক্যাল মোটিফ।
চেনাজানা ফ্লোরাল নেইল আর্ট বললে চলছে না। কারণ, এখানে শুধু ফুল নয়, বাগানের সবটাই পাওয়া যায়। খানিকটা নস্টালজিক যেন। মনে পড়ে ছোটবেলায় রঙিন ফুলে ছেয়ে থাকা প্রিয় প্রাঙ্গন। আবার ক্র্যাফটম্যানশিপকেও রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গায়। ছোট্ট নেইল ক্যানভাসে ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেইল ফুটিয়ে তোলার দক্ষতার প্রয়াস সেখানে। এই গার্ডেন ম্যানিকিউর একই সঙ্গে আবেদনময়, নান্দনিক ও সৃজনশীল।
মৌমাছির মিষ্টি গুঞ্জন
মৌমাছি হলো বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ অতিথি। বায়োডাইভারসিটি থেকে স্লো লিভিং—সব অধ্যায়েই এই ছোট্ট প্রাণীর তাৎপর্য অনেক। লস অ্যাঞ্জেলেসের এডিটরিয়াল ম্যানিকিওরিস্ট কুইনি গুয়েন এই নান্দনিকতাকে বসিয়েছেন আঙুলের নখে। তার কাজে দেখা যায় হাতে আঁকা ক্ষুদ্র মৌমাছি, ফুলের বিভিন্ন ধরনসহ নানা কিছু। সব মিলিয়ে স্টোরি বুকের মতো ম্যানিকিউর তৈরি হয়। ম্যাক্সিমালিস্ট না হয়েও যারা প্লেফুল নেইল আর্ট চান, এই শিল্প তাদের চাহিদা মেটাবে বেশ।
পিকনিক পার্টি
ন্যুড নেইলসের ওপরে ছোট ছোট স্কাল্পটেড লেডিবার্ড আর টিপে ব্লু গিংহাম, এমন নকশায় মন্ত্রমুগ্ধ বহুজন। এর পেছনে নাম আছে যার, তিনি বেটিনা আর গোল্ডস্টেইন। এমন নকশা অনেকের প্রিয় হওয়ার কারণ খুঁজতে গিয়ে পাওয়া যায় শৈশবের বনভোজনের স্মৃতিমধুর দিন। যেখানে ঘাসের ওপর চাদর বিছিয়ে জমত আড্ডা।
ডেইজি ডে
ডেইজি মানেই যে শুধু সফট হোয়াইট আর পাউডারি ইয়েলোর কম্বিনেশন, তা নয়। জাপানিজ নেইল আর্টিস্ট ইউকো সাকাকুরা দেখিয়েছেন, উজ্জ্বল ব্যাকড্রপে ক্রিস্টালের সহায়তায় কীভাবে ছোট ছোট ফুল ফুটিয়ে তোলা সম্ভব। উজ্জ্বল লাল আর তাতে ঝলমলে ফ্লোরাল ডিটেইল মিলে তৈরি হতে পারে বোল্ড লুক। এভাবে ক্ল্যাসিক ফ্লোরাল ম্যানিকিউরকে ড্রামাটিক করে তুলতে পেরেছেন এই ম্যানিকিউরিস্ট।
ফেভারিট ফ্রেঞ্চ
ফ্রেঞ্চ ম্যানিকিউরের পপুলারিটি কখনো কমার নয়। তবে এবার সেই চিরচেনা হোয়াইট টিপের জায়গা নিতে পারে ম্যানিকিউর রোজ। কটেজ গার্ডেন এবং এয়ারলুম ব্লুমস থেকে প্রাণিত নকশা। যেন এক রোম্যান্টিক আপডেট। পুরো নখে ফুল আঁকার বদলে শুধু নেইল টিপে ছোট ছোট টি রোজ এঁকে নেওয়ার পালা।
প্যাস্টেল পেটালস
সেলিব্রিটি মেনিকিউরিস্ট মিশেল হাম্পরে তৈরি করেছেন স্ক্যাল্পটেড গোলাপি রঙা ফুল আর তার সঙ্গে জুড়ে দিয়েছেন বাটার ইয়েলো রঙের পোলকা ডট টিপ। বিশেষত্ব তৈরি করেছে ডাইমেনশনাল পেটালস। কালার টোনে সফট প্যাস্টেল প্যালেট। ডিটেইলিংয়ে ভিনটেজ এরা পেয়েছে গুরুত্ব। সব মিলিয়ে লুকটি যেন রেট্রো সামার ড্রেসের সঙ্গে ঐকতান তৈরিতে সক্ষম।
বাটারফ্লাই ইফেক্ট
একটি বাগানের সবচেয়ে সুন্দর অতিথি সম্ভবত প্রজাপতি। মনোহর এই পতঙ্গের পাখা অনিন্দ্য সৌন্দর্য নিয়ে ধরা দেয়। সেই প্রেরণায় নেইল আর্ট এনথুজিয়াস্ট পোলিশ যোগী তৈরি করেছেন কপার ও অ্যাম্বার টোনের ম্যানিকিউর।
গার্ডেন ইন্সপায়ারড ম্যানিকিউরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে মনের মতো বাগান করা যায়। একটি সূত্রেই অঙ্ক মেলাতে হবে—এমন বালাই নেই। নিজের ইচ্ছা অনুযায়ী নখ সাজিয়ে নেওয়াই একমাত্র উদ্দেশ্য বলা চলে। ফুল-পাখি-প্রজাপতিময় এক নকশা। যেন একটুকরো বাগান বসিয়ে দেওয়া হয়েছে নখের ওপরে। মালি রূপে সাজিয়েছেন নেইল আর্টিস্ট। আর সেখানে প্রতিদিন পানি না দিলেও রংমাতাল ফুলের জেল্লা কমে না সহজে।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
