skip to Main Content

সম্পাদকীয়

আত্মপ্রেম অবশ্যই জরুরি। তবে কি নিজেকেই ভালোবেসে বাঁচে মানুষ? অন্যের প্রতি অনুভব কি অস্বীকার করা যায়? না বোধ হয়। তাই পরিবার, প্রতিবেশী, দেশের মানুষ; সর্বোপরি মানবজাতির জন্য মনের গহিনে নিস্পৃহ থাকে মায়া কিংবা দায়। একটুখানি হাত বাড়িয়ে অন্যকে এগিয়ে নেওয়ার, আনন্দে রাখার ইচ্ছাতেই এবারের এডিটর’স কলাম। কভারস্টেরিতেও আছে সেই একই সুর। দেশের উদীয়মান প্রসাধনী খাতের এগিয়ে যাওয়ার পদধ্বনিকে স্বাগত জানানোর প্রত্যয়। নিজস্বতাকে ধরে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রি। ক্রেতাদের কাছে যখন বিশ্বের সব পণ্য ব্যবহারের সুযোগ, তখন দেশীয় পণ্যকে ভালোবেসেছেন তারা। এই নির্ভরতার তত্ত্বতালাশ পাওয়া যাবে এবারের প্রচ্ছদে। কুন্তলকাহিনিতে প্রাচীন যুগের কেশচর্চা। গুনে গুনে শতবার চুল আঁচড়ে নেওয়ার গল্প। পুরাতনের সঙ্গে সমকালের দারুণ সখ্য রূপচর্চার বিস্তারণে। তাই ত্বকতত্ত্বে রইল কর্টিসল ফেস আর তনুরাগে ম্যাগনেশিয়াম ম্যাজিক।
ফ্যাশনের পোর্টফোলিওতে মেঘের নানা রঙের পোশাক। আছে টোনাল ড্রেসিংয়ের মতো ট্রেন্ডি টপিক, আবার ইতিহাসের পাতা থেকে শাহতুষ নামের পশমি ফ্যাব্রিক। ঐতিহ্যবাহী শীতলপাটি ফ্যাশনের মোটিফের অংশ হওয়ার গল্পও।
হেঁশেলসূত্রে পাঁচ পদে মোহনভোগ। জন্মাষ্টমী আসন্ন। এমন সময়ে সনাতন ধর্মের মানুষের জন্য এই নিবেদন। মিষ্টি মধুর রঙিন রান্না। শ্রীবৃদ্ধিতে বাংলাদেশের গ্লাস ইন্ডাস্ট্রির উত্থানের গল্প। মাছকাহনে ব্রিটিশদের ইলিশপ্রীতি। রুপালি এই মাছ যে শুধু বাঙালির প্রিয়, তা নয়; স্বাদ ছড়িয়েছিল বিদেশি মনেও।
তরুণ নৃত্যশিল্পী রিদি শেখের না জানা তথ্য থাকছে বাইশ বিস্ময়ে। দেশ-বিদেশে সিংহলী সৈকতের নীল জলের গল্প। গিক পাঠ আর কনটেন্টে সমকালীন চলচ্চিত্র ও দুর্দান্ত সব সিরিজের রিভিউ। জীবনের আশা-অভ্যাসকে আনন্দের সঙ্গে একাত্ম করার প্রত্যয়ে ফিচারে আছে জাপানি জীবনযাপন ইকিগাইয়ের মন্ত্র।
বর্ষা বিদায়ের পর শরতের শুভ্র মেঘের ভেলার মাঝে সূর্যের রোশনাই। এমনই স্বচ্ছ, উজ্জ্বল হোক মানবজীবন।

শুভকামনা আর ভালোবাসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top