skip to Main Content

ট্রাভেল ট্রিক I মূল্যের ম্যাজিক

বিমানের টিকিটের বিজ্ঞাপনে যে মূল্য দেখা যায়, সেটিই সব সময় চূড়ান্ত নয়। ব্যাগেজ, সিট, চেক-ইন, খাবার কিংবা অতিরিক্ত সার্ভিসের জন্য যুক্ত হতে পারে বাড়তি ফি। তাই শুধু বেস ফেয়ার নয়, বুকিংয়ের শেষে মোট ভাড়া দেখে সিদ্ধান্ত নেওয়া ভালো

 এয়ারলাইনসের ব্যাগেজ নীতি আগে দেখে নিন। কেবিন ব্যাগ বা পার্সোনাল আইটেমের নির্ধারিত আকার এবং ওজন মেনে চলুন। বাড়তি ওজনের জন্য বিমানবন্দরে বেশি ফি গুনতে না চাইলে বাড়িতেই মেপে নিন লাগেজ।
 উইন্ডো, আইল বা এক্সট্রা লেগরুমের সিটের জন্য অনেক এয়ারলাইনস অতিরিক্ত চার্জ নেয়। নির্দিষ্ট সিটের প্রয়োজন না থাকলে সিট সিলেকশন এড়িয়ে চলা ভালো। চেক-ইনের সময় এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী সিট বরাদ্দ হয়ে যাবে।
 কিছু বাজেট এয়ারলাইনস বিমানবন্দরে চেক-ইন বা বোর্ডিং পাস প্রিন্টের জন্য ফি নিতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে চেক-ইন করে ডিজিটাল বোর্ডিং পাস সঙ্গে রাখুন। তবে এয়ারলাইনসভেদে ভিন্ন হতে পারে নিয়ম ও সময়সীমা।
 টিকিটের তারিখ বা সময় পরিবর্তন করলে শুধু পরিবর্তন ফি নয়, নতুন মূল্যের পার্থক্যের দামও চোকাতে হতে পারে। তাই বুকিংয়ের আগে পরিবর্তন ও বাতিলের শর্ত দেখে নিন এবং পরিকল্পনা নিশ্চিত করেই টিকিট কাটুন।
 ট্রাভেল ইনস্যুরেন্স, অতিরিক্ত ব্যাগেজ, প্রাধান্যভিত্তিক বোর্ডিং বা অন্য কোনো সার্ভিস প্রয়োজন না থাকলে বাদ দিন। পেমেন্টের আগে পুরো বুকিং একবার দেখে নিন। খেয়াল রাখা ভালো, অপ্রয়োজনীয় একটি টিকও বাড়িয়ে দিতে পারে খরচ।
 সব ফ্লাইটে টিকিটের দামের সঙ্গে খাবার ও পানীয়ের খরচ অন্তর্ভুক্ত থাকে না। তাই ফ্লাইটে খাবার কিনতে হবে কি না, আগে দেখে নিন। অনুমোদিত স্ন্যাকস সঙ্গে রাখুন এবং নিরাপত্তা তল্লাশি শেষে পানির বোতল রিফিল করে নিতে পারেন।
মনে রাখা দরকার, কম বেস ফেয়ার মানেই কম খরচ নয়। ব্যাগেজ, সিট, খাবার, ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ হওয়ার পরই বোঝা যায় প্রকৃত ভাড়া। তাই বুকিংয়ের আগে পুরো হিসাবটি দেখে নিন। সচেতনতাই যেকোনো ধরনের হিডেন ফি এড়ানোর সহজ উপায়।

 আবু সালেহ শাহ মোহাম্মদ আবদুল্লাহ
ইলাস্ট্রেশন: ক্যানভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top