সম্পাদকীয়
শরতের শুভ্র মেঘে ভেসে উৎসবের আমেজ এসেছে। সোনারোদে চিকমিক করে কাশবন। গরম আর বৃষ্টিকে বিদায় জানিয়ে ধরণি সজীবতায় সুন্দর। আর সেই আনন্দ আয়োজনকে কেন্দ্র করে সাজানো হয়েছে অক্টোবর সংখ্যা। বাঙালির মিষ্টি স্বাদের প্রতি প্রেম নিয়ে লেখা হয়েছে এবারের প্রচ্ছদ রচনা। শেষ পাতে মিষ্টি। কারণ, স্বাস্থ্যসচেতনতার এই সময়েও মিঠা থেকে মন সরেনি বাংলার মানুষের; বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন পদ যোগ হয়েছে।
দেবীপক্ষের প্যান্ডেল পরিক্রমা থেকে শুরু করে ক্যাজুয়াল আড্ডা—সবকিছুর জন্য থাকছে নজরকাড়া পোশাকের পরামর্শ। পোর্টফোলিওতে রয়েছে দেশি ফ্যাশন ব্র্যান্ডের পূজা ফিট। থাকছে ডিজাইনার ফায়জা আহমেদের ডায়েরির পাতা। হ্যালোইন ঘিরে থাকছে ফিউনারেল ফ্যাশন এবং বাঙালির জীবনে মিশে থাকা ভূতেদের গল্প। উৎসবের এই বিশেষ মুহূর্তে রূপচর্চায়ও চাই বাড়তি চমক। ত্বকতত্ত্বে বিউটি ফ্রম সার্ডিন ফিশের গুণসহ নানা কিছু। জেনারেশন জেডদের আলোচ্য বিষয় চুল ঝরে যাওয়ার সমাধান আছে কুন্তলকাহনে।
উৎসব মানেই তো স্বাদের আয়োজন। হেঁশেলসূত্রে থাকছে কন্যার জন্য ভোজ। নিয়মিত সেগমেন্টের বাইরে রয়েছে ভূত চতুর্দশীর শাকাহারের বিস্তারিত আর কফির ইতিবৃত্ত। এবারের এডিটর’স কলাম ক্যানসার-বিষয়ক সচেতনতা নিয়ে। শরীর ও মনের সুস্থতায় থাকছে সোমাটিক দেহযতন। ২২ বিস্ময়ে ছোটবেলার স্মৃতি নিয়ে শঙ্খ দাশগুপ্ত এবং পুরাবৃত্তে রানী ভবানীর রাজবাড়ি আপনাকে নিয়ে যাবে হারানো দিনে। হ্যালোইনে হলিডে ডেস্টিনেশন থেকে শুরু করে হোটেল বুকিংয়ের ট্রাভেল ট্রিকস এবং কনটেন্টে ঋতুপর্ণ ঘোষ নির্মিত উৎসব রিভিউ। বিশেষ ফিচারে দুর্গাপূজার আদি থেকে অন্ত রইল পাঠকদের জন্য।
শরতের শিউলি-স্নিগ্ধতা ছুঁয়ে যাক পাঠক ও শুভানুধ্যায়ীদের। আনন্দে কাটুক উৎসব। নিরাপদ হোক বাড়ি ফেরার যাত্রাপথ।
ভালো থাকুন সবাই।
