রাশি I সুখ সুন্দর
তুলা
এ মাসে প্রশাসনিক জটিলতায় যুক্ত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। কারও উসকানির ফাঁদে হাত-পা দিয়েছেন তো মরেছেন! একটু কৌশলী হওয়ার চেষ্টা করুন। আত্মীয়দের পাশে পাওয়ার সম্ভাবনা শুভ। যা-ই ঘটুক, সেগুলো জীবনের ইতিবাচক অংশ হিসেবে ধরে নিন। মনে আরাম পাবেন।
বৃশ্চিক
জীবনে বিনোদনের সুযোগ খুব কমই ঘটে। তাই যে সুযোগ এই মাসে সহজে এসেছে, তা লুফে নিন। খরচের কথা চিন্তা করে সুযোগটা হেলায় হারাবেন না। ছোট ব্যবসাও ভালো লাভের উৎস হতে পারে। তাই ছোট বলে যে সুযোগটা সামনে রয়েছে, তা উপেক্ষা করার ভুলটা করবেন না। ছোট কাজ, বড় ধামাকা।
ধনু
ভালোবাসার মানুষের সঙ্গে মতের অমিল থাকতেই পারে। তবে যত তাড়াতাড়ি একমত হবেন ততই মঙ্গল। ব্যবসায় খ্যাতি এবং সম্মান বৃদ্ধি হওয়ায় আত্মবিশ্বাস পইপই করে বাড়বে। আয়ের নতুন সুযোগ তৈরি হবে।
মকর
শিল্পীদের উচ্চ লক্ষ্য ঠিক করে রাখা উচিত। মন ভালো থাকবে। কর্মীরা ভালো কাজ করবেন। সহকর্মীরা আপনার সহায়ক হবেন। তবে লেনদেনে তাড়াহুড়ো থেকে শতভাগ দূরে থাকুন। না হলে কষ্টের টাকা নিমেষে জলে স্থান পাবে। তাই সাবধান!
কুম্ভ
প্রেমে ভালো সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিন। মা-বাবার কারণে পরিবারে যে সুখ ও সমৃদ্ধি এসেছে, উত্তরসূরি হিসেবে তা বজায় রাখার ক্ষেত্রে আপনার পরীক্ষাটা এবার হয়ে যাবে। যেকোনো কাজে; বিশেষ করে অর্থনৈতিক কাজে বিচক্ষণতার পরিচয় দেওয়াটা দরকার। না হলে খেলাঘরের মতো সব ভেস্তে যাবে।
মীন
আপনার সফলতায় আত্মীয়রা খুশি থাকবেন, এমন তো নয়; বরং অখুশির পাল্লাটাই ভারী হবে। বাড়িতে আনন্দ ও সুখ বজায় থাকতে পারে। প্রেমে আত্মবিশ্বাস আর ত্যাগের মনোভাব না বাড়ালে বিবাদ বাড়তে পারে। পড়াশোনায় মনোযোগ বজায় রাখুন। বিবাহের আলোচনা হতে পারে। নতুন প্রচেষ্টার প্রতি আগ্রহ বাড়বে।
মেষ
অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে তাড়াহুড়োয় কাজ করে অঘটন না ঘটানোর চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সব ধরনের আলোচনা করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। নতুন প্রেমের প্রচেষ্টায় সতর্ক থাকুন। এ মাসে এই বিভাগে খুব একটা সুবিধা করতে পারার ইঙ্গিত নেই।
বৃষ
মাসখানা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার। গুরুজনদের কথা শুনে চলুন, আখেরে আপনারই লাভ ছাড়া ক্ষতি হবে না। মনে রাখবেন, যেকোনো ধরনের প্রলোভনই ক্ষতিকর। বিপদে চাপ নেবেন না। ‘যত মুশকিল তত আসান’ মনে মনে আওড়াতে থাকুন। ঠিক একটা গতি হয়ে যাবে। মাস শেষে অতিরিক্ত ব্যয়ের যোগ রয়েছে।
মিথুন
হয় শত্রুতার বিনাশ করুন, নতুবা শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখুন। কর্মক্ষেত্রে কোনো গুজবে প্রভাবিত হবেন না যেন। এমনিতেই গুজবে নাক-কান দেওয়া ভালো কথা নয়। নড়বড়ে সম্পর্কের দিকে একটু নজর দিন, যোগাযোগ বাড়ান। কথাবার্তা ও আচরণে মিষ্টতা ছড়িয়ে দিন। কাউকে সহজে বিশ্বাস করে এত এত গোপন কথা বলবেন না।
কর্কট
নতুন কাজ শুরুর জন্য সঠিক সময় ও সুযোগের অপেক্ষা করুন। সম্পর্কের মধ্যে সততা, স্বচ্ছতা বজায় রাখুন। মনের স্বাস্থ্য ও শরীর—উভয়ই ভালো থাকবে। পারিবারিক বন্ধন অটুট রাখতে মনোযোগী হোন। ঝঞ্ঝাটমুক্ত জীবন মানে পারিবারিক ও কর্মক্ষেত্রে সফলতার নিশ্চয়তা। শুধু শুধু কেন হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে যাবেন?
সিংহ
সময়ের যথাযথ ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। হোক পারিবারিক কিংবা পেশাগত জীবনে। কথাটা এ মাসে ভালোভাবেই বুঝবেন। তবে শুধু বুঝলেই হবে না, নিজের জীবনে তা প্রয়োগ করুন। রাস্তায় হাঁটতে বা গাড়ি চালানোর সময় নিয়ম মানতে এবং সতর্কতা অবলম্বনে অবহেলা করবেন না।
কন্যা
নিজের সৃজনশীলতা সম্প্রসারণের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে চলুন। জীবনে শান্তির অভাব হবে না। অর্থনৈতিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। এতে নিজে হালকা তো থাকবেনই; পরিবারও থাকবে শঙ্কামুক্ত, আত্মসম্মান থাকবে অটুট।
