skip to Main Content

দেশ-বিদেশ I হ্যালোইন হলিডে

অক্টোবর মাসে বিশেষ তারিখে রাত নামলেই পৃথিবীর কয়েকটি শহর বদলে যায়। মুখোশ, কস্টিউম আর আগুনের আলোয় জেগে ওঠে পুরোনো ইতিহাস, লোককথা আর গথিক কিংবদন্তি। হ্যালোইনকে মনে রেখে সব আয়োজন। সেই রহস্যময় শহরগুলোর গল্প নিয়ে শ্রেয় চৌধুরীর লেখা

হ্যালোইনের শিকড় প্রাচীন কেলটিকদের সামহুইন উৎসবের কাছে। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসসহ পশ্চিম এবং মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে কেলটিক সংস্কৃতির বিস্তার ছিল। গ্রীষ্মের শেষ এবং শীতের শুরুর এই সময় ঘিরে আয়োজিত সামহুইন উৎসবে আগুন জ্বালানো, ছদ্মবেশ নেওয়া এবং নানা আচার-অনুষ্ঠানের প্রচলন ছিল।
ডেরি, নর্দান আয়ারল্যান্ড
হ্যালোইনের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত শহরগুলোর একটি এই ডেরি। ২০২৬ সালে ৪০ বছর পূর্তি হচ্ছে ডেরি হ্যালোইনের। চলতি বছর ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আয়োজিত হবে। এটি ইউরোপের বড় হ্যালোইন উৎসবগুলোর একটি। এবারের আয়োজনে থাকছে কার্নিভ্যাল প্যারেড, ফায়ারওয়ার্কস, লোককথা, আলোকসজ্জা, পারফরম্যান্সসহ নানা আয়োজন। প্রতিবছর এই উৎসবে প্রায় ১ লাখ ২০ হাজার দর্শনার্থীর সমাগম হয়।
সালেম, ম্যাসাচুসেটস
১৬৯২ সালের ‘সালেম উইচ ট্রায়াল’-এর ইতিহাস এই শহরের সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে, অক্টোবর এলেই সালেম যেন ফিরে যায় তার অতীতে, এক অন্ধকার অধ্যায়ে। ওই সময় জাদুবিদ্যার অভিযোগে দুই শতাধিক মানুষ অভিযুক্ত হন এবং ১৯ জনকে ফাঁসি দেওয়া হয়। এই ইতিহাস ঘিরেই অক্টোবরজুড়ে চলে ‘হন্টেড হ্যাপেনিংস’। সালেমের মাসব্যাপী হ্যালোইন উৎসব। গ্র্যান্ড প্যারেড, কস্টিউম ইভেন্ট, লাইভ এন্টারটেইনমেন্ট, ঘোস্ট ট্যুর, মার্কেটপ্লেসসহ নানা আয়োজনে শহরজুড়ে তৈরি হয় এক ভৌতিক উৎসবের আবহ। চলতি ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১০ লাখের বেশি মানুষ এই সময়ে সালেমে ভিড় করেন।
স্কটল্যান্ড, এডিনবরা
এখানকার আয়োজন সরাসরি প্রাচীন কেলটিক ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরে। ৩১ অক্টোবর শহরের ক্যালটন হিলে অনুষ্ঠিত হয় ‘সামহুইন ফায়ার ফেস্টিভ্যাল’। এর আয়োজন করে ‘বেলটেন ফায়ার সোসাইটি; এডিনবরাভিত্তিক একটি পারফর্মিং আর্টস সংগঠন। গ্রীষ্মের অবসান এবং শীতের আগমনকে প্রতীকীভাবে তুলে ধরে এই আয়োজন। আগুন, ঢাকঢোল, কস্টিউম, নাচ, পারফরম্যান্স আর লোককথার আবহে ক্যালটন হিল হয়ে ওঠে অন্য রকম। প্রাচীন কেলটিক উৎসবের আধুনিক পুনর্নির্মাণ এই সামহুইনে রাতের এডিনবরা যেন হয়ে ওঠে পৌরাণিক এবং গথিক এক জগতের শহর।
ডাবলিন, আয়ারল্যান্ড
অন্যতম আকর্ষণ ‘ব্রাম স্টোকার ফেস্টিভ্যাল’। ‘ড্রাকুলা’র স্রষ্টা ব্রাম স্টোকারের জন্মশহর ডাবলিন তার গথিক ও সুপারন্যাচারাল সাহিত্যকে কেন্দ্র করে আয়োজন করে চার দিনের এই উৎসব। চলবে ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। থিয়েটার, সিনেমা, সার্কাস, কমেডি, মিউজিক, ট্যুরসহ নানা আয়োজন থাকে এই উৎসবে। আয়োজকদের তথ্যমতে, ২০২৫ সালের আয়োজনে ৬০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিল।
ব্রাসভ, রোমানিয়া
রোমানিয়ার ব্রাসভ থেকে সহজে ঘুরে দেখা যায় ট্রানসিলভানিয়ার বিভিন্ন ক্যাসেল ও মধ্যযুগীয় শহর। জনপ্রিয় আকর্ষণগুলোর একটি ব্র্যান ক্যাসেল, যা দীর্ঘদিন ধরে ড্রাকুলার কিংবদন্তির সঙ্গে পর্যটন সংস্কৃতিতে যুক্ত। অক্টোবরের শেষ দিকে কস্টিউম ইভেন্ট, থিমভিত্তিক পার্টি আর নানা হ্যালোইন আয়োজন শহরটির গথিক আবহকে আরও গাঢ় করে তোলে। বিশাল ক্যাসেল, ভ্যাম্পায়ারের ফোকলোর আর মধ্যযুগীয় স্থাপত্য—সব মিলিয়ে ব্রাসভ এবং এর আশপাশ মনে হয়, যেন হরর সিনেমার বিশাল কোনো সেট।
হ্যালোইনের মজার আসল দিক হয়তো এখানেই—প্রতিটি শহর নিজের ইতিহাস ও সংস্কৃতিকে আলাদা গল্পে রূপ দেয়। কোথাও সেই গল্প আগুন আর লোককথার, কোথাও ডাইনি ও ভ্যাম্পায়ারের, আবার কোথাও গথিক সাহিত্যের। তাই অক্টোবরের এই রাত শুধু ভয় পাওয়ার নয়, পৃথিবীর নানা শহরের পুরোনো গল্পের ভেতর একটু ঘুরে আসারও দারুণ এক অজুহাত।

ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top