২২ বিস্ময় I শঙ্খের সংলাপ
প্রিয় মালতী চলচ্চিত্রে মুগ্ধ করেছেন তিনি। তারপরে দর্শকদের ভাবিয়েছে চা গরম। বিজ্ঞাপনেও তার পদক্ষেপ স্পষ্ট। মানুষটি শঙ্খ দাশগুপ্ত। তাকে আরেকটু বেশি জেনে নেওয়ার চেষ্টায় ক্যানভাসের ২২ প্রশ্ন
প্রশ্ন ১ : সময় কেমন যাচ্ছে?
শঙ্খ দাশগুপ্ত: অস্থির।
প্রশ্ন ২: ছোটবেলার শঙ্খ কেমন ছিল? শান্ত, নাকি বেশ দুষ্ট?
শঙ্খ: পাগলাটে।
প্রশ্ন ৩: এমন কোনো স্মৃতি আছে, যা এখন মনে পড়লে হাসি পায়?
শঙ্খ: হ্যাঁ, নিজেদের গাছের ডাব চুরি করে বন্ধুদের সঙ্গে খেয়েছিলাম। পরে জেনেছি, গাছটা আমাদেরই ছিল!
প্রশ্ন ৪: পূজার সময় সবচেয়ে বেশি কী নিয়ে আনন্দ হতো?
শঙ্খ: যেহেতু দূরে থাকতাম, বরিশালে। বাবা-মা থাকতেন কুমিল্লায়। পূজার ছুটিতে তারা বাড়িতে আসতেন; আমার কাছে। অপেক্ষার পালা শেষ হতো। সেটাই ছিল আনন্দ।
প্রশ্ন ৫: সিনেমা দেখতে বসলে শুধু দর্শক হয়ে দেখতে পারেন?
শঙ্খ: না। এখন আর পারি না।
প্রশ্ন ৬: এমন কোনো সিনেমা আছে, যেটা অসংখ্যবার দেখেছেন?
শঙ্খ: অনেক সিনেমা আছে তালিকায়। সবশেষে এমন একাধিকবার দেখেছি ইট প্রে লাভ।
প্রশ্ন ৭: শেষ কোন সিনেমা দেখে মনে হয়েছে—ইশ্, যদি এটা বানাতে পারতাম!
শঙ্খ: অনেক সিনেমা দেখে এমনটা মনে হয়েছে। ইট প্রে লাভ দেখেও মনে হয়েছে, এ সময়ে যদি এটা বানাতে পারতাম!
প্রশ্ন ৮: নিজের কাজের মধ্যে কোন চরিত্র একটু বেশি নিজের কাছের মনে হয়?
শঙ্খ: মালতী।
প্রশ্ন ৯: আপনার ফোনের গ্যালারিতে সবচেয়ে বেশি কিসের ছবি—শুটিং, খাবার নাকি ভ্রমণের?
শঙ্খ: ভ্রমণের।
প্রশ্ন ১০: কাজের বাইরে আপনার নেশা কী?
শঙ্খ: ট্রাভেলিং।
প্রশ্ন ১১: কাজের চাপ থেকে পালাতে হলে কোথায় চলে যেতে ইচ্ছা করে?
শঙ্খ: সবচেয়ে কনভেনিয়েন্ট পাহাড়ে চলে যাওয়া, তাই বান্দরবান।
প্রশ্ন ১২: ঘুরতে গেলে পরিকল্পনা করে যান, নাকি হুটহাট ব্যাগ গুছিয়ে বের হন?
শঙ্খ: আমার ওসিডি আছে, পরিকল্পনা করে তবেই বের হই। হুট করে ছুট কম দিই।
প্রশ্ন ১৩: মা-বাবার কাছ থেকে পাওয়া এমন কোনো কথা আছে, যা বয়স বাড়ার সঙ্গে নতুন অর্থ পেয়েছে?
শঙ্খ: হ্যাঁ, আছে। দিন শেষে তারাই আমার ভালো বন্ধু।
প্রশ্ন ১৪: মা-বাবার এমন কোনো অভ্যাস, যা ছোটবেলায় বিরক্ত লাগত কিন্তু এখন নিজের মধ্যে খুঁজে পান?
শঙ্খ: পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে তারা বসে খেতেন। একসময় বিরক্ত লাগলেও এখন ভালো লাগে। একা খেতে পছন্দ করি না।
প্রশ্ন ১৫: বন্ধুরা আপনাকে নিয়ে সবচেয়ে কোন অভিযোগটা বেশি করে?
শঙ্খ: আমি ঠোঁটকাটা। সব কথা সরাসরি বলি।
প্রশ্ন ১৬: আপনাকে এক দিনের জন্য কোনো সিনেমার চরিত্র বানানো হলে কে হতে চাইবেন?
শঙ্খ: মানিবল সিনেমার ব্র্যাড পিটের ক্যারেক্টার।
প্রশ্ন ১৭: আপনার জীবনের সবচেয়ে সুন্দর সিনেমাটিক মুহূর্ত কোনটি?
শঙ্খ: এখন পর্যন্ত প্রিয় মালতী রিলিজ হওয়ার প্রথম দিন প্রথম শোর পরের মুহূর্ত। আমাকে স্ট্যান্ডিং অভেশন দেওয়া হয়েছিল।
প্রশ্ন ১৮: কোন কাজটা করতে আপনি একেবারেই অলস, কিন্তু করা দরকার?
শঙ্খ: লেখালেখি।
প্রশ্ন ১৯: আপনাকে সবচেয়ে সহজে কী খুশি করে?
শঙ্খ: যত্ন। সামান্য যত্নেও খুশি হই।
প্রশ্ন ২০: কোনো মানুষকে ভালো লাগার পর কখনো কি নিজের কোনো অভ্যাস বদলেছেন?
শঙ্খ: হ্যাঁ, অবশ্যই।
প্রশ্ন ২১: বিলিয়ন ডলারের লটারি জিতে গেলে প্রথমে কী কিনবেন?
শঙ্খ: পাহাড়ে একটা স্কুল করব।
প্রশ্ন ২২: একটা সিনেমা বানানোর যদি সুযোগ পান, বাজেট বা সময়ের কোনো সীমা নেই, কী নিয়ে বানাবেন?
শঙ্খ: ভাবতে হবে। না ভেবে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না।
নাঈমা তাসনিম
অনুলিখন: আবু সালেহ শাহ মোহাম্মদ আব্দুল্লাহ
ছবি: অগ্নিলা আহমেদ অরণী
