গ্রিন প্লেট I থাই পাম্পকিন রেড কারি
থাই গ্যাস্ট্রোনমি মানেই ভেষজ উপাদান আর মসলার চমৎকার রসায়ন, যেখানে স্বাদের সঙ্গে মেলে সমান পুষ্টি। সেই শ্যামদেশের সমৃদ্ধ রন্ধন-ঐতিহ্য থেকে তুলে আনা হলো অনন্য স্বাস্থ্যকর এক রেসিপি
দক্ষিণ-পূর্ব এশীয় রন্ধনসংস্কৃতিতে ঝোলজাতীয় তরকারি বা গ্যাং অত্যন্ত জনপ্রিয়। থাই ঐতিহ্যবাহী রান্নায় মিষ্টিকুমড়া দিয়ে তৈরি সুগন্ধি লাল কারিকে বলা হয় গ্যাং পেড ফাথং। থাই সংস্কৃতিতে ফাথং বা মিষ্টিকুমড়া পুষ্টির আধারের পাশাপাশি গৃহস্থালির সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। কারণ, তাদের ভাষায় থং অর্থ স্বর্ণ। মিষ্টিকুমড়ার প্রাকৃতিক মিষ্টতা, নারকেল দুধের ঘন ক্রিমি টেক্সচার এবং রেড কারি পেস্টের ঝাঁজালো সুবাস; এসব মিলে সৃষ্টি হয় অপূর্ব স্বাদের ভারসাম্য।
পুষ্টিবিজ্ঞানের দিক থেকেও এই কারি অত্যন্ত সমৃদ্ধ। মিষ্টিকুমড়ায় প্রচুর বিটা ক্যারোটিন বা ভিটামিন ‘এ’ থাকে, যা চোখ ও ত্বকের জন্য ভীষণ উপকারী। আবার বিটা ক্যারোটিন চর্বিতে দ্রবণীয়। অন্যদিকে নারকেল দুধে উপস্থিত থাকে প্রাকৃতিক ফ্যাট। ফলে দ্রুত ও কার্যকরভাবে শোষিত হয়। এতে থাকা লেমনগ্রাস, গালাঙ্গাল ও রসুনের মতো ভেষজ উপাদান শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং প্রদাহ কমাতে সক্রিয় ভূমিকা রাখে। তাই ডিনারে কিংবা অতিথি আপ্যায়নে এটি হতে পারে দারুণ পদ।
প্রয়োজনীয় উপকরণ
খোসাসহ ডুমো করে কাটা কাবোচা বা লাল মিষ্টিকুমড়া ৩ কাপ
থাই রেড কারি পেস্ট ২ থেকে ৩ টেবিল চামচ
ফুল ফ্যাট নারকেল দুধ ১ ক্যান (প্রায় ৪০০ মিলি)
ভেজিটেবল বা চিকেন ব্রথ ১ কাপ
কাফির লাইম পাতা ৩ থেকে ৪টি, হাতে সামান্য ছেঁড়া
তাজা থাই সুইট বেসিল আধা কাপ
পাম সুগার বা ব্রাউন সুগার ১ চা-চামচ
ফিশ সস বা লাইট সয়া সস দেড় টেবিল চামচ
টোফু ২০০ গ্রাম (ঐচ্ছিক)
তৈরির পদ্ধতি
প্রথমে একটি ভারী প্যানে আধা কাপ ঘন নারকেল দুধ মাঝারি আঁচে নাড়তে থাকুন। কিছুক্ষণ পর জলীয় অংশ কমে তেল আলাদা হতে শুরু করবে।
এবার এই তেলের মধ্যে রেড কারি পেস্ট দিয়ে মৃদু আঁচে ২-৩ মিনিট ভাজুন, যাতে মসলার কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর সুবাস বের হয় এবং গাঢ় লালচে বর্ণ ধারণ করে।
টোফু ব্যবহার করলে তা পেস্টে দিয়ে ২ মিনিট নেড়ে নিন। অবশিষ্ট নারকেল দুধ, জল বা ব্রথ এবং কাফির লাইম পাতা দিয়ে ফুটতে দিন।
ঝোল ফুটলে কুমড়ার টুকরাগুলো দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢেকে ১০-১২ মিনিট রান্না করুন, যাতে কুমড়া সেদ্ধ ও নরম হয় কিন্তু একদম গলে না যায়।
নামানোর ঠিক আগে ফিশ সস ও পাম সুগার মিশিয়ে স্বাদে ভারসাম্য আনুন। চুলা বন্ধ করে ওপরে তাজা থাই বেসিল পাতা ছড়িয়ে দিন এবং ঢাকনা দিয়ে ৫ মিনিট দমে রাখুন।
গরম-গরম সুগন্ধি জেসমিন রাইস কিংবা সাধারণ ভাতের সঙ্গে এই কারি পরিবেশন করুন। চাইলে পরিবেশনের আগে ওপর থেকে সামান্য তাজা নারকেল ক্রিম ছড়িয়ে দিতে পারেন। স্বাদ, সুবাস আর পুষ্টিতে ভরা এই পদ পরিবারের যেকোনো খাবারের টেবিলে এনে দেবে রাজকীয় আমেজ।
আবু সালেহ শাহ মোহাম্মদ আব্দুল্লাহ
ছবি: ইন্টারনেট
