ট্রেন্ডি টেকনিক I গ্ল্যামারাস স্পার্কলি মেকআপ
উৎসবের আয়োজন আর দাওয়াতের সময় এসেছে আবারও। নিরীক্ষাধর্মী সাজের এই তো সময়
মেকআপ দুনিয়ায় ট্রেন্ডি স্টাইল হলো স্পার্কলি মেকআপ টেকনিক। ম্যাট মেকআপের দিন পেরিয়ে এখন এমন লুক আলোচনায়, যা আলোর ছোঁয়ায় ঝলমলিয়ে উঠবে। সাধারণ মেকআপে উৎসবের আমেজ আনতে এবং লাইমলাইটে থাকতে এই টেকনিকের জুড়ি নেই।
স্পার্কলি মেকআপের আসল রহস্য লুকিয়ে আছে এর সঠিক লেয়ারিং বা স্তরে স্তরে সাজানোর কৌশলে। এই লুক ফুটিয়ে তোলার সহজ উপায় হলো:
প্রাইমিং ও বেইজ তৈরি: প্রথমেই চোখে কনসিলার বা শ্যাডো প্রাইমার লাগিয়ে একটি মসৃণ বেইজ তৈরি করুন। এরপর ক্রিজ লাইনে হালকা ম্যাট শ্যাডো দিয়ে চোখের সঠিক শেপ বা আকৃতি ফুটিয়ে তুলুন।
শিমার আন্ডারকোট: সরাসরি গ্লিটার না লাগিয়ে প্রথমে চোখের পাতায় একটি মেটালিক বা শিমার শ্যাডো আঙুল দিয়ে হালকা চেপে বসিয়ে দিন। এটি গ্লিটারের ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে।
গ্লিটার গ্লুর ব্যবহার: গ্লিটার যেন ঝরে না পড়ে, সে জন্য সামান্য একটু গ্লিটার গ্লু চোখের পাতায় ট্যাপ করে নিন।
স্পার্কেল প্রেস করা: এবার একটি ফ্ল্যাট সিনথেটিক ব্রাশ বা আঙুলের ডগায় সামান্য গ্লিটার নিয়ে আঠালো অংশের ওপর আলতো করে চেপে বসান।
প্রো-টিপস: ফাউন্ডেশন বা ফেস মেকআপ করার আগে চোখের মেকআপ শেষ করা ভালো। এতে কোনো গ্লিটার মুখে পড়লে তা সহজে পরিষ্কার করা যায়। আর মেকআপের পর ঝরে পড়া গ্লিটার তুলতে ফেস ব্রাশ ব্যবহার না করে সাধারণ স্কচ টেপ আঙুলে পেঁচিয়ে আলতো করে চেপে তুলে নিন। এমন মেকআপে যেকোনো উৎসব, বিয়ে বাড়ি বা সন্ধ্যাকালীন পার্টি জমিয়ে দেওয়া যেতে পারে অনায়াসে।
বিউটি ডেস্ক
মডেল: সুপ্তি
মেকওভার: পারসোনা
ছবি: জিয়া উদ্দীন
