সম্পাদকীয়
জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বিয়ে। আধুনিকতার চরম শিখরে পৌঁছেও প্রাতিষ্ঠানিক এই কাঠামোকে অস্বীকারের সুযোগ নেই। ম্যাক্সিমালিজম, মিনিমালিজম—দুই সময়ের কোনোটাতেই বিয়ের আয়োজন জৌলুশ হারায়নি। কিছু যোগ হয়েছে, কিছু বিয়োগ; কিন্তু উদ্দেশ্য সব সময় সেরাটাই। কেন? কারণ, এক বিয়ে ঘিরে স্বপ্ন বুনে যায় পুরো পরিবার। অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে প্রতিটি বিয়েই পরিবারের আকাঙ্ক্ষার বিষয় এখনো। বর-কনে কী পরবেন, কী পরবেন না, কেমনভাবে সাজবেন, কেমন হবে গয়না, সেই চিন্তা চলে যুগের পর যুগ। তাই বিশ্বায়নের এই যুগেও বিয়ের অনেকটা জুড়ে থাকে নিজস্বতা ছুঁয়ে দেখার চেষ্টা। দেশের শাড়ি, গয়না এগিয়ে থাকে তালিকায়। বেবি বুমার থেকে জেনারেশন জেড—এই ধারা এখনো অব্যাহত।
বাংলাদেশের ঐতিহ্যবাহী অনেক কিছুই ফ্যাশন বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছে। এখানকার শৈল্পিক তত্ত্ব, সৃষ্টিশীলতাসহ অনেক কিছু নিয়ে কাজ হয়েছে ভারতীয় উপমহাদেশসহ পুরো বিশ্বে। কিন্তু যথাযথভাবে স্বীকৃত হয়েছে কি? অনেক জায়গায় দেখা গেছে দায়সারা কৃতজ্ঞতা। সেই আক্ষেপ আর অধিকারবোধ নিয়ে কাভারস্টোরি। পোর্টফোলিওতে থাকছে ছকভাঙা কনের পোশাক। হেরিটেজে ঐতিহ্যবাহী মিরপুর বেনারসি। ফিচারে আছে কনেদের ওজন কমানোর চল। যা প্রভাবিত করছে আন্তর্জাতিক ফ্যাশনের ব্রাইডাল সেগমেন্টকে। পাত্রী দেখতে যাওয়ার প্রস্তুতি যেমন আছে হবু বরদের জন্য, তেমনি বর ও তার বন্ধুদের ত্বক আর চুলের যত্ন নিয়েও আছে পরামর্শ। ত্বকতত্ত্বে বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন হবু কনের স্কিন কেয়ারের বিষয়ে। আদর মাখা পুরোনো দিন আছে কুন্তলকাহনের চাম্পি মাসাজে। হেঁশেল সূত্রে জানা যাবে কেমন হতে পারে সমসাময়িক হলুদের টেবিল। সংরক্ষণ সমাধান জানাবে কীভাবে কমিয়ে আনা যায় খাবার অপচয়ের পরিমাণ। লাইফস্টাইলের দেহযতনে ব্রাইড টু বি-এর জন্য ব্যায়াম। ট্রাভেল ট্রিকে জানা যাবে হানিমুন হ্যাকস। আরও থাকছে দেশের বাইরে বিয়ে করার বিস্তারিত। জানা যাবে ঐতিহ্য ধরে রাখা বিয়ের ভেন্যুর গল্প। সময় থেকে হারিয়ে যাওয়া বিয়ের কার্ড থেকে এখনকার ডিজিটাল কার্ড অবধি যাত্রার কিয়দংশ। বিশেষ ফিচারে মহারাজা সৌরিশচন্দ্রের বিবাহ ভোজের বিস্তারিত। আরও যা কিছু, সবটাই বিয়ে নিয়ে। আশা থাকবে, এই আয়োজন সামনে যাদের বিয়ের পরিকল্পনা, তাদের সহায়ক হবে।
বিয়ে এক করে দুজন ভিন্ন মানুষকে, দুটি পরিবারকে। সকল অন্ধকারাচ্ছন্ন প্রথা ভুলে সুখে অতিবাহিত হবে সবার জীবন—এটাই কাম্য।
সবাই ভালো থাকবেন।
