রাশি I মেঘ সরিয়ে সূর্য
বৃশ্চিক
বিষণ্নতা। এই শব্দকে জাস্ট পাতালে নিক্ষেপ করুন। নতুবা আপনারই পতন ঘটবে। জোর-জবরদস্তি করে কারও ভালোবাসা পাওয়া যায় না। মন দিয়ে চাইলে নাকি সবই মেলে। তাই আপনার বৃহৎ হৃদয় দিয়ে চেয়ে যান, নিশ্চয় মিলবে। নতুন কাজে হাত দেওয়ার আগে পুরোনো সমস্যা মিটিয়ে নিন।
ধনু
প্রিয়জনের সঙ্গে যখন একটু টানাটানিই চলছে, তখন সম্পর্কের মাঝে একটু পাঁচফোড়নের তড়কা দিয়ে দিন। বৈষয়িক কাজে নো মাথা গরম। মনে রাখবেন, রাগলেন তো হারলেন। কথায় বলে, শখের দাম লাখ টাকা। দীর্ঘদিনের শখ পূরণের সুযোগ যদি এ মাসে এসে যায়, তবে? দেরি না করে পূরণ করেই ফেলুন।
মকর
ভালোবাসা কি আর দিন বুঝে হয়? মন ভার না করে একটু অপেক্ষা করে দেখুন। কে বলতে পারে, সামনের প্রতিটি দিনই ভালোবাসার দিন হয়ে ধরা দেবে। আপনি বরাবরই পরোপকারী। তবে উপকার করতে গিয়ে ঝামেলায় না জড়ানোই ভালো। আর সব বিন্দাস থাকবে। অন্যের প্ররোচনায় কান না দিয়ে নিজের কাজ করুন।
কুম্ভ
সংসার আপনার ভালো না লাগলেও কিছু সাংসারিক সমস্যা বিব্রত করতে পারে। বরাবরের মতো এড়িয়ে না গিয়ে সচেতনভাবে মোকাবিলার চেষ্টা করুন। আর টেনশন নিচ্ছেন কেন? মাসের অন্তিমে কিছু সারপ্রাইজিং ঘটনা অপেক্ষা করছে। অবশ্যই সেগুলো আনন্দদায়ক। এবার খুশি তো।
মীন
আর্থিক দিক ভালো থাকলেও স্বাস্থ্যটা ঠিকঠাক ক্লিক না-ও করতে পারে। ভ্রমণটাও এ মাসে আপনার জন্য সুখকর নয়। মন ভার করবেন না। বছরের শেষ আর শুরুতে ভ্রমণের প্রচুর সুযোগ পাবেন। সেসব সুযোগ ষোলো আনা কাজে লাগানোর চেষ্টা করুন। হতাশ না হয়ে মনের আনন্দে কাজ করে যান।
মেষ
নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে হয় মশাই, বুঝলেন? সব শেষে লাইফটা তো আপনারই। কিছু প্যাঁচানো প্রশ্নের সম্মুখীন হতে পারেন মাসটিতে। প্রয়োজনে একটু সময় নিয়ে তবেই জুতসই জবাব দিন। যেমন ধরুন, মনের মানুষটি যদি কিছু জানতে চান, তাকে সচেতনভাবে উত্তর দিন, স্বচ্ছতা বজায় রেখে উত্তর দিন।
বৃষ
পাছে লোকের কথায় কান দেবার লোক তো আপনি নন। বরং বেশ যুক্তিবাদী ও উদার। মাসটিতে নানান প্রতিবন্ধকতা আর বাজে কথার সামনে পড়তে হতে পারে আপনাকে। এগুলো অতিক্রম করার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। তবে কিছু ব্যাপারে সাবধান থাকা প্রয়োজন। শেষ ভালো যার, সব ভালো তার।
মিথুন
ঈর্ষার তীর আপনার দিকে ছুটে আসতেই পারে। কারণ, সাফল্যের ঘোড়ার সওয়ার যে আপনিই! তবে সেদিকে তাকানোর সময় আপনার কোথায়? এটি তো ফুর্তিতে বয়ে যাওয়ার মাস। সুতরাং দুশ্চিন্তা, কাজ, ঝামেলা—সব এক পাশে রেখে বয়ে যান না।
কর্কট
আর্থিক দিক থেকে নিজেকে গৌরী সেন মনে হতে থাকলেও শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। সময় সুযোগ করে হাওয়া বদল করে আসুন। শরীর ও মন—দুটোই ভালো থাকবে। ফালতু কিছু বিষয় বেশ বিব্রত করতে পারে। কাজের কাজ হবে সচেতনভাবে পাশ কাটিয়ে চলে আসা।
সিংহ
সামাজিক কাজে ব্যস্ততা বেড়ে গেছে, তাই না? এটি ঝামেলা মনে করবেন না; বরং উপভোগের চেষ্টা করুন। শান্তি পাবেন। জীবনে চলার পথে গুরুজনদের আদেশ মেনে চলার ফলটা বেশ স্বস্তিদায়ক হয়। তাদের অভিজ্ঞতার ভান্ডার আপনার, আমার চেয়ে সমৃদ্ধ। তাই তাদের কথা মেনে চলা শ্রেয়।
কন্যা
মাসের শেষ দিকে কিছু চমক জুটতে পারে। চমকের ধমকে আবার খেই হারিয়ে ফেলবেন না যেন। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মাথাটা রাখবেন বরফ ঠান্ডা। সিংহের মতো বাঁচুন। সুতরাং যেকোনো ধরনের অন্যায়ে একেবারেই আপোস করবেন না। জয় অবশ্যই আপনার ঝুড়িতে উঠবে।
তুলা
গত মাসের শেষে কাজের চাপে প্রিয়জনের জন্য বরাদ্দ করা যে সময়টুকু দিতে পারেননি, সেটা এ মাসে পুষিয়ে দিতে ভুলবেন না। আপনি বরাবরই বিচক্ষণ। তাই যুক্তিহীন ধারণা পোষণ করবেন না। মাসটিতে পূর্ণ মনোযোগ ও সামর্থ্য দিয়ে নিজের কাজটি করে যান। একটি দুর্দান্ত ফল আপনারই অপেক্ষায়। আর পরিস্থিতি পুরোটাই নিজের নিয়ন্ত্রণে থাকবে।
