skip to Main Content

ফিচার I নেমন্তন্ন রইল বিয়েবাড়ি

বাঙালি জীবনে বিয়ে যদি একটা নতুন অধ্যায় হয়, তবে এই অধ্যায়ের ভূমিকা লেখা হয় আমন্ত্রণপত্রে। বাঙালি সংস্কৃতিতে আমন্ত্রণপত্র লেখার এই চল বহুকাল আগের

রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান দিয়ে শুরু করা যাক। ‘দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি/ বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়’। এমন কাব্য করে প্রেম নিবেদন বাঙালি সংস্কৃতিতে নতুন নয়। শুধু কি প্রেম? প্রেমের পরিণতিটাও খুব জাঁকজমকভাবে উদ্‌যাপন করি আমরা। সেই আয়োজনে আত্মীয়, বন্ধুবান্ধব ও স্বজনদের শামিল করার যে আমন্ত্রণপত্র, তা নিয়েই আজকের কথাবার্তা।
আদিতে আমন্ত্রণ
মধ্যযুগীয় ইউরোপে বিয়ের খবর পৌঁছাত মানুষের মুখে মুখে। সাধারণ মানুষের মধ্যে সাক্ষরতার হার সীমিত থাকায় বিয়ের খবর জানাতে শহরের ঘোষকেরা রাস্তায় রাস্তায় ঘোষণা দিতেন। অভিজাত পরিবারগুলো অবশ্য হাতে লেখা আমন্ত্রণপত্র তৈরি করত। দক্ষ লেখকের ক্যালিগ্রাফি, পারিবারিক প্রতীক আর মোমের সিল সেই নিমন্ত্রণে যোগ করত আভিজাত্য।
সপ্তদশ শতাব্দীতে ধাতব পাত খোদাই করে ছাপার কৌশল আমন্ত্রণপত্রকে আরও সূক্ষ্ম করে তোলে। এরপর ১৭৯৮ সালে অ্যালয়িস জেনেফেল্ডারের উদ্ভাবিত লিথোগ্রাফি বা পাথরে ছাপার পদ্ধতি মুদ্রণশিল্পকে নতুন সম্ভাবনা দেয়। উনিশ শতকে মুদ্রণপ্রযুক্তির প্রসারের সঙ্গে নকশাদার আমন্ত্রণপত্রও আরও সহজলভ্য হতে থাকে।
আমন্ত্রণে বাঙালিয়ানা
বাঙালি সংস্কৃতিতে আমন্ত্রণপত্রের আলাদা কদর রয়েছে। একটা সময়ে বর-কনের নাম, বিয়ের তারিখের পাশাপাশি থাকত কবিতা, ছড়া, এমনকি হবু বর-কনেকে নিয়ে মজার পদ্যও! নিমন্ত্রণের সঙ্গে সাহিত্য, রসিকতা আর শিল্পকর্ম জুড়ে দিয়ে বিয়ের কার্ডকে রীতিমতো ব্যক্তিগত স্মারকে পরিণত করেছিলেন বাঙালিরা। ১৩০৬ বঙ্গাব্দে আদি ব্রাহ্মসমাজের ছাপাখানা থেকে প্রকাশিত হয়েছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ‘পরিণয় সঙ্গীত’। ১৩২০ বঙ্গাব্দে সত্যচরণ মিত্রের ‘বিয়ের মন্তর’ বইয়ে সংকলিত আছে বিয়ের ত্রিশটি পদ্য। এমনকি আমন্ত্রণপত্রে কবিতা না থাকার আক্ষেপও জায়গা পেয়েছে এই বইয়ের পদ্যে—
‘পদ্যহীন বিয়ে,
ভাবলে গা কেঁপে ওঠে’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে শক্তি চট্টোপাধ্যায়, বিখ্যাত কবি-সাহিত্যিকদেরও দেখা যায় এই পরিসরে। বিয়ের পদ্য কখনো মূল কার্ডের সঙ্গে থাকত, কখনো আলাদা কাগজে ছাপিয়ে অনুষ্ঠানবাড়িতে অতিথিদের হাতে তুলে দেওয়া হতো। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, এমনকি প্রতিষ্ঠিত কবিরাও লিখতেন এসব রচনা।
খাম থেকে আমন্ত্রণী থালা
শুধু পদ্য নয়, পুরোনো বিয়ের কার্ডের পরিবেশনটাও ছিল বিশেষ আকর্ষণ। বনেদি পরিবারে নিমন্ত্রণপত্র পিতল বা কাঁসার থালায় পান-সুপারির সঙ্গে সাজিয়ে পৌঁছে দেওয়া হতো। এই থালার নাম ছিল ‘আমন্ত্রণী থালা’। মুর্শিদাবাদের খাগড়ায় তৈরি হতো এমন অনুষ্ঠানের উপযোগী তৈজস।
দেশীয় কার্ডের সাজপোশাক
দেশীয় আমন্ত্রণপত্রের জগৎ ঐতিহ্য আর আধুনিক নকশাকে একসঙ্গে মিশিয়েছে। কারও পছন্দ সাদামাটা, পরিপাটি কার্ড। কেউ চান রাজকীয় আবহ, ভারী খাম আর সোনালি অক্ষরের জৌলুশ। এক ভাঁজের কার্ড থেকে দুই পাশে খুলে যাওয়া গেট-ফোল্ড, বহু ভাঁজের নকশা, স্তরযুক্ত কার্ড কিংবা লেজার-কাট নকশার খাম বেছে নেওয়ার সুযোগ কম নয়। আর্ট পেপার ও টেক্সচারযুক্ত কাগজের সঙ্গে গোল্ড-সিলভার ফয়েল, এমবসিং, ডিবসিং কিংবা ম্যাট ফিনিশ কার্ডের চেহারায় যোগ করে আলাদা মাত্রা। ধর্মীয় মোটিফ, ক্যালিগ্রাফি, ফুলেল অলংকরণ কিংবা আধুনিক মিনিমাল নকশাও রাখা যায় পছন্দমতো।
কোথায় পাবো তারে
একসময় আজাদ প্রোডাক্টস ছিল বিয়ের কার্ডের জগতের অলিখিত রাজা। আইডিয়াল প্রোডাক্টও বেশ জনপ্রিয় ছিল। সেই জায়গায় এখন এসেছে বদল। দেশীয় কার্ড ডিজাইনে সেইভ দ্য ডেইট, কালারেক্স, আনন্দ প্রোডাক্টসের মতো বেশ কিছু প্রতিষ্ঠানের নাম বলা যায়। যদিও সবার কাজের ধরন আলাদা। কাস্টম নকশা, বিভিন্ন উপকরণ এবং একই থিমে সাজানো কার্ড—ওসব নিয়ে কাজ করে সেইভ দ্য ডেইট। কালারেক্সের কাজের বিশেষত্ব বিলাসবহুল ও কনসেপ্টনির্ভর আমন্ত্রণপত্র। বক্স কার্ড, ফয়েল ডিটেইলিং, ব্যক্তিগত মনোগ্রাম ও নান্দনিক ফিনিশিংয়ের মতো বিষয় সেখানে গুরুত্ব পায়। অন্যদিকে আনন্দ প্রোডাক্টসের সংগ্রহে ঐতিহ্যবাহী ও প্রিমিয়াম কার্ডের পাশাপাশি লেজার-কাট এমডিএফ বোর্ডের নকশাও রয়েছে। অর্ডারের আগে অবশ্যই নমুনা, বর্তমান মূল্য, সর্বনিম্ন অর্ডারের পরিমাণ ও সরবরাহের সময় যাচাই করে নেওয়া ভালো।
প্রিন্ট থেকে স্ক্রিন
বর্তমান সময়ে বিয়ের আমন্ত্রণে ডিজিটাল ইনভাইটেশন বেশ জনপ্রিয় হয়েছে। স্থির ছবি, পিডিএফ কিংবা অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে পাঠানো যায় বিয়ের নিমন্ত্রণ। কখনো দেখা যায় বর-কনের ছবি দিয়ে তৈরি অ্যানিমেশন, কখনোবা স্থির ছবির পেছনের দৃশ্যপট পাল্টে যাচ্ছে। সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো থাকছেই। ভেন্যুর অবস্থান, সময়সূচি ও উপস্থিতি নিশ্চিত করার লিংক দেওয়া থাকে কার্ডে। কোনো কোনো ডিজিটাল সেবায় অতিথির উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থাও রয়েছে। তবে ডিজিটাল কার্ড এসেছে বলে কাগজের কার্ডের প্রয়োজন ফুরিয়ে গেছে, এমন নয়। অনেকে ছাপানো কার্ডের পাশাপাশি অনলাইন আমন্ত্রণও ব্যবহার করেন।
কাগজে ছাপা হোক কিংবা মোবাইলের পর্দায় ভেসে উঠুক, মূলকথা একই, ‘আমাদের আনন্দের দিনে আপনিও থাকুন।’ নকশা বদলায়, মাধ্যম বদলায়, বদলে যায় সময়ের রুচি; কিন্তু প্রিয় মানুষদের কাছে টেনে নেওয়ার এই ছোট্ট আমন্ত্রণের আবেদন থেকে যায় আগের মতোই।

ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top