ট্রাভেল ট্রিক I মধুচন্দ্রিমার মুহূর্তে
বিয়ের পর প্রথম ভ্রমণ নবদম্পতির কাছে পরম কাঙ্ক্ষিত বিষয়। একসঙ্গে নতুন জায়গা আবিষ্কারের উত্তেজনা—স্মৃতির মানসপটে চিরভাস্বর। অতি আনন্দের এই সময়কে আরও স্মরণীয় করে তুলতে পারেন কিছু কৌশলে
ভ্রমণের সময় নির্বাচনে ছুটি কিংবা পর্যটন মৌসুমের পরিবর্তে অফ সিজন বেছে নিতে পারেন। নির্জনে একান্ত সময় কাটানো এবং প্রকৃতি উপভোগের সুযোগ—দুই-ই মিলবে। তা ছাড়া অফ সিজনে রিসোর্ট থেকে শুরু করে ডিনার ডেটে স্পেশাল ডিসকাউন্টও থাকে।
বিলাসবহুল রিসোর্টের পরিবর্তে বেছে নিতে পারেন হোমস্টে, বুটিক হোটেল কিংবা ভিলা। প্রকৃতির কাছাকাছি, সুন্দর পরিবেশ ও ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ থাকবে এমন স্থান।
ভিলা কিংবা হোটেলকে জানিয়ে রাখুন, এটি হানিমুন ট্রিপ। বিশেষ উপলক্ষের কথা জানিয়ে রাখলে রুম ডেকোরেশন, ওয়েলকাম ড্রিংক, ডেজার্ট কিংবা ছোট ছোট আনন্দ আয়োজনের ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
ভ্রমণে রাখুন বিশ্রামও। প্রতিদিন নতুন জায়গায় ঘোরাঘুরির বদলে কিছুটা অবসর। একসঙ্গে ধীরে নাশতা করা, বিকেলে হাতে হাত রেখে ঘুরে দেখা অথবা হোটেলে আলসে সময় কাটানোও হানিমুনের অংশ।
ট্রিপের কোনো একটা দিনকে বিশেষ ডিনারের জন্য পরিকল্পনায় রাখুন।
কয়েকটি নির্দিষ্ট সময়ে ছবি তোলার পরিকল্পনা করে বাকি সময়টা ফোন দূরে রেখে উপভোগ করুন। হানিমুনের সব স্মৃতি ক্যামেরায় ধরে রাখার চেয়ে কিছু মুহূর্ত নিজেদের জন্য রাখাও জরুরি।
দুজনের পছন্দের তালিকা করুন। একজন যদি পাহাড় পছন্দ করেন, অন্যজন সমুদ্র; তাহলে গন্তব্য বাছাইয়ে দুজনের পছন্দই বিবেচনায় রাখতে পারেন। এতে ভ্রমণ একতরফা না হয়ে দুজনের ভালো লাগায় পরিণত হবে।
স্থানীয় অভিজ্ঞতার জন্য জেনে নিন, কী কী আছে সেখানে। দর্শনীয় স্থান বাদেও স্থানীয় খাবার, রান্নার অভিজ্ঞতা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো বিশেষ অ্যাকটিভিটিও ভ্রমণকে স্মরণীয় করে তুলতে পারে।
জরুরি খরচের জন্য আলাদা বাজেট রাখুন। পরিবহন, অতিরিক্ত লাগেজ, শেষ মুহূর্তের বুকিং কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো খরচের জন্য মোট বাজেটের একটি অংশ আলাদা রাখলে ভ্রমণের সময় চাপ কমে আসে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দুজনের আরামকে অগ্রাধিকার দিন। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দর দেখাবে বলে অতিরিক্ত ব্যস্ত সূচি, দামি রেস্তোরাঁ বা একের পর এক অ্যাকটিভিটি বেছে নেওয়ার প্রয়োজন নেই। হানিমুনের সেরা পরিকল্পনা সেটিই, যেখানে দুজনই স্বচ্ছন্দে নিজেদের মতো সময় কাটাতে পারেন।
হানিমুন মানেই বিপুল খরচে বিলাসবহুল ভ্রমণ নয়; বরং দুজনের পছন্দ, সময় ও বাজেটের সঙ্গে মানানসই একটি পরিকল্পনা তৈরি করতে পারে সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা। গন্তব্য যতই পরিচিত হোক, সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়া ছোট ছোট মুহূর্তই শেষ পর্যন্ত হয়ে ওঠে ভ্রমণের সবচেয়ে বড় স্মৃতি।
লাইফস্টাইল ডেস্ক
ছবি: ইন্টারনেট
