skip to Main Content

দেশ-বিদেশ I সীমানা ছাড়িয়ে সানাই

দেশের পরিচিত গণ্ডির ভেতরে বিয়ে-শাদি আর কত? বিয়েটাকে ইউনিক করে রাখার ক্ষেত্রে বিয়ের ভেন্যুটাও হতে পারে দশজনের চেয়ে আলাদা

ডেস্টিনেশন ওয়েডিং যেন রূপকথার স্বপ। শুনতে দারুণ লাগে, কিন্তু মনের মধ্যে একরাশ প্রশ্নের উঁকি! শুধু সমুদ্রপাড়ে সুন্দর স্টেজ সাজালেই তো আর হবে না, প্রেমের সঙ্গে সঙ্গে তোড়জোড় শুরু করতে হয় পাসপোর্ট, ভিসা, ভেন্যু আর আকাশছোঁয়া বাজেটের! তবু ২০২৬ সালে এসে অনেক দম্পতিই ব্যাকপ্যাকে বিয়ের পোশাক নিয়ে পাড়ি জমাচ্ছেন কাঙ্ক্ষিত সব স্বপ্নের গন্তব্যে। দূর সীমানায় সানাইয়ের সুর বাজাতে এমন কিছু ডেস্টিনেশন ভেন্যু নিয়ে এই আয়োজন।
ইতালি
সিনেমাটিক ওয়েডিং ডেস্টিনেশনের তালিকার প্রথম দিকেই ইতালি। প্রায় ১৭ হাজার বিদেশি দম্পতির বিয়ে হয়েছে কেবল ২০২৫ সালেই। বিরাট কোহলি, দীপিকা পাডুকোন, এমিলি ব্লান্টের মতো গ্লোবাল তারকাদের পছন্দের তালিকায় ছিল ইতালি।
কোথায়: লেক কোমোর ভিলা, তাসকানির গ্রাম, আমালফির পাহাড়ি উপকূল—প্রতিটি জায়গার নিজস্ব দৃশ্যপট রয়েছে।
কাগজপত্র: বাংলাদেশি নাগরিকদের স্থানীয় আইনে বিয়ে করতে সাধারণত নিজ দেশের কর্তৃপক্ষ থেকে বিয়ের অনুমতিপত্র, প্রয়োজনীয় নথির অনুবাদ ও বৈধকরণ সনদ লাগতে পারে। প্রয়োজনীয় নথি ইতালীয় ভাষায় অনুবাদ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়।
বাজেট: ২০ থেকে ৬০ অতিথির আয়োজন সাধারণত ৩৫ হাজার থেকে ৬৫ হাজার ডলারে শুরু হয়; লেক কোমোর বিলাসী ভেন্যুতে খরচ আরও বেশি।
গ্রিস
গ্রিসের সরকারি পর্যটন সংস্থা সান্তোরিনিকে বিদেশি দম্পতিদের অন্যতম জনপ্রিয় বিয়ের গন্তব্য হিসেবে উল্লেখ করে।
কোথায়: সান্তোরিনির ক্যালডেরা, আগ্নেয়গিরির কালো সৈকত আর সূর্যাস্ত, বিয়ের ব্যাকড্রপ হিসেবে পারফেক্ট।
কাগজপত্র: বিদেশি নাগরিকের বিয়েতে বাধা নেই এমন সনদ, জন্মসনদ, পাসপোর্ট এবং প্রয়োজনীয় অনুবাদ ও বৈধকরণ লাগতে পারে। গ্রিসের সরকারি প্রক্রিয়ায় নথির দেশভেদে অ্যাপোস্টিল বা কনস্যুলার প্রত্যয়ন প্রয়োজন হয়।
বাজেট: ২০ থেকে ৭০ জন অতিথির একটি আয়োজনের ২০২৬ সালের বাজেট ৩৫ থেকে ৭৬ লাখ, বিমানভাড়া ও থাকার খরচ বাদে।
থাইল্যান্ড
বাংলাদেশ থেকে দূরত্ব ও খরচের বিচারে ইউরোপের তুলনায় থাইল্যান্ড অনেক বেশি বাস্তবসম্মত।
কোথায়: ফুকেট, কো সামুই, ক্রাবি ও ব্যাংকক। ফুকেটের সমুদ্রসৈকত আর কো সামুইয়ের রিসোর্টভিত্তিক আয়োজন জনপ্রিয়।
কাগজপত্র: অবিবাহিত বা বৈবাহিক অবস্থার সনদ এবং কিছু ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের নথি লাগতে পারে। এসব নথি থাই ভাষায় অনুবাদ ও নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বৈধ করতে হয়। থাই জেলা কার্যালয় ও স্থানীয় রেজিস্ট্রারের শর্ত আগে যাচাই করা জরুরি।
বাজেট: ২০২৬ সালের আন্তর্জাতিক বাজার অনুযায়ী থাইল্যান্ডে ১০ থেকে ২৫ লাখ টাকা খরচ হবে জনাকয়েক কাছের মানুষ নিয়ে। ৫০ জন অতিথির জন্য ১৮ থেকে ৪৪ লাখ টাকায় আয়োজন করা সম্ভব। বিলাসী রিসোর্ট এবং কয়েক দিনের অনুষ্ঠান হলে খরচ বাড়বে।
বালি, ইন্দোনেশিয়া
বিয়ের সঙ্গে হানিমুনকে এক ভ্রমণে মিলিয়ে নেওয়ার সুযোগই বালির বড় আকর্ষণ।
কোথায়: পাহাড়ের কিনারে সমুদ্রের দিকে মুখ করা উলুওয়াতু কিংবা সবুজে ঘেরা উবুদ—দুই রকম অভিজ্ঞতাই পাওয়া যাবে। পছন্দ আপনার।
কাগজপত্র: পাসপোর্ট, বৈবাহিক অবস্থার অথবা বিয়ের যোগ্যতার নথি এবং ইন্দোনেশিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ধর্মীয় ও সিভিল রেজিস্ট্রেশনের কাগজপত্র লাগতে পারে। বিদেশি নথির অনুবাদ ও সত্যায়নও প্রয়োজন হতে পারে।
বাজেট: ৩০ থেকে ৫০ জন অতিথির জন্য একটি ভালো মানের আয়োজনে ২৫ থেকে ৪৩ লাখ ধরে পরিকল্পনা করা যায়।
মরিশাস
অনুষ্ঠান যদি হয় ছোট, অথচ দৃশ্যপটটা হতে হয় পোস্টকার্ডের মতো, তাহলে মরিশাস বেশ আকর্ষণীয়।
কোথায়: গ্র্যান্ড বেই, লে মর্ন, বেল মার ও ট্রু অক্স বিচ জনপ্রিয়। সাদা বালির সৈকত আর নীল সমুদ্র এখানে বিয়ের মূল মঞ্চ।
কাগজপত্র: সাধারণত ৩ মাসের মধ্যে ইস্যু করা জন্মসনদ, পাসপোর্টের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে বিবাহবিচ্ছেদ, পূর্ববর্তী সঙ্গীর মৃত্যুসনদ বা নাম পরিবর্তনের নথি প্রয়োজন হয়। নথিপত্র ইংরেজি বা ফরাসি ভাষায় না হলে তার অনুবাদ প্রয়োজন হয়।
বাজেট: ৫০ অতিথির জন্য ২০ থেকে ৪০ লাখ টাকার বেশি ধরে পরিকল্পনা করা যায়। বিমানভাড়া ও থাকার খরচ আলাদা। সরকারি কর্মকর্তা গিয়ে হোটেল বা ব্যক্তিগত স্থানে বিয়ে পড়ালে নির্দিষ্ট সরকারি ফি রয়েছে তাদের।

 শ্রেয় চৌধুরী
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top