দেহযতন I সোয়েটিং ফর ওয়েডিং
হ্যালো ব্রাইড-টু-বি! ব্লাউজ কিংবা লেহেঙ্গার ফিটিং নিয়ে দুশ্চিন্তা, তাই না? শেষ মুহূর্তে ক্র্যাশ ডায়েট বা ক্র্যাশ ফিটনেসের চিন্তা করছেন? একটু কুল হয়ে শরীরটা রেডি করতে ফিটনেস কোচ নাঈমা হাসান দিয়েছেন দারুণ কিছু টিপস। চলুন, দেখে নেওয়া যাক কীভাবে হাসতে হাসতে ফিট ব্রাইড হওয়া যায়
ক্যাজুয়াল ক্যাটওয়াক
এক দিনে উসাইন বোল্ট হতে যাবেন না! বরং রোজ একটু স্পিডে হাঁটা শুরু করুন। ভাবুন, শপিং মলে সেল দিয়েছে আর আপনি সবার আগে পৌঁছাতে চাচ্ছেন। ঠিক ওই স্পিডে হাঁটার অভ্যাস করুন। এতেই ভেতরের স্ট্যামিনা জ্যান্ত হয়ে উঠবে!
স্ট্রেন্থ ট্রেনিং
বিয়ের লেহেঙ্গার ওজন কত হয় জানেন? যেন ছোটখাটো একটা চালের বস্তা! আর সেটি পরে সারা দিন হাসিমুখে ঘুরতে হলে পেশিতে একটু জোর থাকা চাই। তাই স্কোয়াট, লাঞ্জ আর হালকা ডাম্বেল নিয়ে একটু নাড়াচাড়া করুন। জিম ট্রেইনারের কাছ থেকে টেকনিকটা ঠিকঠাক বুঝে নেবেন, আবার ভুলভাল ব্যায়ামে কোমরের বারোটা বাজাবেন না যেন!
কোর মজবুত
স্টেজ থেকে নেমে যখন ১০ জন আত্মীয়ের সঙ্গে ছবি তুলবেন, তখন সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটাই বড় চ্যালেঞ্জ। পেট আর কোমরের পেশি শক্ত থাকলে বসার বা দাঁড়ানোর ব্যালেন্স দারুণ থাকে। তাই প্ল্যাঙ্ক ট্রাই করুন। মনে রাখবেন, সিক্স প্যাক বানানো নয়, উদ্দেশ্য হলো স্টেজে ঢলে না পড়া!
নেচে-গেয়ে কার্ডিও
কার্ডিও মানেই শুধু ট্রেডমিলে দৌড়ানো নয়, আপনার প্রিয় বাংলা বা বলিউডের গানে টানা নাচুন! একদিকে নাচের প্র্যাকটিসও হয়ে গেল, কার্ডিওর কোটা পূরণও। উইন উইন সিচুয়েশন!
টানাটানি মানা
ব্যায়ামের পর পেশিগুলোকে একটু স্বস্তি দিন। জোর করে পা টানতে গিয়ে ব্যান্ডেজ বাঁধিয়ে বসবেন না যেন! শরীরচর্চার আসল গেমটাই হলো নিজেকে চাঙা রাখা, অপারেশন থিয়েটারে পাঠানো নয়।
বিয়ের মাত্র এক সপ্তাহ আগে ৫ কেজি ওজন কমাতে হবে ভেবে না খেয়ে জিমে যাওয়া বন্ধ করুন। এতে ফেসের গ্লো তো যাবেই, উল্টো অনুষ্ঠানের দিন এনার্জি শূন্য হয়ে ধপাস করার চান্স থাকবে! কয়েক মাস আগে থেকে ধীরে ধীরে অভ্যাস বানান। আর বিয়ের ঠিক আগের সপ্তাহে ব্যায়ামের প্রেশার কমিয়ে চিল করুন, ঘুমান আর স্পা নিন। মনে রাখবেন, ফিটনেস মানে কোনো নির্দিষ্ট সাইজের জামায় শরীর ঠেসে ঢোকানো নয়; বিয়ের পুরো হুল্লোড়টা যেন ধুমধাম এনজয় করতে পারেন, সেটাই আসল কথা!
ছবি: ইন্টারনেট
