ফিচার I তুমি + আমি = আমরা
দুটি ভিন্ন হৃদয় যখন একটি নীড় বাঁধতে বিভোর হয়, তখন চারপাশটা যেন রূপকথার মতো মোহময়ী হয়ে ওঠে। সম্ + সার = সংসার; এই যৌথ জীবনের মিষ্টি যাত্রায় একে অপরের হাত শক্ত করে ধরা মানে শুধু পাশাপাশি চলা নয়, বরং জীবনের রোদ-ঝড়-বৃষ্টির প্রতিটি ক্ষণে একে অপরের ছায়া হয়ে থাকার অঙ্গীকার
ভালোবাসার এই উষ্ণ অনুভূতির সঙ্গে যখন হাত মেলায় দক্ষ আর্থিক পরিকল্পনা, তখন ভালোবাসার সেই কচি চারা এক সুদৃঢ় বৃক্ষে পরিণত হয়। একসঙ্গে জীবনের প্রথম দিন থেকে হিসাব-নিকাশের সঙ্গী হতে পারলে আগামী দিনের সোনালি স্বপ্নগুলো রঙিন হয়ে ধরা দিতে পারে জীবনের ক্যানভাসে। আর সে জন্য নবদম্পতির বাজেট তৈরিতে কিছু নির্দেশিকা অনুসরণ করা যেতে পারে।
নতুন দম্পতিদের জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজ আর্থিক ফ্রেমওয়ার্ক হলো ৫০/৩০/২০ নিয়ম। যৌথ মোট উপার্জনকে তিনটি মূল ভাগে ভাগ করে সহজে হিসাব মিলিয়ে ফেলা সম্ভব। এই নিয়মটির প্রণেতা যুক্তরাষ্ট্রের সিনেটর ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এলিজাবেথ ওয়ারেন।
প্রয়োজনীয় খরচ (৫০%)
প্রতি মাসের নির্দিষ্ট বাসস্থান খরচ।
বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট এবং মোবাইল বিল।
প্রয়োজনীয় খাবার ও সংসারের দরকারি সামগ্রী।
যাতায়াত খরচ, জ্বালানি, গাড়ি/বাইকের মোটর বা পাবলিক ট্রান্সপোর্ট পাস।
ব্যক্তিগত শখ ও বিনোদন (৩০%)
বাইরে খাওয়া, ডেট নাইট কিংবা দম্পতিদের বিশেষ ছুটির পরিকল্পনা।
বিশেষ কেনাকাটা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান।
কোনো ধরনের জবাবদিহি ছাড়া দুজনের জন্য সমান পরিমাণ নির্দিষ্ট অর্থ, যা প্রত্যেকে নিজের মতো খরচ করতে পারবেন।
সঞ্চয় ও ভবিষ্যৎ লক্ষ্য (২০%)
জরুরি তহবিল: ৩ থেকে ৬ মাসের সংসার খরচের সমপরিমাণ টাকা আলাদা রাখা।
স্বল্পমেয়াদি লক্ষ্য: ঘুরতে যাওয়া, ঘরের নতুন আসবাব কেনা বা নিকট ভবিষ্যতের বড় খরচ।
দীর্ঘমেয়াদি বিনিয়োগ: ভবিষ্যতের সঞ্চয়পত্র বা জমানো মূলধন। হতে পারে ডিপিএস, পেনশন স্কিম কিংবা প্রভিডেন্ট ফান্ড।
এবার আসা যাক যৌথ খরচ যেভাবে ভাগ করবেন, সে বিষয়ে। উপার্জন অনুযায়ী দম্পতিরা তাদের সুবিধাজনক যেকোনো উপায়ে যৌথ খরচ ভাগ করে নিতে পারেন। যদি একজনের আয় মোট আয়ের ৬০ শতাংশ এবং অন্যজনের ৪০ শতাংশ হয়, তাহলে যৌথ খরচেও ৬০/৪০ অনুপাতে বহন করা সবচেয়ে যুক্তিসংগত। যদি দুজনের আয় প্রায় সমান হয়, তবে যৌথ বিলগুলো সমান দুভাগে ভাগ করে নেওয়া যায়। সম্পূর্ণ যৌথ ব্যবস্থাপনা দুজনের সব আয় একটি যৌথ অ্যাকাউন্টে জমা হবে এবং সেখান থেকে সংসারের সব খরচ ও সঞ্চয় পরিচালিত হবে।
নাফিসা আফরিন
সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক পিএলসি
ছবি: ইন্টারনেট
