skip to Main Content

ফিচার I উৎসবে ঐতিহ্যের ঠিকানা

দেশীয় প্রেক্ষাপটে বিয়ের সংস্কৃতি অনেক পুরোনো হলেও ভেন্যু ওয়েডিংয়ের প্রচলন বেশি দিনের নয়। বিয়ের ঘনঘটার এই পুরোনো কাসুন্দি ঘেঁটে দেখা যাক

একসময় বিয়ের জন্য আলাদা ভেন্যু খোঁজার চলই ছিল না। বিয়ে মানেই বাড়ির উঠান, ছাদ কিংবা পাড়া-মহল্লার মাঠ। ঢাকার শহুরে পরিবারে বাড়ির ছাদে শামিয়ানা আর গ্রামবাংলায় উঠানজুড়ে রঙিন কাগজে আত্মীয়স্বজনের সমাগমেই চলত বিয়ের আয়োজন। পরে শহর যত ঘন হয়েছে, বাড়ির পরিসর যত ছোট হয়েছে, ততই বিয়ের অনুষ্ঠান সরে যেতে শুরু করেছে নির্দিষ্ট ইভেন্ট স্পেসের দিকে।
ঔপনিবেশিক ঢাকায় অভিজাতদের বলরুম, ডান্স হল ও সোশ্যাল ক্লাবই ছিল বড় সামাজিক আয়োজনের অন্যতম ঠিকানা। আহসান মঞ্জিলের বলরুমে ইউরোপীয় অতিথিদের জন্য বল ডান্স এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীত-নৃত্যের আয়োজন হতো। বাংলাদেশে আধুনিক কমিউনিটি সেন্টার বা ওয়েডিং হলের ব্যাপক প্রচলন মূলত ১৯৭০-এর দশকে শুরু হয় বলে সমকালীন লেখায় উল্লেখ পাওয়া যায়। তেমন পুরোনো কিছু ওয়েডিং ভেন্যু থেকে ঘুরে আসা যাক।
চিটাগাং ক্লাব
প্রতিষ্ঠানটির ইতিহাস বলছে, ২৩ আগস্ট ১৮৭৮ সালে যাত্রা শুরু। অর্থাৎ প্রায় দেড় শ বছর ধরে সামাজিক অনুষ্ঠান আয়োজনের সঙ্গে যুক্ত। প্রথম দিকে সোশ্যাল ক্লাব হিসেবে ব্যবহৃত হলেও পরে আনুষ্ঠানিকভাবে ভেন্যু বুকিং শুরু করে। বিয়ে অথবা বড় সোশ্যাল ইভেন্ট আয়োজনের জন্য রয়েছে ব্যাংকোয়েট হল, অডিটরিয়াম ও সবুজ গালিচা। সঙ্গে নিজস্ব ক্যাটারিং সার্ভিস, ফ্যামিলি ডাইনিং, বেকারি এবং অতিথির জন্য গেস্টহাউস সুবিধা। পাশাপাশি সুইমিংপুল, টেনিস, স্কোয়াশ, বিলিয়ার্ডস, হেলথ ক্লাবসহ নানা রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি।
খুলনা ক্লাব
ব্রিটিশ শাসনামলের আরেকটা পুরোনো ভেন্যু হলো খুলনা ক্লাব। প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৫ সালে। বলরুম, মাল্টিপারপাস ভবন, রেস্টুরেন্ট—এসবের পাশাপাশি রয়েছে কটেজ, সুইমিংপুল, জিম, জাকুজিসহ কনফারেন্স এবং পার্কিং সুবিধা।
ইন্টারকন্টিনেন্টাল
ঢাকা কেন পিছিয়ে থাকবে? ওয়েডিং রিসেপশনের মানচিত্রে ষাটের দশকের ঢাকায় ইন্টারকন্টিনেন্টালের নাম বারবার ফিরে আসে। হোটেলটির ইতিহাস ১৯৬০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত পৌঁছে যায়। আজকের এই হোটেল সেই পুরোনো হোটেল লিগাসিকে আধুনিক ব্যাংকোয়েট এক্সপেরিয়েন্সের সঙ্গে মিলিয়ে রেখেছে। ২১ হাজার বর্গফুটের বেশি ইনডোর স্পেস ইভেন্ট, নয়টি ব্যাংকোয়েট ও মিটিং রুম এবং দুটি বলরুম। যেন বড় আয়োজনের জন্য জায়গার অভাব নেই। এর কলামবিহীন গ্র্যান্ড বলরুম, উঁচু সিলিং, বাগানের দিকটার প্রি-ফাংশন এরিয়া যেকোনো বড় অনুষ্ঠানকে একটা গ্র্যান্ড লুক দিতে পারে। অন্যদিকে উইন্টার গার্ডেন যেন ইনডোর বলরুমের বিপরীত মেরু। খোলা আকাশের নিচে ওয়েডিংয়ের ফ্যান্টাসি যদি থেকে থাকে, তাহলে উইন্টার গার্ডেন একেবারে পারফেক্ট। অর্থাৎ বলরুম ওয়েডিং হোক বা গার্ডেন ওয়েডিং—দুটিই পাওয়া যাবে এক ছাদের নিচে।
অফিসার্স ক্লাব
বেইলি রোডের এই ক্লাব যাত্রা শুরু করে ১৯৬৭ সালে। শুরুতে সরকারি কর্মকর্তাদের রিক্রিয়েশন ও সোশ্যাল লাইফের জায়গা হিসেবে তৈরি হলেও সময়ের সঙ্গে এই ক্লাবের অডিটরিয়াম বাইরের অনুষ্ঠানেও ব্যবহৃত হতে শুরু করে। এখানে বিয়ের আয়োজনের আকর্ষণ হলের চার দেয়াল পেরিয়ে প্যাভিলিয়ন ও লন অব্দি চলে গেছে। সঙ্গে রয়েছে দোতলা অডিটরিয়াম, প্যাভিলিয়ন আর ক্লাবের নিজস্ব ক্যাটারিং ব্যবস্থা। অতিথিদের জন্য গেস্টহাউস, ক্যাফেটেরিয়া, স্যালন, লাইব্রেরি, সুইমিংপুল, জিম, ব্যাডমিন্টন, স্কোয়াশ, বিলিয়ার্ডসসহ নানা সুবিধা রয়েছে। অনুষ্ঠানের আবহ অনুযায়ী চরিত্র বদলে ফেলতে পারে নিমেষে।
আজিজ মঞ্জিল
১৯৫৮ সালে তৈরি আজিজ মঞ্জিল যেন তৈরিই হয়ে আছে তেমন একটি ওয়েডিং ইভেন্টের জন্য। পুরোনো বাড়িটির পাশের বিস্তৃত বাগানই এখানে মূল আকর্ষণ। বর্তমানে জায়গাটি হলুদ, বিয়ে, গার্ডেন পার্টি এবং সামাজিক অনুষ্ঠানের ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে একসঙ্গে হাজারের বেশি অতিথি সামলানোর সক্ষমতা নিয়ে। খোলা জায়গাটি নিজের পছন্দমতো সাজানোর সুযোগ আছে, ফলে চিরাচরিত বাঙালি বিয়ে থেকে কনটেম্পরারি আউটডোর সেলিব্রেশন—দুটিই সম্ভব। কনের মেকআপ ও রেস্টের জন্য আলাদা সুবিধা, অতিথিদের রেস্টরুম এবং ইভেন্ট সাপোর্টও রয়েছে।

 শ্রেয় চৌধুরী
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top