অন্দরমহল I এই ঘর এই সংসার
বিয়ের পর নতুন ঠিকানা। এক ছাদের নিচে টোনাটুনির সংসার। ‘আমি’ থেকে ‘আমরা’ হওয়ার প্রথম ধাপ। কিন্তু ঘরটা কেমন হবে, কীভাবে সাজবে, এসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আমরা
নতুন দম্পতির বাড়ি সাজানোর প্রথম বিষয় হচ্ছে, সবকিছু একসঙ্গে কিনে না ফেলা। আগে বোঝা জরুরি, নবদম্পতি আসলে কীভাবে বাড়িটিতে থাকতে চান। পর্দার কাপড় থেকে নতুন ফার্নিচার, দম্পতির যৌথ অংশগ্রহণ—সবকিছুর কেনাকাটাও মনে হবে মিষ্টি-মধুর। পাশাপাশি ঘরের আয়তন ও বিন্যাস বিবেচনাও জরুরি।
এসো বসো, আমার উঠানে
বসার ঘরটাই হলো বাসার উঠান। বিয়ের পর আত্মীয় অথবা বন্ধুদের আনাগোনা থাকবেই। তাই বসার ঘরটি হওয়া চাই অতিথিবান্ধব, আবার অতিরিক্ত ভারিক্কিও নয়। ছোট জায়গায় সোফার সঙ্গে বহুমুখী কনসোল টেবিল, কফি টেবিল বা কার্পেট ব্যবহার করা যায়। দেয়ালের একাংশে ছবি, বই বা ভ্রমণের স্মারক রাখলে ঘরটি হয়ে উঠবে আরও ব্যক্তিগত। দেয়ালের রংটাও হালকা রাখা ভালো। এতে স্নিগ্ধতা ছড়াবে। তবে ঘরটা যেন একেবারে শোরুমে পরিণত না হয়। বিয়ের ছবি, উপহার, শোপিস—সব একসঙ্গে সাজিয়ে রাখার বদলে বেছে নেওয়া যায় এমন কিছু জিনিস, যেগুলোর সঙ্গে দুজনের গল্প জড়িয়ে আছে। অনেক ক্ষেত্রে পুরোনো আসবাব নতুন করে ব্যবহৃত হতে পারে। চাইলে নিজের পছন্দমতো কাস্টম সোফা বানিয়ে নেওয়া যায়। বিয়ের উপহার হিসেবে পাওয়া আয়নাটা হয়ে যেতে পারে ড্রেসিং টেবিলের অংশ।
ভাত বেড়ে দেব তোমায়
দুজন দুজনকে ভাত বেড়ে দেওয়ার জন্য ছয়-আট আসনের টেবিল কি সত্যিই দরকার? বরং ছোট জায়গায় দেয়ালঘেঁষা টেবিল, বেঞ্চ বা প্রয়োজনমতো বাড়ানো যায় এমন আসন বেশ কার্যকর। জায়গা অনুযায়ী ছোট টেবিল, বেঞ্চ কিংবা প্রয়োজনমতো বাড়ানো যায় এমন আসবাব আর সঙ্গে থাকতে পারে টেবিলের ওপর ফুলের ছোট্ট ফুলদানি, মোমবাতি বা একটি সুন্দর টেবিল রানার। প্রতিদিনের সাদামাটা খাবারকেও একটুকরো উৎসবের আমেজ দিতে পারে। নতুন সংসারে খাওয়ার টেবিলের খুনসুটিগুলোই পরে মায়াময় স্মৃতি হয়ে থাকে।
রান্নাবাটি খেলার ঘর
রান্নাঘরের সজ্জার ক্ষেত্রে সৌন্দর্য থেকেও জরুরি বিষয় হলো স্বাচ্ছন্দ্য। প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস হাতের কাছে, কম ব্যবহৃত জিনিস ক্যাবিনেটে, এই সহজ নিয়মে রান্নাঘর থাকবে ছিমছাম ও পরিচ্ছন্ন। কাউন্টার যেন অপ্রয়োজনীয় জিনিসে ভরে না যায়। অর্থাৎ কয়েকটি ব্যবহার্য জিনিস দৃশ্যমান রাখলে রান্নাঘরও হয়ে উঠবে অন্দরসজ্জার অংশ।
বারান্দায় রোদ্দুর
অবসরে পা এলিয়ে দিয়ে বসে অপর মানুষটার সঙ্গে এক কাপ চায়ে একান্ত মুহূর্ত কাটানোর জন্য বারান্দার চেয়ে ভালো কোনো জায়গা আর হয় না। এ জন্য হয়তো বাসা নেওয়ার সময় বারান্দার খোঁজটা সবার আগে নেওয়া হয়। দুটি চেয়ার, ছোট টি-টেবিল, কয়েকটি গাছ কিংবা একটি দোলনা, এই তো! সন্ধ্যার চা, ছুটির সকালের গল্প কিংবা নিঃশব্দে পাশাপাশি বসে থাকার জন্য আলাদা এক কোণ।
রাখো শীতলপাটিতে মাথা
দুজনের মাথা রাখার ঘরটিই বাসার সবচেয়ে ব্যক্তিগত জায়গা। খুব বেশি সাজসজ্জার বদলে নরম আলো, আরামদায়ক বিছানা, পছন্দের রঙের বেডকভার আর দুজনের ব্যক্তিগত কিছু স্মৃতি থাকতে পারে সেখানে। বিছানার দুই পাশে আলাদা আলো বা ছোট টেবিল রাখলে দুজনের নিজস্ব জায়গা তৈরি হয়।
এসব ছাড়াও ঘরের নানা কোণে সবুজের ছোঁয়া আনা যেতে পারে। বড় গাছ রাখার জায়গা না থাকলে ছোট টব, ঝুলন্ত প্ল্যান্ট কিংবা জানালার ধারে কয়েকটি ইনডোর প্ল্যান্টই যথেষ্ট। সবুজ শুধু ঘরকে সতেজ করে না; কাঠ, বেত, মাটির পাত্রের মতো প্রাকৃতিক উপকরণের সঙ্গে মিশে অন্দরমহলে কোমল আবহ তৈরি করে।
নতুন সংসারের সবচেয়ে সুন্দর অন্দরসজ্জা হয়তো দামি আসবাব নয়। একজনের প্রিয় চেয়ার তো অন্যজনের পছন্দের ছবি। প্রথম ভ্রমণের স্মারক, জানালার ধারে দুটি কাপ; এমন ছোট ছোট জিনিস দেয়ালগুলোকে বদলে দিতে পারে পথচলার প্রথম ঠিকানায়।
শ্রেয় চৌধুরী
ছবি: ইন্টারনেট
