skip to Main Content

এডিটর’স কলাম I কনে দেখা আলোয় -কানিজ আলমাস খান

সময়ের অভিজ্ঞতায় জেনেছি, বিয়ের সাজে অঙ্গাঙ্গি জড়িয়ে মানুষের প্রত্যাশা, আবেগ, পারিবারিক সংস্কৃতি আর সামাজিক রুচি। প্রত্যেক কনের নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প

বিয়েবাড়িতে সবার দৃষ্টি আটকে থাকে কনের পানে। নববধূকে দেখার প্রথা, তার সাজের আবহ ঘিরে কতশত গান, পদাবলি কিংবা হালের ম্যাগাজিনগুলোর গাইডলাইন—কোনো সীমা নেই। নতুন বউয়ের রেশ থাকে তত দিন, যত দিন না তার হাতের মেহেদি ফিকে হয়ে আসে। তবে কনেকে দেখতে যাওয়া আর তাকে সাজানোর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। দীর্ঘ ক্যারিয়ারে কনেদের সাজাতে গিয়ে দেখেছি, বিয়ের দিনটি নিয়ে প্রত্যেকের কল্পনা আলাদা। কেউ চান রাজকন্যার মতো সাজতে, কেউ চান মায়ের বিয়ের ছবির মতো ঐতিহ্যবাহী রূপে ধরা দিতে। কেউ আবার আয়নায় নিজেকে দেখে বলতে চান, আমাকে যেন আমার মতোই লাগে! এই শেষের চাওয়াই আমার বরাবর গুরুত্বপূর্ণ মনে হয়েছে। কারণ, বিয়ের সাজে কনে সুন্দর দেখাবে, এ তো প্রত্যাশিত। কিন্তু সেই সৌন্দর্যের ভেতর তার নিজের পরিচয়টুকু অক্ষত থাকছে কি না, সেটিও কম গুরুত্বপূর্ণ নয়।

দুই
একসময় কনের সাজ বলতে আমাদের চোখে ভেসে উঠত গাঢ় মেকআপ, ভারী গয়না আর লাল বেনারসি। সেই সাজেরও নিজস্ব সৌন্দর্য ছিল, ছিল সময়ের রুচি আর সামাজিক প্রত্যাশার প্রতিফলন। ধীরে ধীরে বদলেছে প্রসাধনের ধরন, চুলের সাজ, পোশাকের রং, গয়নার নকশা। এখন কেউ চান মসৃণ, স্বাভাবিক ত্বকের আভা। কেউ পছন্দ করেন নাটকীয় চোখের সাজ, কেউ আবার লালকে পাশ কাটিয়ে বেছে নেন প্যাস্টেল, গোলাপি কিংবা আর্দি টোন। ফ্যাশনের এই যাত্রায় সবচেয়ে আনন্দের বিষয়, কনের হাতে এখন বিকল্প বেশি। তবে বিকল্প যত বাড়ে, তেমনি সিদ্ধান্তহীনতাও! কখনো কখনো একটি লিপস্টিকের রং ঠিক করতেও যত ছবি দেখা হয়, তা দিয়ে ছোটখাটো প্রদর্শনী হয়ে যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এই পরিবর্তনকে আরও ত্বরান্বিত করেছে। পৃথিবীর নানা প্রান্তের বিয়ের ছবি এখন হাতের মুঠোয়। কিন্তু ট্রেন্ড মানেই যে সবার জন্য উপযুক্ত, তা নয়। যে সাজ একটি মুখে অপূর্ব, অন্য মুখে সেটি বেমানানও হতে পারে। তাই কনের মুখের গড়ন, ত্বকের স্বাভাবিক রং, পোশাক, ব্যক্তিত্ব এবং অনুষ্ঠানের পরিবেশ বুঝে সাজ নির্বাচন করা জরুরি। আমার কাছে সাজের সার্থকতা এখানেই। প্রচলিত সৌন্দর্যের ধারণায় সবাইকে একই রকম করে তোলা নয়, বরং প্রত্যেকের নিজস্ব সৌন্দর্যকে চিনে নেওয়া।
তিন
অনেকে নিজের স্বাভাবিক গায়ের রং বদলে ফরসা দেখানোর প্রত্যাশা করতেন। এখন অনেক কনে নিজেদের ত্বকের স্বাভাবিক রং ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখতে আগ্রহী। এই পরিবর্তনকে সামাজিক ট্যাবু ভেঙে দীর্ঘ লড়াইয়ের সফলতা হিসেবে দেখি। একটা লম্বা সময় স্রোতের বিপরীতে আমাদের কাজ করে যেতে হয়েছে। সৌন্দর্যকে একটি নির্দিষ্ট রং কিংবা ছাঁচে আটকে রাখলে মানুষের স্বাভাবিক বৈচিত্র্য অস্বীকার করা হয়। সাজের কাজ সেই বৈচিত্র্যকে যত্ন, নান্দনিকতা ও পরিমিতির মধ্য দিয়ে উদ্‌যাপন করা।

চার
দীর্ঘদিন কাজের সুবাদে কনেদের মধ্যে যে বিষয়টি বেশি অনুভব করি, তা হলো বিয়ের দিনটি নিয়ে তাদের আবেগের গভীরতা। কেউ মায়ের পছন্দের শাড়ি পরতে চান, কেউ দাদির পুরোনো গয়না, কেউ আবার নিজের পছন্দে তৈরি পোশাকে নতুন স্মৃতি গড়তে চান। বাইরে থেকে এগুলো সাজের অনুষঙ্গ মনে হলেও প্রতিটির সঙ্গে জড়িয়ে থাকে কোনো মানুষ, কোনো সম্পর্ক কিংবা জীবনের বিশেষ একটি অধ্যায়। তাই কনেকে সাজানোর সময় শুধু তার মুখের দিকে তাকালেই হয় না, পছন্দও বুঝতে হয়। কারণ, প্রসাধনের কাজ শেষ হয়ে যায় কয়েক ঘণ্টায়, কিন্তু সেই দিনের স্মৃতি থেকে যায় বহু বছর। বিয়ের এত আয়োজন, এত ট্রেন্ড, এত পরিকল্পনার শেষে মনে হয়, কনের জন্য সবচেয়ে সুন্দর সাজ হলো সেটাই যাতে তিনি স্বচ্ছন্দে হাসতে পারেন, নিজের মতো করে কথা বলতে পারেন এবং আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারেন।

পাঁচ
বিয়ে জীবনের নতুন অধ্যায়ের শুরু। সেই শুরুতে সৌন্দর্য থাকুক, উৎসব থাকুক, রুচি থাকুক; আর থাকুক স্বস্তি, আনন্দ আর নিজের পছন্দের স্বাধীনতা। কারণ, কনেকে সাজানোর আনন্দ শুধু তাকে সুন্দর করে তোলায় নয়, তার বিশেষ দিনটিকে নিজের করে তুলতেও। আর অসংখ্য কনেকে সাজানোর পরও নতুন প্রত্যেক কনের সামনে দাঁড়িয়ে মনে হয়, গল্পটি নতুন—তাই সাজ নিয়েও নতুন করে ভাবতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top