স্পাইস আপ I স্বর্ণরেণু
বিশ্বের সবচেয়ে দামি মসলা জাফরান। যার সুগন্ধ ও আভার তুলনা সে নিজেই
বৈজ্ঞানিক নাম ক্রোকাস সাটিভাস। আদতে কোনো ফুল, বীজ, ফল বা পাতা নয়। ক্রোকাস ফুলের গর্ভমুণ্ড বা স্টিগমার শুকনা অংশই জাফরান। প্রতিটি ফুলে থাকে তিনটি সূক্ষ্ম লালচে-কমলা স্টিগমা। ফুল ফোটার সময় হাতে তুলে সংগ্রহ করতে হয় এই গর্ভমুণ্ড। এক গ্রাম জাফরান পেতে প্রয়োজন বিপুলসংখ্যক ফুলের। উৎপাদন প্রক্রিয়া সময়সাপেক্ষ ও শ্রমনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারে একে লাল স্বর্ণ বলে।
জাফরানের আদি উৎস নিয়ে ইতিহাসবিদ ও উদ্ভিদবিজ্ঞানীদের মতভেদ রয়েছে। গ্রিস ও পশ্চিম এশিয়ায় চাষাবাদ থেকে ব্যবহারের দীর্ঘ ইতিহাস দৃশ্যমান। গ্রিসের সান্তোরিনি দ্বীপের আকরোতিরি প্রত্নস্থলে পাওয়া দেয়ালচিত্রে নারীদের জাফরান ফুল সংগ্রহ করতে দেখা যায়। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব প্রায় ১৬০০ অব্দের এই চিত্র অন্যতম প্রাচীন দৃশ্যমান প্রমাণ। সময়ের পরিক্রমায় বাণিজ্যপথে পারস্য হয়ে হিন্দুকুশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এই মসলা। ১৯৯১ সালে ইরান থেকে ফিরে আসা আফগান শরণার্থীরা ইরানে জাফরান চাষের অভিজ্ঞতা ও জাফরানের কন্দ সঙ্গে নিয়ে হেরাতের ঘোরিয়ান এলাকায় চাষ শুরু করে। কাশ্মীরি জাফরানও পরে নিজস্ব খ্যাতি পায়। কাশ্মীরি লোককথায় বলা হয়, দুই সুফি সাধক পারস্য থেকে কাশ্মীরে জাফরানের কন্দ নিয়ে আসেন। কাশ্মীরের পাম্পোর জাফরান চাষের জন্য বিখ্যাত। শরতে জাফরান ফুলে ঢেকে যাওয়া এই অঞ্চলকে কাশ্মীরের জাফরান নগরী বলে।
এর সামান্য পরিমাণ পানিতে ভিজিয়ে দিলে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে উজ্জ্বল সোনালি রং। সঙ্গে আসে মিষ্টি, হালকা ফুলেল সুবাস। বিরিয়ানি, পোলাও, কোরমা, ফিরনি, পায়েস কিংবা জর্দা—অল্প কয়েকটি জাফরান খাবারের রং, ঘ্রাণ ও স্বাদে এনে দিতে পারে অনন্য মাত্রা। দুধ কিংবা উষ্ণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে জাফরানের রং ও সুবাস খোলস ছেড়ে বেরিয়ে আসে।
রসুইঘরের বাইরেও জাফরানের ঝুলিতে রয়েছে দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস—রূপচর্চায়, সুগন্ধি তৈরিতে এবং নানা আচার-অনুষ্ঠানে। আয়ুর্বেদ তথা ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতিতেও জাফরানের উল্লেখ পাওয়া যায়। আধুনিক গবেষণায় এর বিভিন্ন যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য জৈবিক কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে।
জাফরান ক্রয়ের ক্ষেত্রে চাই সতর্কতা। উচ্চ মূল্যের এই মসলা ভেজাল হওয়ার ঝুঁকিতে থাকে। আসল জাফরান সাধারণত গাঢ় লালচে। পানিতে ভিজলে ধীরে ধীরে সোনালি হলুদ রং ছড়ায়, তীব্র কৃত্রিম রং নয়।
নাঈমা তাসনিম
ছবি: ইন্টারনেট
