skip to Main Content

তেলেসমাতি I সরিষা সুন্দর

বাংলার হেঁশেলের গল্প সরিষার তেল ছাড়া প্রায় অসম্ভব। ভর্তায় ঝাঁজ, ইলিশে ঘ্রাণ, পাতুরিতে আলাদা স্বাদ, রান্নায় এর উপস্থিতি শুধু উপকরণ হিসেবে নয়; বরং স্বাদ ও সংস্কৃতির অংশ হিসেবেও। ঝাঁজালো এই তেল ঘিরে প্রশংসা ও বিতর্ক—দুই-ই বিদ্যমান

সরিষার তেল তৈরি হয় সরিষা বীজ থেকে। দক্ষিণ এশিয়ার রান্নায় এর ব্যবহার বহু পুরোনো। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে রান্না, আচার ও খাবার সংরক্ষণে এর ব্যবহার দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নায় সরিষার তেলের স্বাদ ও ঘ্রাণ এখনো জনপ্রিয়।
মিথের মোচন
সরিষার তেলের নেতিবাচক আলোচ্য বিষয় এতে বিদ্যমান এরুসিক অ্যাসিড ঘিরে। সায়েন্স ডাইরেক্ট জার্নালে প্রকাশিত একাধিক গবেষণাপত্রে বলা হয়েছে, অতিরিক্ত মাত্রার এরুসিক অ্যাসিড প্রাণীদের (যেমন ইঁদুর) হৃদ্‌যন্ত্রে চর্বি জমানো বা মায়োকার্ডিয়াল লিপিডোসিস এবং পুষ্টিহীনতা তৈরি করতে পারে। তবে হৃদ্স্বাস্থ্যের জন্য বিশেষ ক্ষতিকর, এমন দাবিও অতিরঞ্জিত। তেলের ধরন যা-ই হোক, কী পরিমাণ তেল খাওয়া হচ্ছে এবং খাদ্যাভ্যাস কেমন, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
রকমারি
সরিষার তেলের ধরনেও রয়েছে কিছু পার্থক্য। ঘানিভাঙা তেল তুলনামূলক কম প্রক্রিয়াজাত হওয়ায় এতে সরিষার স্বাভাবিক ঝাঁজ ও ঘ্রাণ সুরক্ষিত থাকে। অন্যদিকে পরিশোধিত সরিষার তেলে গন্ধ ও ঝাঁজ তুলনামূলক কম। আবার বাজারে ব্লেন্ডেড বা মিশ্র তেলও পাওয়া যায়। তাই বোতল কেনার আগে লেবেলে ব্যবহৃত তেলের ধরন এবং উপাদানের তালিকা দেখে নেওয়া ভালো।
করণীয় কথা
সরিষার তেলও অন্যান্য ভোজ্যতেলের মতো পরিমিত ব্যবহার করা উচিত। রান্নার সময় তেলকে অতিরিক্ত গরম করে ধোঁয়া ওঠানো ঠিক নয়। কারণ, অতিরিক্ত তাপে তেলের গুণগত পরিবর্তন হয়। তেল সংরক্ষণের ক্ষেত্রেও সরাসরি আলো, অতিরিক্ত তাপ ও বাতাস থেকে দূরে রাখা ভালো। বোতল খোলার পর মুখ ভালোভাবে বন্ধ করুন এবং ব্যবহারের আগে মেয়াদ ও গন্ধের পরিবর্তন খেয়াল রাখুন। ভাজার পর অবশিষ্ট তেল বারবার ব্যবহার না করাই নিরাপদ অভ্যাস।
সরিষার তেলের ঝাঁজ বাঙালির রসনায় আলাদা জায়গা করে নিয়েছে। তবে ঐতিহ্য বলে একে অতিরিক্ত স্বাস্থ্যগুণের তকমা দেওয়া যেমন নিষ্প্রয়োজন, তেমনি পুরোনো আশঙ্কার কারণে একেবারে ভয় পাওয়ারও কিছু নেই।

 ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top