ফিচার I ক্যাটারিং কালচার
বিয়ের আড্ডায় বর-কনের পোশাক নিয়ে আলোচনার পরেই উঠে আসে খাবারের প্রসঙ্গ। কারও পছন্দ মাটন কাচ্চি, কেউ খোঁজেন বোরহানি, আবার কারও কাছে মূল আকর্ষণ ডেজার্ট কাউন্টার। আজ কথা হবে বাংলাদেশের বদলে যাওয়া ক্যাটারিং কালচার নিয়ে
কী খেতে চাও?
ছানার পোলাও।
ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।
বিয়ের খাবারদাবারের প্রতি বাঙালির প্রত্যাশা বুঝতে চাইলে অন্নদাশঙ্কর রায়ের ‘নেমন্তন্ন’ কবিতাই যথেষ্ট। একসময় বিয়েবাড়ির রান্না মানেই ছিল বিশাল ডেকচি, অভিজ্ঞ বাবুর্চি আর পরিবারের সদস্যদের সম্মিলিত ব্যস্ততা। ঢাকার অভিজাত মহলে উনিশ শতকের শেষ ভাগে পেশাদার আয়োজনের নজির পাওয়া যায়। ১৮৯৬ সালে নবাব আহসানউল্লাহর পৃষ্ঠপোষকতায় আবেদ অ্যান্ড কোং-এর যাত্রা শুরু বলে উল্লেখ রয়েছে। রান্নার পাশাপাশি তারা শামিয়ানা, চেয়ার-টেবিল ও বাসনপত্রের ব্যবস্থাও করত। নব্বইয়ের দশকের দিকে শহুরে বিয়েতে চায়নিজ খাবারের প্রভাব বাড়ে। পরবর্তী সময়ে কাচ্চি বিরিয়ানি, কাবাব, বোরহানি এবং নানা ধরনের ডেজার্ট জনপ্রিয়তা পায়। এখন একই আয়োজনে দেশি খাবারের পাশাপাশি থাই, কন্টিনেন্টাল, মেডিটারেনিয়ান কিংবা ফিউশন পদও দেখা যায়। সময়ের সঙ্গে বিয়ের আয়োজন বড় হয়েছে, বেড়েছে কমিউনিটি সেন্টার ও কনভেনশন হলের ব্যবহার। আর সেই সঙ্গে রান্নার দায়িত্ব নেওয়া বাবুর্চি ও ডেকোরেটরদের কাজ বিস্তৃত হয়ে গড়ে উঠেছে পেশাদার ক্যাটারিং ব্যবসা।
আজকের ক্যাটারিং
আজকের ক্যাটারিং প্রতিষ্ঠানগুলো শুধু খাবার রান্না করেই পৌঁছে দেয় না। অতিথির সংখ্যা অনুযায়ী মেনু নির্ধারণ, উপকরণ সংগ্রহ, রান্না, পরিবহন, বুফে সাজানো, খাবার গরম রাখা, পরিবেশন কর্মী নিয়োগ—সবকিছু পরিকল্পনার অংশ। অনেক প্রতিষ্ঠানের প্যাকেজে বাসনপত্র, টেবিল সাজানো এবং অনুষ্ঠান শেষে পরিষ্কার করার ব্যবস্থাও থাকে। তবে চুক্তিভেদে এসব সেবার পার্থক্য হতে পারে।
সেবার ধরনও বদলেছে আয়োজনের সঙ্গে তাল মিলিয়ে। বড় বিয়েতে বুফে ক্যাটারিং জনপ্রিয়, যেখানে অতিথিরা নিজেদের পছন্দমতো খাবার বেছে নেন। আনুষ্ঠানিক আয়োজনের জন্য রয়েছে প্লেটেড সার্ভিস। আর যারা খাবারের পরিবেশনেও চমক চান, তাদের জন্য আছে লাইভ ফুড স্টেশন। অতিথির সামনে তৈরি হচ্ছে কাবাব, বারবিকিউ, পাস্তা কিংবা পিৎজা। গায়েহলুদ, আকদ, বিয়ে ও রিসেপশনের জন্য আলাদা মেনু এবং থিমভিত্তিক আয়োজনের ব্যবস্থাও এখন পাওয়া যায়। ছোট পারিবারিক অনুষ্ঠান থেকে করপোরেট আয়োজন, চাহিদা অনুযায়ী বদলে যাচ্ছে সেবার ধরন। হালের জনপ্রিয় ক্যাটারিং সার্ভিস প্যারাগনের জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুর রহমান অয়ন ক্যানভাসকে জানান, শুরু থেকে এখন অবধি বউভাত অর্থাৎ রিসেপশনের বুকিং এগিয়ে থাকে সব আয়োজনের মাঝে।
কার পাতে কী থাকে
ঢাকার ক্যাটারিং বাজারে কয়েকটি পরিচিত প্রতিষ্ঠান নিজেদের খাবার ও পরিবেশনার ধরন দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছে। কাচ্চি ও পাক্কি বিরিয়ানি, কাবাব এবং দেশি-ভারতীয় উপমহাদেশীয় খাবারের জন্য মাস্টারশেফ সুব্রত আলী ক্যাটারিং পরিচিত। অন্যদিকে, প্যারাগন ক্যাটারিংয়ের আলোচিত পদগুলোর একটি মাটন কাচ্চি। দেশি খাবারের পাশাপাশি চায়নিজ, থাই, ভারতীয় ও ফিউশন খাবারের আয়োজনও রয়েছে তাদের মেনুতে। বিয়েবাড়ির খাবারের আয়োজনের কথা এলে ঠান্ডু ক্যাটারিংও পরিচিত নাম। ঠান্ডু মিয়ার কাচ্চিরও আছে দারুণ চাহিদা। প্রচলিত খাবারের বাইরে, পরিবেশনায় নতুনত্ব খুঁজলে আলফা ক্যাটারিংয়ের কথা আসে। ফুচকা শটস, কাবাব চাট, ল্যাম্ব স্কিউয়ার, মিটবল ক্যানাপে ও সিজলিং ব্রাউনির মতো পদ তাদের আয়োজনকে দেয় ভিন্ন মাত্রা। ইকবাল ক্যাটারিংয়ের উল্লেখযোগ্য খাবারের মধ্যে রয়েছে শাহি মাটন কাচ্চির সেট মেনু। অন্যদিকে, খাবারদাবার ও প্রিমিয়ার ক্যাটারিং দেশি খাবারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক রান্না এবং ব্যক্তিগত ও করপোরেট অনুষ্ঠানের জন্য ক্যাটারিং সেবা দিয়ে থাকে।
কাচ্চি, সাথে কী পাচ্ছি
বিয়ের মেনুতে সবচেয়ে চোখে পড়ার মতো পরিবর্তন এসেছে খাবারের বৈচিত্র্যে। পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস ও জর্দার চিরচেনা সমাহারের পাশে এখন জায়গা করে নিয়েছে কাচ্চি, নান, তন্দুরি, বিভিন্ন ধরনের কাবাব এবং চায়নিজ-থাই পদ। মেনু ভেদে যোগ হচ্ছে পাস্তা, গ্রিলড মাংস, পিৎজা, সালাদ ও স্যুপ। শেষ পাতে মিষ্টি দই, ফিরনি কিংবা জর্দার সঙ্গে পাওয়া যাচ্ছে ব্রাউনি, কেক, বাকলাভা ও নানা ধরনের ডেজার্ট। পানীয়ের তালিকাতেও বোরহানির পাশাপাশি মকটেল দেখা যায়।
তবে যে ক্যাটারিংয়ে খাবারের পদ বেশি, সেটাই ভালো এমন কিন্তু নয়। খাবারের স্বাদ, পরিচ্ছন্নতা, সঠিক পরিমাণ এবং সময়মতো পরিবেশন—চারটি বিষয়ই অতিথির অভিজ্ঞতা নির্ধারণ করে। লাইভ কাউন্টার বা বাহারি ডেজার্ট আয়োজনকে আকর্ষণীয় করতে পারে, কিন্তু কাচ্চি ঠান্ডা হয়ে গেলে কিংবা বুফেতে খাবার ফুরিয়ে গেলে সেই জৌলুশের মূল্য কোথায়?
স্বাদ রয়ে যায়
বিয়ের মঞ্চের ফুল একসময় শুকিয়ে যায়, আলোর ঝলকানিও থেমে আসে, ছবির অ্যালবাম জায়গা নেয় আলমারিতে। অথচ দাওয়াতের টেবিলের সেই কাচ্চির স্বাদ, বোরহানির শেষ চুমুক কিংবা ডেজার্ট কাউন্টারে আবিষ্কার করা নতুন কোনো মিষ্টির কথা রয়ে যায় অনেক দিন। সময়ের সঙ্গে বদলেছে খাবারের পদ, পরিবেশনার ধরন, আয়োজনের জৌলুশ কিন্তু অতিথিকে তৃপ্ত করে বিদায় দেওয়ার ইচ্ছাটা বদলায়নি। তাই আয়োজনের শেষে বাড়ি ফেরার পথে অতিথির মুখে ‘আরেকটু খেলে মন্দ হতো না’—এই আফসোসই সার্থক ক্যাটারিংয়ের প্রমাণ!
শ্রেয় চৌধুরী
ছবি: ইন্টারনেট
