সংরক্ষণ সমাধান I মধুরেণ সমাপয়েৎ
অতিথি বিদায়ের পর দেখলেন, হাঁড়ি ভরা খাবার পড়ে আছে, বুদ্ধি করে গুছিয়ে রাখুন। দেখবেন, কাল দুপুরের পাতে এই বিরিয়ানিই আপনাকে দেখে মুচকি হেসে বলবে, সারপ্রাইজ!
বিয়ের আয়োজন মানেই বাসায় বাহারি পদের ছড়াছড়ি। ভোজের আমেজে পেট ভরে, মনও ভরে। কিন্তু উৎসবের রেশ না কাটতেই টেবিল কিংবা রান্নাঘরে পড়ে থাকে নানা পদের বেঁচে যাওয়া খাবার। এসব খাবার ফেলে না দিয়ে কীভাবে সংরক্ষণ করবেন, যাতে বজায় থাকে স্বাদ, সতেজতা ও নিরাপত্তা? জেনে নিন প্রয়োজনীয় কিছু কৌশল।
মাংস ও ভারী গ্রেভিযুক্ত খাবার
বিয়ের অনুষ্ঠান বা পারিবারিক আয়োজনে রোস্ট, কালিয়া কিংবা রেজালাজাতীয় ভারী গ্রেভিযুক্ত খাবার বেঁচে যায় সবচেয়ে বেশি। এসব খাবারে তেল ও মসলা বেশি থাকায় স্বাভাবিক তাপমাত্রায় দ্রুত নষ্ট হয়ে যায়। তাই সতেজ রাখতে দুই ঘণ্টার মধ্যে এয়ারটাইট পাত্রে ফ্রিজে রাখুন। সাধারণত ৩ দিনের মধ্যে খেয়ে ফেলা ভালো। তবে দীর্ঘদিন রাখতে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ এবং পুনরায় গরম করার সময় প্রয়োজনমতো খাবার বের করুন।
পোলাও, বিরিয়ানি ও ভাতজাতীয় খাবার
কাচ্চি, মোরগ পোলাও বা জর্দা ঘরানার চালের পদগুলোতে আর্দ্রতা ও তেল-ঘিয়ের পরিমাণ বেশি থাকে। তাই এগুলো বেশি সময় ধরে বাইরে ফেলে রাখলে চাল শক্ত হয়ে যায় এবং দ্রুত ব্যাকটেরিয়া জন্মে। তাই গরম অবস্থায় বন্ধ পাত্রে রাখবেন না। প্রথমে একটি ছড়ানো পাত্রে রেখে স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিন, এরপর এয়ারটাইট পাত্রে ফ্রিজে রাখুন। দু-তিন দিনের মধ্যে খাবারগুলো খেয়ে ফেলা ভালো। পুনরায় গরম করার সময় সামান্য পানি বা ঘি ছিটিয়ে ঢেকে ভাপ দিলে তা আবার ঝরঝরে ও সতেজ হয়ে ওঠে।
কাবাব ও ভাজাপোড়া
জালি কাবাব, টিকিয়া বা গ্রিল আইটেমে তৈলাক্ত উপাদান কম থাকে। তবে এগুলো খোলামেলা বা সাধারণ পাত্রে ফ্রিজে রাখলে চামড়া শুকিয়ে যায় এবং ফ্রিজের বাতাসে স্বাদ নষ্ট হয়ে যায়। এ জন্য কাবাবজাতীয় শুকনো খাবার সংরক্ষণের সেরা উপায় হলো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্স। ডিপ ফ্রিজে রাখলে এসব পদ দু-তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। খাওয়ার আগে ওভেনে বেক করে বা প্যানে হালকা আঁচে সামান্য তেল দিয়ে টোস্ট করে নিলে আবার মচমচে ভাব ফিরে আসে।
সালাদ, ডেজার্ট ও দুগ্ধজাত খাবার
মেয়োনিজ বা দই সালাদ এবং পায়েস, ফিরনি কিংবা পুডিংয়ের মতো দুগ্ধজাত ডেজার্ট অত্যন্ত সংবেদনশীল। এগুলো একবার স্বাভাবিক তাপমাত্রায় বেশি সময় থাকলে পচে যায় কিংবা টক হয়ে যায়। এ কারণে রান্না বা পরিবেশনের পরপরই বেঁচে যাওয়া অংশ ছোট ছোট এয়ারটাইট কাচের পাত্রে ঢেলে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করুন। মনে রাখবেন, সালাদ বা কাঁচা উপাদানযুক্ত পদ ১২-২৪ ঘণ্টার বেশি রাখা ঠিক নয়। অন্যদিকে মিষ্টি বা ফিরনি ২-৩ দিনের মধ্যে খেয়ে ফেলা উত্তম।
কৌশল
রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘণ্টার বেশি রাখবেন না।
ফ্রিজে রাখার জন্য সব সময় ফুড-গ্রেড এয়ারটাইট পাত্র বা কাচের জার ব্যবহার করুন।
খাবার বারবার বের করে গরম না করে, প্রয়োজন অনুযায়ী ছোট ছোট বাটিতে ভাগ করে সংরক্ষণ করুন।
হাত দিয়ে বারবার ভেজা অবস্থায় খাবার না ধরে শুকনো ও পরিষ্কার চামচ বা চিমটা ব্যবহার করুন।
উৎসবের আনন্দ শুধু উদ্যাপনেই সীমাবদ্ধ নয়; খাবার অপচয় না করে তার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করাও একধরনের দায়িত্বশীলতা। একটু যত্ন ও সঠিক পদক্ষেপে বেঁচে যাওয়া খাবারও হয়ে উঠতে পারে পরের দিনের তৃপ্তিদায়ক আহার।
আবু সালেহ শাহ মোহাম্মদ আব্দুল্লাহ
ছবি: ইন্টারনেট
