skip to Main Content

শ্রীবৃদ্ধি I প্রিয় পোরসেলিন

ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পোরসেলিন। কলকাতার অরিত্র সেনগুপ্ত তার এই জনপ্রিয় গানে ভালোবাসাকে পোরসেলিনে মুড়িয়েছেন। শহরে এখনো ডিসেম্বর প্রবেশ করেনি, কিন্তু বাঙালির পাতে পোরসেলিন ঢুকে পড়েছে অনেক আগেই। এই পর্বে তারই গল্প

সাদা, মসৃণ, আলোয় খানিকটা স্বচ্ছ। দেখতে এতটাই নিখুঁত যে একসময় ইউরোপীয়দের কাছে পোরসেলিন ছিল প্রায় রহস্য বস্তু। চীনেই এর প্রাচীন বিকাশ। ষষ্ঠ শতকে চীনে কাওলিন বা চায়না ক্লে এবং বিশেষ ধরনের পাথর উচ্চ তাপে পোড়ানোর মাধ্যমে শক্ত পোরসেলিনের বিকাশ ঘটে। সপ্তদশ শতাব্দীতে চীনা পোরসেলিন ইউরোপে ঢুকলে এর কদর বেড়ে যায় বহুগুণ। এতটাই কাঙ্ক্ষিত হয়ে ওঠে যে এটি তৈরির রহস্য উদ্ধারে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়। ষোড়শ শতাব্দীর শেষ দিকে ইউরোপে নরম ধরনের পোরসেলিন তৈরির পরীক্ষা শুরু হয় আর ১৭০৮ থেকে ১৭০৯ সাল নাগাদ জার্মানিতে তৈরি হয় প্রকৃত শক্ত পোরসেলিন। সিরামিক আর পোরসেলিন নিয়ে একটা বিভ্রান্তি আছে অনেকের মাঝে। সিরামিক হলো পোড়ামাটির বিস্তৃত পরিবার, আর পোরসেলিন সেই পরিবারেরই আরও পরিশীলিত সদস্য।
পোরসেলিনের পরিবার কিন্তু দারুণ বৈচিত্র্যপূর্ণ। প্রথমে আসে শক্ত পোরসেলিন, যাকে বলা হচ্ছে হার্ড পেস্ট পোরসেলিন। উচ্চ তাপমাত্রায় পোড়ানো এই পোরসেলিন শক্ত, পানি বা তরল শোষণ করে না। দেখতে সাদা এবং অনেক ক্ষেত্রে আলো ভেদ করতে পারে। তাই খাবারের প্লেট, বাটি, কাপ, খাবার পরিবেশনের পাত্র থেকে শুরু করে হোটেলের ব্যবহার্য বাসনপত্র পর্যন্ত এর ব্যবহার। নরম পোরসেলিন তুলনামূলক কম তাপে তৈরি। শক্ত পোরসেলিন আবিষ্কারের আগে ইউরোপে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ বিকল্প ছিল নরম পোরসেলিন। দেখতে অনেক সময় উষ্ণতর সাদা এবং তুলনামূলক নরম এই পোরসেলিন মূলত ঐতিহাসিক সাজসজ্জার সামগ্রীতে বেশি দেখা যায়।
পোরসেলিন এখন শুধু রাজসিক খাবার পরিবেশনের বাসন নয়, আধুনিক ডাইনিং ওয়্যারে এর ব্যবহার আরও বিস্তৃত। খাবারের প্লেট, ছোট প্লেট, স্যুপের বাটি, চায়ের কাপ, কফির কাপ, খাবার পরিবেশনের বড় থালা, খাবার রাখার ঢাকনাওয়ালা পাত্র খাবারের টেবিলের প্রায় পুরো আয়োজনই পোরসেলিন দিয়ে সাজানো যায়। শক্ত প্রলেপের কারণে এর পৃষ্ঠগুলো পানি শুষে কম, তাই বাণিজ্যিক রান্নাঘর, রেস্তোরাঁ ও হোটেলের ব্যবহার্য বাসনপত্রেও এর ব্যবহার সুবিধাজনক। এমনকি উড়োজাহাজে যাত্রীদের খাবার পরিবেশনের বাসনেও পোরসেলিনের ব্যবহার রয়েছে। বাংলাদেশে শাইনপুকুরের পণ্যতালিকায়ও ঘরোয়া ব্যবহারের টেবিল সামগ্রীর পাশাপাশি হোটেলের বাসনপত্র এবং উড়োজাহাজে খাবার পরিবেশনের সামগ্রী রয়েছে।
পুরোনো পোরসেলিন আর আজকের পোরসেলিনের তফাতটা বেশ মজার। আগে যেখানে নকশা, ছবি আঁকা আর রাজকীয় প্রদর্শন ছিল বড় কথা; এখন আকৃতি, ওজন, স্থায়িত্ব, একটির ওপর আরেকটি রাখার সুবিধা, মাইক্রোওয়েভ বা বাসন ধোয়ার যন্ত্রে ব্যবহারের উপযোগিতা—সবই নকশার অংশ।
বাংলাদেশেও এর যাত্রা বেশ পুরোনো। মুন্নু সিরামিক যাত্রা শুরু করে ১৯৮৪ সালে পোরসেলিন প্রস্তুতকারক হিসেবে। পরে শাইনপুকুর ১৯৯৯ সালে পোরসেলিনের বাণিজ্যিক উৎপাদনে আসে। মুন্নু সিরামিকের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড ও মার্কেটিং) খন্দকার ফয়েজ আহমেদ জানান, তাদের সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট বা পণ্য হলো বিভিন্ন কম্বিনেশনের ডিনার সেট। সাধারণত বাজারে ৩২ পিস ও ৫২ পিসের ডিনার সেটের চাহিদা বছরজুড়ে বেশি থাকে। এখন মুন্নু, শাইনপুকুর এবং আকিজ টেবিলওয়্যারের মতো প্রতিষ্ঠান দেশেই পোরসেলিন ও বোন চায়না বাসনপত্র তৈরি করছে এবং এসব চলে যাচ্ছে দেশের টেবিল থেকে আন্তর্জাতিক হোটেল, রেস্তোরাঁ ও রপ্তানি বাজার পর্যন্ত।

 লাইফস্টাইল ডেস্ক
ছবি: ইন্টারনেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top