গ্রিন প্লেট I তন্দুরি টফু
তন্দুরি মানেই মসলার সুবাস, ধোঁয়াটে স্বাদ আর আগুনের আঁচে তৈরি অনন্য সব পদ। রন্ধনশিল্পী ফারহানা হোসেন বলেন, প্রচলিত তন্দুরি খাবারে মাংসের ব্যবহার বেশি হলেও নিরামিষভোজী ও ভেগানদের জন্য এই স্বাদ উপভোগের দারুণ বিকল্প হতে পারে টফু
পুষ্টিগুণের দিক থেকে টফু বেশ সমৃদ্ধ। সয়াবিন থেকে তৈরি এই খাবার উদ্ভিজ্জ প্রোটিনের চমৎকার উৎস। যারা মাংস বা অন্যান্য প্রাণিজ খাবার এড়িয়ে চলেন, তাদের জন্য সহজ ও সুস্বাদু বিকল্প। ভেগান বিয়ের মেনুতে ভিন্ন মাত্রা যোগ করবে এই তন্দুরি টফু।
উপকরণ
টফু, প্ল্যান্ট-বেইজড দই, আদা-রসুনবাটা, পেঁয়াজ, ক্যাপসিকাম, পুদিনাপাতা, ধনেপাতা, লেবুর রস, কাশ্মীরি মরিচগুঁড়া, জিরাগুঁড়া, ধনিয়াগুঁড়া, হলুদগুঁড়া, গরমমসলার গুঁড়া, সরিষার তেল ও স্বাদমতো লবণ।
প্রণালি
প্রথমে টফুর পানি ভালোভাবে ঝরিয়ে চৌকো টুকরা করে নিতে হবে। একটি পাত্রে প্ল্যান্ট-বেইজড দই, লেবুর রস, আদা-রসুনবাটা, সব মসলা, লবণ ও সরিষার তেল মিশিয়ে মেরিনেট তৈরি করুন। এতে টফু, পেঁয়াজ ও ক্যাপসিকাম মিশিয়ে অন্তত ৩০ মিনিট মেরিনেট হতে দিন।
ওভেন ২২০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে টফু ও সবজি বেকিং ট্রেতে সাজিয়ে ২০-২৫ মিনিট বেক করুন। মাঝপথে একবার উল্টে দিন, যাতে সব দিক সমানভাবে সেঁকা হয়। শেষে গ্রিল মোডে আরও ২-৩ মিনিট রাখলে তন্দুরির মতো হালকা পোড়া স্বাদ ও রং আসবে।
ওভেন না থাকলে চুলায় গ্রিল প্যান বা নন-স্টিক প্যানে মাঝারি আঁচে অল্প তেলে টফু ও সবজি সেঁকে নিতে পারেন। এ ক্ষেত্রে টফু যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তৈরি হয়ে গেলে পুদিনা ও ধনেপাতার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।
রেসিপি: ফারহানা হোসেন
লেখা: ফুড ডেস্ক
ছবি: ইন্টারনেট
