ফাইন ডাইন I প্রাচ্যের প্লেটে
প্রাচ্যের রন্ধনশৈলী, দৃশ্যমান রান্নার নৈপুণ্য আর পছন্দমতো খাবার উপভোগের স্বাধীনতা—ভোজনের অভিজ্ঞতা এখানে স্বাদ ও শিল্পের যুগলবন্দী। ঢাকার সিক্স সিজনস হোটেলের ১৩ তলায় অবস্থিত বাংকা একসঙ্গে কোরীয়, জাপানি ও চীনা রন্ধনশৈলীর বৈচিত্র্য মেলে ধরেছে। এ যেন প্রাচ্যের স্বাদের এক সমৃদ্ধ পরিসর
বুফে মানেই সারি সারি খাবারের আয়োজন, পছন্দের পদ প্লেটে তুলে নেওয়া আর নিজের মতো করে ভোজ সারার সুযোগ। তবে বাংকার আয়োজনের ধরন কিছুটা আলাদা। প্রচলিত বুফের পরিবর্তে ‘অল ইউ ক্যান অর্ডার’ পদ্ধতি। অর্থাৎ, নির্ধারিত মূল্যে মেনু থেকে পছন্দমতো পদ যতবার ইচ্ছা অর্ডার করা যায়। আর প্রতিটি পদ অতিথির অর্ডার অনুযায়ী নতুনভাবে তৈরির পর পরিবেশন করা হয়। ফলে খাবারের সতেজতা বজায় রাখার পাশাপাশি থাকছে অপ্রয়োজনীয় খাদ্য অপচয় কমানোরও সুযোগ। পরিচিত কোনো পদ আবার চেখে দেখা কিংবা নতুন কোনো স্বাদের সঙ্গে পরিচিত হওয়া—দুয়েরই অবকাশ। পাশাপাশি রয়েছে আ লা কার্টে মেনু এবং তেপানিয়াকি খাবারের বিশেষ আয়োজন। ফলে একই টেবিলে ভিন্ন স্বাদের প্রতি আগ্রহী অতিথিদের জন্যও তৈরি হয় বৈচিত্র্যের পরিসর।
প্রাচ্যের পরশ
বাংকার মেনুর মূল আকর্ষণ পূর্ব এশিয়ার তিনটি সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি—কোরীয়, জাপানি ও চীনা রন্ধনশৈলী। একদিকে জাপানি খাবারের সূক্ষ্ম কৌশল, অন্যদিকে চীনা রান্নার স্বাদবৈচিত্র্য এবং কোরীয় পদগুলোর নিজস্ব মসলার বিন্যাস। মেনুর পরতে পরতে স্বাদ আবিষ্কারের সুযোগ। সময়ের সঙ্গে অতিথিদের নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এখানে প্রায় দুই মাস পর পরিবর্তিত হয় বিশেষায়িত মেনুর বিষয়বস্তু। টোকিও ট্রিটস, গ্যাংনাম বাইটস, ড্রাগন ফায়ার ফিস্ট কিংবা ইন্দো-মালয় ফ্লেভারের মতো আয়োজন সেই বৈচিত্র্যেরই পরিচায়ক। মেনুর এই পরিবর্তনশীলতা বাংকার খাবারের অভিজ্ঞতাকে একঘেয়ে হতে দেয় না। কখনো জাপানি স্বাদের অনুষঙ্গ, কখনো কোরীয় খাবারের পরিচিতি, আবার কখনো চীনা রন্ধনশৈলীর নানা পদ। প্রতিটি বিশেষ আয়োজনই অতিথিকে একটি নির্দিষ্ট খাদ্যসংস্কৃতির স্বাদ কাছ থেকে চেনার সুযোগ করে দেয়।
আগুনের আঁচে শিল্প
বাংকার অন্যতম আকর্ষণ তেপানিয়াকি। জাপানি এই রান্নার ধরনে সমতল উত্তপ্ত ধাতব পৃষ্ঠে মাংস, সামুদ্রিক খাবার ও সবজি রান্না করা হয়। অতিথির চোখের সামনেই উপকরণ থেকে খাবারে রূপান্তরের পুরো আয়োজন ঘটানো হয় উন্মুক্ত কিচেনে।
বাংকার তেপানিয়াকি বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন ফিলিপাইনের শেফ মার্ক এড ই গ্যালার্ডো। দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতায় সমৃদ্ধ এই শেফের বিশেষত্ব হলো রান্নার দক্ষতার সঙ্গে পরিবেশনায়ও যোগ করা একধরনের প্রাণচাঞ্চল্য। উত্তপ্ত গ্রিলে উপকরণের নড়াচড়া, রান্নার ছন্দ, আগুনের ঝলক আর দক্ষ হাতে খাবার তৈরির দৃশ্য—সব মিলিয়ে এখানে খাবার পরিবেশনের আগেই শুরু হয় এক ভিন্ন অভিজ্ঞতা। বিফ টেন্ডারলয়েন তেপানিয়াকি, চিকেন তেপানিয়াকি কিংবা চিংড়ির নানা পদ সেই আয়োজনের উল্লেখযোগ্য অংশ। শেফের স্পেশাল রেকমেন্ডেশন তেপিনিয়াকি স্যালমন। এর হালকা টক, মিষ্টি, ঝাল স্বাদ এক অভূতপূর্ব রসনার অনুভব দেবে জিবে।
সতেজতার স্বাক্ষর
জাপানি খাবারের প্রসঙ্গ এলে সুশির কথা আলাদা করে বলতেই হয়। উপকরণের সতেজতা, স্বাদের ভারসাম্য এবং পরিবেশনার সূক্ষ্মতা—সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ। বাংকায় রয়েছে সুশি ও সাশিমি তৈরির বিশেষ আয়োজন, যেখানে অতিথির পছন্দ অনুযায়ী সামনে খাবার প্রস্তুতের ব্যবস্থাও রয়েছে। ফলে রান্নার দক্ষতা দেখার পাশাপাশি খাবার তৈরির প্রক্রিয়াটির সঙ্গেও তৈরি হয় প্রত্যক্ষ পরিচয়। সুশির পাশাপাশি মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের স্টার্টার, মেইন ডিশ ও ডেজার্ট। ফলে খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাদের বৈচিত্র্য ধরে রাখার সুযোগ পাওয়া যায়। যারা নতুন স্বাদ চেখে দেখতে ভালোবাসেন, তাদের জন্য একাধিক রন্ধনধারার পদ থেকে পছন্দমতো খাবার বেছে নেওয়ার স্বাধীনতাই বাংকার অন্যতম আকর্ষণ।
পরিবেশে প্রশান্তি
ব্যস্ত ঢাকার মধ্যে খাবারের টেবিলে কিছুটা অবসর খুঁজে নেওয়াও কম গুরুত্বপূর্ণ নয়। সিক্স সিজনস হোটেলে এই রেস্তোরাঁর অবস্থান অতিথিদের সামনে তুলে ধরে শহর ও গুলশান লেকের দৃশ্য। কাচঘেরা জানালার পাশে বসে খাবার উপভোগের অভিজ্ঞতায় যুক্ত হয় বাইরের দৃশ্যপটের উপস্থিতি। ভেতরের পরিসর ও বাইরের শহুরে আবহ মিলিয়ে জায়গাটি হয়ে উঠতে পারে পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর উপযুক্ত গন্তব্য।
এখানে খাবার ঘিরে সামাজিকতারও রয়েছে বিশেষ গুরুত্ব। একই টেবিলে বসে নানা পদ ভাগ করে নেওয়া, নতুন খাবার নিয়ে আলোচনা কিংবা চোখের সামনে রান্না দেখার অভিজ্ঞতা—সব মিলিয়ে ভোজন হয়ে ওঠে পারস্পরিক যোগাযোগের উপলক্ষ। প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশন অ্যান্ড মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নূর মোহাম্মদ আরাফ ক্যানভাসকে বলেন, অতিথি কীভাবে খাবার বেছে নিচ্ছেন, কতটা স্বচ্ছন্দে সময় কাটাচ্ছেন এবং পুরো অভিজ্ঞতা কতটা উপভোগ করছেন, তার ওপর নির্ভর করে ফাইন ডাইনের অভিজ্ঞতা। এখানকার অল ইউ ক্যান অর্ডার পদ্ধতি সেই অভিজ্ঞতায় যুক্ত করেছে পছন্দের স্বাধীনতা, সদ্য তৈরি খাবারের স্বাদ এবং বৈচিত্র্য আবিষ্কারের সুযোগ।
প্রাচ্যের তিনটি সমৃদ্ধ রন্ধনধারার সমাহার, তেপানিয়াকির চোখধাঁধানো রান্নার আয়োজন, সুশি তৈরির নৈপুণ্য এবং শহরের ব্যস্ততার মধ্যে কিছুটা অবসর—সব মিলিয়ে বাংকা ভোজনের পরিচিত ধারণাকে দিয়েছে ভিন্ন মাত্রা। এখানে খাবারের টেবিল তাই শুধু স্বাদের ঠিকানা নয়; বরং নতুন অভিজ্ঞতা, সঙ্গ আর আতিথেয়তাকে একসূত্রে বাঁধার আয়োজন।
নাঈমা তাসনিম
ছবি: ক্যানভাস
