skip to Main Content

ফিচার I ব্রাইডাল স্টেইন

মেহেদি ছাড়া বিয়ে? হাতে গোনা হয়তো দু-একটা হয়। কিন্তু শুধু কি বিয়ের কনের হাতেই সৃজনী হয়? না, মোটেই তা নয়

‘হলুদ বাটো, মেন্দি বাটো’—বিয়ের গানের এই চেনা সুরে মিশে আছে মেহেদির রং, উৎসব আর সাজের গল্প। তবে সেই মেহেদি এখন আর শুধু বিয়ে কিংবা পার্বণের অনুষঙ্গ নয়। ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে হাই ফ্যাশনের দুনিয়ায়। প্রাচীন এই শিল্পের আধুনিক ফ্যাশনযাত্রার গল্পই থাকছে এবারের আয়োজনে।
মেহেদির সঙ্গে আন্তর্জাতিক পপ সংস্কৃতির দৃশ্যমান সংযোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ ম্যাডোনার ১৯৯৮ সালের ফ্রোজেন গানের মিউজিক ভিডিও। সেখানে তার হাতে মেহেদির নকশা দেখা যায়। নব্বইয়ের দশকে পপ সংস্কৃতির হাত ধরে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ার নজর কাড়ে মেহেদি।
পরবর্তী সময়ে নান্দনিক মেহেদি ডিজাইনের প্রেরণায় ট্যাটু দেখা গেছে রিহানার মতো শীর্ষ তারকাদের সাজেও। আবার শুধু সাজে নয়, পোশাকের রং ও কাটের সঙ্গে মিল রেখে শরীরে অস্থায়ী ট্যাটুর মতো মেহেদি ব্যবহার করছে হাই ফ্যাশন ব্র্যান্ডগুলো। নিয়ে এসেছে ফ্যাশনের এক নতুন সূচনা।
ঐতিহ্যবাহী মেহেদি ও বডি আর্টের নান্দনিকতা সমকালীন ফ্যাশনেও অনুপ্রেরণা জোগাচ্ছে। প্রাচ্যের জ্যামিতিক নকশা, ফুল-লতাপাতার মোটিফ এবং সূক্ষ্ম রেখার আধুনিক রূপান্তর জায়গা করে নিচ্ছে ফ্যাশন ও সৌন্দর্যচর্চার নানা প্রকাশে। কোথাও মেহেদির ঐতিহ্যবাহী নকশা, কোথাও তার অনুপ্রেরণায় তৈরি বডি আর্ট—শরীরের অলংকরণ হয়ে উঠছে পোশাক ও মেকআপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্টাইলিংয়ের অংশ। এভাবেই সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিত নকশাগুলো সমকালীন ফ্যাশনের ভাষায় পাচ্ছে নতুন অভিব্যক্তি।
আন্তর্জাতিক হাই ফ্যাশনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার প্রখ্যাত ব্রাইডাল ডিজাইনাররা হেনা আর্টের মেলবন্ধন ঘটাচ্ছেন তাদের লেহেঙ্গা, শাড়ি বা পশ্চিমা ফিউশন পোশাকের সঙ্গে। তাই বলা যায়, কনের হাত ও পায়ের মেহেদির নকশা শুধু একটি প্রথা নয়, এটি হাই ফ্যাশন এডিটরিয়াল শুটের অবিচ্ছেদ্য অংশ।
তবে ঐতিহ্যবাহী মেহেদির নকশায় থাকে ঘন ও জটিল প্যাটার্ন। অপরদিকে হাই ফ্যাশনে স্থান পেয়েছে জালের মতো পাতলা ও আধুনিক জিওমেট্রিক মোটিফ। হাতের তালুতে, আঙুলের ডগায়, কবজিতে কিংবা ঘাড় ও পিঠের খোলা অংশে চমৎকার গয়নার বিকল্প হিসেবে ফুটিয়ে তোলা হচ্ছে মেহেদির নান্দনিক ডিজাইন। এমনকি প্রথাগত লালচে-বাদামি রঙের পাশাপাশি সাদা, সোনালি, রুপালি ও কালো রঙের মেটালিক হেনা বা পেস্ট ব্যবহার করে তৈরি হচ্ছে ফিউশন লুক।
আধুনিক ফ্যাশনে লেস ইজ মোর বা অল্পেই আভিজাত্য নীতির ওপর ভিত্তি করে হেনা এখন ভারী মেটালিক বা সোনার গয়নার বিকল্প হিসেবেও গণ্য হচ্ছে। গলার কাছে বা কলারবোনে সূক্ষ্ম হেনা প্রিন্ট কিংবা হাতের আঙুলে রিং স্টাইলের নকশা দূর করে অতিরিক্ত গয়না পরার ঝামেলা। একই সঙ্গে বর্তমানে হাই ফ্যাশন ইন্ডাস্ট্রি পরিবেশবান্ধব উপাদানের ওপর জোর দিচ্ছে। স্থায়ী ট্যাটুর ক্ষেত্রে যেখানে রাসায়নিক কালি দীর্ঘস্থায়ী, সেখানে সম্পূর্ণ প্রাকৃতিক মেহেদি একটি নিরাপদ ও পরিবেশবান্ধব বিকল্প। কেমিক্যালমুক্ত এই অর্গানিক বডি আর্ট ফ্যাশন-সচেতন তরুণ প্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
সবশেষে বলা যায়, সংস্কৃতি, শিল্প এবং আধুনিক আভিজাত্যের নিখুঁত মিলন ঘটেছে হেনা হাই ফ্যাশনে। এটি শুধু রূপচর্চা বা অলংকরণের পদ্ধতি নয়, বরং নিজের ব্যক্তিত্ব ও শৈল্পিক বোধ প্রকাশেরও মাধ্যম। প্রাচ্যের মাটির গন্ধমাখা ঐতিহ্যের ক্যানভাস থেকে উঠে এসে হেনা আজ হাই ফ্যাশনের উজ্জ্বল আভিজাত্যের প্রতীক, যা যুগ যুগ ধরে ফ্যাশনপ্রেমীদের মনে স্থায়ী আসন করে নেবে। বিয়ের মৌসুম এলে মেহেদির বাজার জমে যায়। এ বছরও হিসাবনিকাশ বলছে, স্রোত সেদিকে যাচ্ছে। তবে এবারে অতিরঞ্জন গুরুত্ব হারাবে বলেই ধারণা করছে মেহেদি নিয়ে যারা কাজ করেন, তারা। নেগেটিভ স্পেস এবার গুরুত্ব পেতে পারে। কনুই অবধি নকশা পৌঁছাবে না তেমন। তার জায়গায় হাতফুল, বোল্ড সেন্ট্রাল মোটিফ বেশি চলতে পারে। অলটারনেটিভ কালারে আগ্রহী হতে পারেন জেনারেশন জেড ব্রাইডরা। সাদা রং ব্যবহার করতে পারেন তারা। মেটালিকেও কারও কারও আগ্রহ দেখা যেতে পারে।

 বিউটি ডেস্ক
মডেল: আশা
মেকওভার: পারসোনা
ওয়্যারড্রোব: তরুজ
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top