নখদর্পণ I লেইস অন নেইলস
পশ্চিমা বিশ্বে ডার্ক রোমান্স কিংবা শার্লট ব্রন্টি অনুপ্রাণিত গথিক নস্টালজিয়া পেরিয়ে এই ট্রেন্ড এখন আমাদের দেশীয় মহলেও বেশ জোরালো জায়গা করে নিচ্ছে। সেই সৃজনকৌশলের বিস্তারিত আনিকা তায়্যিবার লেখায়
বোল্ড জ্যামিতিক নকশা, নিয়ন শেড আর চড়া থ্রি-ডি নেইল আর্টের দীর্ঘ রাজত্ব চলল বেশ। এখন সময়টা একটু আলাদা। নখ সাজানোর আধুনিক ফ্যাশন এখন আর বাড়াবাড়িতে বিশ্বাসী নয়; বরং সাবলীল, পরিশীলিত ও টেক্সচার আছে, এমন ডিজাইনই আজকাল ট্রেন্ডসেটারদের পছন্দ। নান্দনিক পরিবর্তনের ঠিক কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে নখের এক বিশেষ স্টাইল—লেইস নেইলস।
সম্প্রতি পিন্টারেস্টে এই মেনিকিউর ঘিরে সার্চ বেড়েছে ২০০ শতাংশের বেশি। আন্তর্জাতিক ফ্যাশন উইকের ব্যাকস্টেজ, সেলিব্রিটি রেড কার্পেট থেকে শুরু করে বিউটি ইনফ্লুয়েন্সারদের সোশ্যাল ফিড—সবখানে এখন রাজত্ব ভিক্টোরিয়ান আভিজাত্যের এই আধুনিক রূপের।
ঐতিহ্যের পুনর্জন্ম ও সমকালীন বিবর্তন
ইতিহাস বলে, ষোড়শ শতাব্দী থেকে ইউরোপীয় রাজপরিবার ও অভিজাত সমাজে জামার লেইস ছিল কৌলীন্য এবং আভিজাত্যের প্রতীক। এককালের হাতে বোনা ভিনটেজ লেইস কলার, গ্লাভস কিংবা ট্রিমড গাউনে মানিয়ে যেত বেশ। সেই লাবণ্য নতুন মাত্রা পেয়েছে আধুনিক সময়ে নখের ছোট্ট ক্যানভাসে। বিগত দশকগুলোতে নেইল আর্টে পপ কালচার কিংবা লাউড আর্টের দাপট থাকলেও বিশ্বব্যাপী চলমান কোয়ায়েট লাক্সারি ধারার হাত ধরে লেইস আবারও উঠে এসেছে ফ্যাশনের সামনের সারিতে।
দেশীয় উৎসব ও ব্রাইডাল মৌসুমে লেইসের প্রাসঙ্গিকতা
উপমহাদেশীয় সাজসজ্জার দিকে তাকালে দেখা যায়, বিশেষ দিনগুলোতে হাত রাঙানোর চল চিরায়ত। তবে সমকালীন শহুরে জীবনে সাজের ব্যাকরণ অনেকটাই ভিন্ন। ব্রাইডাল ট্রেন্ডে ভারী লাল বেনারসি বা গাঢ় রঙের লেহেঙ্গার পাশাপাশি অফ হোয়াইট, আইভরি, ডাস্টি রোজ বা প্যাস্টেল শেডের পোশাকও এখন জনপ্রিয়তার তুঙ্গে।
বিয়ের আগে জাঁকজমক সংগীত, হলুদের মতো অনুষ্ঠানে ভারী আলপনা বা গাঢ় মেহেদির প্রচলন চলমান। এনগেজমেন্ট, রিসেপশন বা ওয়েডিং ডিনারের আয়োজনে কনেরা এখন চাইছেন পরিচ্ছন্ন ও মার্জিত সাজসজ্জা। ডায়মন্ড বা মুক্তার গয়না এবং আইভরি কিংবা প্যাস্টেল শাড়ির সঙ্গে নখের লেইস আর্ট সোনায় সোহাগা। এ যেন এক অতুলনীয় রাজকীয় সামঞ্জস্য। শুধু কনেই নয়; করপোরেট পরিবেশ, ঘরোয়া আয়োজন কিংবা দৈনন্দিন নখের সাজে চড়া রঙের বিকল্প হিসেবে লেইস নেইল আর্ট শান্ত ও পরিশীলিত ব্যক্তিত্ব ফুটিয়ে তোলায় সক্ষম।
কালার প্যালেট ও আন্ডারটোন
লেইস আর্টের মূল জাদু লুকিয়ে থাকে টেক্সচার ও রঙের সূক্ষ্ম বৈপরীত্যে। গায়ের রং ও অনুষঙ্গের সঙ্গে মিলিয়ে বর্তমানে তিনটি কালার প্যালেট সবচেয়ে বেশি প্রশংসিত:
মিল্কি হোয়াইট ও পিওর হোয়াইট: সেমি-ট্রান্সলুসেন্ট বা কাঁচা দুধের মতো তরল শেডের বেইজের ওপর চকচকে শুভ্র লেইসের নকশা। নিঃসন্দেহে ক্ল্যাসিক ও নিরাপদ পছন্দ। নো মেকআপ মেকআপ লুক কিংবা মিনিমালিজম ভালোবাসলে এটি আদর্শ।
জেলি ব্ল্যাক ড্রামা: স্বচ্ছ কালো বা শেফার্ড স্মোকি বেইজের ওপর কুচকুচে কালো লেইসের জাল। অনেকটা ভিনটেজ ভ্যাম্পি লুকের আধুনিক সংস্করণ। রাতের কোনো অনুষ্ঠান, ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন গাউন কিংবা জামদানি কেপের সঙ্গে লেইস নেইলসে করে নিতে পারেন নিজের স্টেটমেন্ট লুক।
ট্যান ও ন্যুড: ত্বকের রঙের সঙ্গে মিলে হয়ে যাওয়া ক্যারামেল, বেইজ বা উষ্ণ ন্যুডের ওপর সাদা, কালো কিংবা শ্যাম্পেন গোল্ড রঙের লেইস। দেশীয় ত্বকের স্বাভাবিক রঙের সঙ্গে এই প্যালেট সবচেয়ে মানায়।
আলোচিত পাঁচ ডিজাইন
আন্তর্জাতিক রানওয়ে ও নামীদামি মেনিকিউরিস্টদের কাজের ওপর ভিত্তি করে এই পাঁচটি ডিজাইন সবচেয়ে ট্রেন্ডিং:
লেইস ট্রিম ফ্রেঞ্চ: চিরাচরিত ফ্রেঞ্চ মেনিকিউরের যে সরল সাদা স্মাইল লাইন থাকে, সেখানে সাধারণ কালার ব্লকের বদলে অত্যন্ত সূক্ষ্ম লতানো লেইস এঁকে দেওয়া হয়। অত্যন্ত শালীন ও পরিশীলিত ডিজাইন, যা করপোরেট পরিবেশ থেকে শুরু করে ক্যাজুয়াল আড্ডা—সবখানে সমান মানানসই।
লেইসড উইদ পার্লস: সাদা বা আইভরি লেইস বর্ডারের ফাঁকে ফাঁকে বসানো হয় মাইক্রো ফ্ল্যাটব্যাক পার্ল বা মুক্তোদানা। খাঁটি দেশীয় জামদানি, সিল্ক কিংবা মুক্তার অলংকারের সঙ্গে এই ত্রিমাত্রিক নকশা আঙুলে আনে অতুলনীয় স্নিগ্ধতা।
এয়ারলুম লেইস: নখজুড়ে পুরোনো ঐতিহ্যবাহী অ্যান্টিক টেবিলক্লথ বা ভিনটেজ লেইসের মতো নিখুঁত সূক্ষ্ম জালের বুনন। বিয়েশাদি বা আংটি বদলের ছবিতেও এই ডিজাইনের নখসজ্জা মানিয়ে যাবে বেশ।
ক্যাট-আই উইদ লেইস: ম্যাগনেটিক ক্যাট-আই বা ভেলভেট নেইলপলিশের মাধ্যমে আলো-ছায়ার একটি চলমান গভীর ভিত্তি তৈরি করা হয়। তার ওপর হালকা লেইস যোগ করলে নখ যেন রত্নের মতো ঝকঝকে রূপ নেয়।
পোলকা অ্যান্ড লেইস: ক্ল্যাসিক ফ্রেঞ্চ নখের ওপর কালো পোলকা ডট এবং বর্ডারে সাদা লেইস ট্রিম। ষাটের দশকের ফ্রেঞ্চ রেট্রো ভাইব এবং আধুনিক কিউরিওসিটি—দুটোরই দারুণ মেলবন্ধন যেন।
ঘরে লেইস অন নেইলসের পাঁচ নিয়ম
বর্তমান যুগে উন্নত টুলস ও উপকরণের কল্যাণে নিজের ড্রেসিং টেবিলেও সফলভাবে ফুটিয়ে তোলা যায় লেইসে নখসজ্জা:
প্রেস-অন নেইলস: সময়ের ঘাটতি থাকলে রেডিমেড লেইস অ্যাকসেন্টেড প্রেস-অন নেইল ব্যবহার করা সবচেয়ে সহজ। নিখুঁত মাপ অনুযায়ী আঠা দিয়ে বসিয়ে দিলেই কয়েক মিনিটে কেল্লা ফতে।
লেইস ডিকাল ও নেইল ফয়েল: বেইজ কালার লাগিয়ে শুকানোর পর বিশেষ ফয়েল গ্লু বা আঠালো স্তরে লেইস ডিকাল চেপে বসাতে হয়। অতিরিক্ত অংশ ছাঁটাই করে হাই-শাইন টপকোট দিয়ে লক করে নিলেই রেডি নিখুঁত ফ্ল্যাট লেইস অন নেইলস।
আসল কাপড়ের লেইস: পাতলা জর্জেট বা নেটের আসল লেইসের টুকরো নখের মাপে কিছুটা বড় করে কেটে নিতে হয়। বেইজ কোট যখন কিছুটা আঠালো থাকবে, সাবধানে লেইসটি বসিয়ে আঙুলে চাপ দিয়ে মিলিয়ে দিতে হবে। বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে ঘন টপকোট দিলেই মেলে চমৎকার ত্রিমাত্রিক টেক্সচার।
স্ট্যাম্পিং প্লেট: সিলিকন স্ট্যাম্পার ও লেইস ডিজাইনের স্টিল প্লেট ব্যবহার করে লেইসের জটিল ডিজাইন সেকেন্ডের মধ্যে নখে স্থানান্তর করা যায়। মনে রাখা জরুরি, সাধারণ নেইলপলিশের বদলে দ্রুত শুকায় এমন অপেক স্ট্যাম্পিং পোলিশ ব্যবহার করাই এর আসল চাবিকাঠি।
নেইল হেলথ ও আফটার কেয়ার
নেইল আর্টের দীর্ঘস্থায়িত্ব নির্ভর করে নখের যত্ন ও স্বাস্থ্য সুরক্ষার ওপর। লেইস আর্টের সূক্ষ্ম টেক্সচার দীর্ঘ সময় অক্ষত রাখতে মেনিকিউরের আগে কিউটিকল অয়েল ও ডিহাইড্রেটর ব্যবহার করা ভালো। পাশাপাশি আসল লেইস বা ত্রিমাত্রিক মুক্তোযুক্ত ডিজাইনের ক্ষেত্রে দু-তিন দিন পরপর ট্রান্সপারেন্ট জেল টপকোটের মসৃণ আঁচড় বুলিয়ে নিলে নকশার প্রান্তগুলো উঠে আসার ঝুঁকি থাকে না।
ছবি: সংগ্রহ
