skip to Main Content

ফরহিম I বরযাত্রায় তৈরি

বর আর তার বন্ধুরা যাচ্ছেন দল বেঁধে স্যালনে। উদ্দেশ্য, টিম আপ গ্রুম সেশন। অবিবাহিত জীবনের শেষ সাজটা বন্ধুদের সঙ্গেই হোক

বিয়ের কেনাকাটা, গয়নার ট্রায়াল, পারলারের অ্যাপয়েন্টমেন্ট, কনের প্রস্তুতির তালিকা সব সময় বেশ লম্বা। কিন্তু বিয়ের মঞ্চের মূল চরিত্রদের আরেকজন যে বর, তিনি কেন পিছিয়ে থাকবেন? সাজতে বসে কনেকে টেক্কা দিতে হবে, এমন নয়; বরং নিজের পছন্দ, ব্যক্তিত্ব আর পোশাকের সঙ্গে মানানসই পরিপাটি লুকই হতে পারে বিয়ের দিনের সেরা অনুষঙ্গ। আর এই প্রস্তুতি সবাই মিলে নিতে পারলে বিয়ের আগের পারলার সেশনটিও হয়ে উঠতে পারে আনন্দময় আড্ডার উপলক্ষ।
চুল থেকে চেহারা
বিয়ের সাজের শুরুটা হতে পারে হেয়ারকাট আর দাড়ির পরিচর্যা দিয়ে। মুখের গড়ন, চুলের ধরন এবং বিয়ের পোশাক বুঝে বেছে নেওয়া যেতে পারে হেয়ারস্টাইল। কারও জন্য ক্ল্যাসিক সাইড পার্ট, কারও জন্য টেক্সচারড কাট; আবার কারও চেহারায় দাড়ির নির্দিষ্ট শেপই এনে দিতে পারে কাঙ্ক্ষিত পরিবর্তন। চাইলে হেয়ার স্পা বা চুলের উপযোগী ট্রিটমেন্টও করানো যায়। তবে বিয়ের ঠিক আগমুহূর্তে একেবারে নতুন হেয়ারস্টাইল নিয়ে নিরীক্ষা না করাই ভালো।
ত্বকে বাড়তি মনোযোগ
ছেলেদের ত্বকের যত্ন মানেই শুধু ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া নয়; নিয়মিত ক্লিনজিং, ময়শ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহারের পাশাপাশি ত্বকের প্রয়োজন বুঝে ফেশিয়াল করানো যেতে পারে। ড্রাই, অয়েলি কিংবা ব্রণপ্রবণ ত্বকে পরিচর্যার ধরনও আলাদা। স্যালনে পাওয়া যায় সাধারণ ফেশিয়াল, হাইড্রা ফেশিয়াল, পার্ল বা গোল্ড ফেশিয়ালের মতো বিভিন্ন বিকল্প। তবে নামের চাকচিক্য দেখে ট্রিটমেন্ট বেছে না নিয়ে ত্বকের ধরন ও উপযোগিতা বুঝে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তবে বিয়ের আগে নতুন কোনো পণ্য বা ট্রিটমেন্ট ব্যবহার করলে আগে থেকে ত্বকের প্রতিক্রিয়া যাচাই করা উচিত।
স্পা, ম্যাসাজ ও মেকওভার
বিয়ের প্রস্তুতির ব্যস্ততায় নিজের জন্য একটু সময় বের করতে পারলে মন্দ কি! হেয়ার স্পা, হট অয়েল ট্রিটমেন্ট, হেড ম্যাসাজ কিংবা বডি ম্যাসাজ হতে পারে সেই বিরতির অংশ। পাশাপাশি মেনিকিউর-পেডিকিউরের মাধ্যমে হাত-পায়ের নখ ও ত্বক পরিচ্ছন্ন রাখা যায়। বিয়ের দিন ছবি তোলার সময় হাতের আংটি, ঘড়ি কিংবা পোশাকের খুঁটিনাটিও ক্যামেরায় ধরা পড়ে। তাই এসব ছোটখাটো পরিচর্যাও গুরুত্বপূর্ণ। প্রয়োজন অনুযায়ী ত্বকের অতিরিক্ত উজ্জ্বলতা নিয়ন্ত্রণ, চোখের নিচের ক্লান্তির ছাপ কিছুটা ঢেকে দেওয়া কিংবা মুখের স্বাভাবিক টোনের সঙ্গে সামঞ্জস্য রেখে হালকা মেকওভার নেওয়া যেতে পারে। উদ্দেশ্য, মুখের চেহারা বদলে ফেলা নয়, বরং নিজের স্বাভাবিক লুককে আরও পরিপাটি করে তোলা।
কার ঝুলিতে কী
পারসোনা মেনজের উত্তরা ব্রাঞ্চের অ্যাক্সিকিউটিভ কাজী আল আমীনের সঙ্গে আলাপে উঠে এসেছে বরের সাজসজ্জার বিভিন্ন দিক। সেখানে রেগুলার প্যাকেজের পাশাপাশি আছে এক্সক্লুসিভ প্যাকেজ, যেখানে বেসিক হেয়ার কাট, শেভ-ট্রিমের পাশাপাশি ডিল্যাক্স পেডিকিউর-মেনিকিউর, হেয়ার স্পা, মেকওভার, ফেশিয়ালসহ অনেক কিছু। অন্যদিকে রেগুলার প্যাকেজে হেয়ার কাট, শেভ, প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট, রেগুলার মেনিকিউর-পেডিকিউরসহ গ্রুম মেকওভার থাকছে। আরও আছে টু ডেজ গ্রুম প্যাকেজ। পারসোনা মেনজের মতো আরও কিছু স্যালন রয়েছে ঢাকায়। কোন স্যালনে কী প্যাকেজ চালু আছে, তার বর্তমান মূল্য কত এবং বিয়ের বিশেষ গ্রুমিং সার্ভিসের জন্য আগাম বুকিং প্রয়োজন কি না, সেগুলো আগে থেকে জেনে নেওয়া ভালো।
সবশেষে, বিয়ের সাজে যত্ন নেওয়া মানে অন্য কারও মতো হয়ে ওঠা নয়; বরং নিজের পরিচিত লুককে আরও পরিপাটি করে তোলা। কারণ, বিয়ের অ্যালবামে কনের সাজ যেমন স্মৃতি হয়ে থাকে, তেমনি বরের আত্মবিশ্বাসী উপস্থিতিও ছবিগুলোকে দেয় পূর্ণতা। তাই কনের প্রস্তুতির ফাঁকে নিজের জন্যও একটু সময় রাখুন—বিয়ের সাজে আপনারও তো কম কথা নেই! সঙ্গে থাকতে পারে বন্ধুরা। হেসে-খেলে দারুণ সময় কাটুক জীবনের গুরুত্বপূর্ণ দিনের আগমনে।

মডেল: অদিত
মেকওভার: পারসোনা মেনজ
ওয়্যারড্রোব: ওটু
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top