skip to Main Content

ত্বকতত্ত্ব I ডক্টর’স টেক: পরিণয় প্রাক্কালে

বিয়ের অনেক আগে থেকে শুরু হয় ত্বক সুন্দর রাখার চেষ্টা; যা চলতে থাকে বিয়ের সময়, এমনকি পরেও। কেমন হয় যদি সেই চেষ্টায় যোগ হয় বিশেষজ্ঞ পরামর্শ?

নিজেকে সবচেয়ে সুন্দর রূপে দেখতে ইচ্ছা হয় এ সময়। তাই প্রতিদিনের ত্বকযত্নের সঙ্গে বাড়তি কিছুর খোঁজ করেন হবু কনেরা। নতুন কিছু করার আগে শঙ্কাও বোধ করেন খানিক। যদি হয় হিতে বিপরীত! শুধু কনেরাই নন, ত্বক নিয়ে যথেষ্ট সচেতন হয়ে উঠেছেন এখনকার হবু বরেরাও। গুগল সার্চ আর সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বকযত্ন নিয়ে নানা প্রশ্ন রাখছেন তারাও। তাই বিয়ের আগে, বিয়ের সময় ও পরে—পুরো সময়ে হবু কনে এবং বরের জন্য ত্বকযত্নে সহজ পরামর্শ দিয়েছেন স্কিন ক্লিনিকের স্বত্বাধিকারী এবং কন্টিনেন্টাল হাসপাতালের ত্বকবিশেষজ্ঞ ডা. নূর-উস-সামা লোবা।
ত্বকের রুটিন
ত্বকযত্নে নিয়মিত না হলে বিয়ের ৬ মাস আগে থেকে একটি নির্দিষ্ট রুটিনমাফিক ত্বকের যত্ন নেওয়া শুরু করা যেতে পারে। সেটি সম্ভব না হলে ৩-৪ মাস আগে শুরু করা ভালো। এ সময় ত্বকের চাহিদা বুঝে নতুন উপাদান ব্যবহার করা যেতে পারে। নেওয়া যেতে পারে অ্যাসথেটিক ট্রিটমেন্ট। তবে অনুষ্ঠানের ১০-১৫ দিন আগে ত্বকযত্নে নতুন কিছু যোগ করার দরকার নেই। কারণ, যেকোনো নতুন কিছুতে অ্যালার্জি বা প্রদাহ তৈরি হতে পারে। যদি এমন কিছু হয়েও যায়, তা ঠিক হওয়ার সময় হাতে থাকা অত্যন্ত জরুরি। তাই এ সময় একদম বেসিকে আটকে রাখা যেতে পারে ত্বকযত্ন। যেমন একটি ভালো মানের ক্লিনজার দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করে নেওয়া যেতে পারে। ব্যবহার করতে পারেন ময়শ্চরাইজার ও সানস্ক্রিন। ত্বক খুব বেশি শুষ্ক হলে রাতে দু-তিন ফোঁটা হাইড্রেশন সেরামই যথেষ্ট।
চিকিৎসার প্রয়োজনে
ত্বকের যেকোনো ছোট-বড় সমস্যা থাকলে নিজে থেকে কোনো কিছু ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শে যত্ন শুরু করা ভালো। দাগ, কালচে ভাব, ব্রণ, রিংকেলসের মতো সমস্যাগুলোর জন্য বিশেষ চিকিৎসার প্রয়োজন হলে তা ৪ থেকে ৬ মাস আগে শুরু করা যেতে পারে। এতে সুস্থ হওয়ার জন্য ত্বক পর্যাপ্ত সময় পাবে।
ত্বক স্বাভাবিক ও সুস্থ হলে বিয়ের আগে মাসে একবার হাইড্রেটিং ফেশিয়াল করা যেতে পারে। হাইড্রা, ইনফিউশন, পিকো কার্বন, অক্সিজেন ফেশিয়াল করালে ত্বক আগের চেয়ে উজ্জ্বল, মসৃণ ও টানটান হয়ে উঠবে।
ভেতর থেকে যত্ন
এ সময় শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও নেওয়া চাই ত্বকযত্ন। যারা একদমই ব্যায়াম করেন না, প্রতিদিন অল্প করে ফ্রি-হ্যান্ড ব্যায়াম করতে পারেন। প্রতিদিন না হলেও সপ্তাহে ৩-৪ দিন আধা ঘণ্টা হাঁটলে শরীর সচল থাকবে এবং সেই উজ্জ্বলতা ত্বকেও দেখা যাবে। সাপ্লিমেন্ট নিতে চাইলে প্রথমে শরীরে কিসের ঘাটতি, সেটি খুঁজে বের করা জরুরি। এ ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম।
মেনে চলা যেতে পারে ত্বকের উপযোগী ডায়েট। ত্বকের জন্য উপকারী খাবারগুলো বেশি বেশি খেলে তার স্পষ্ট উপকার ধরা দেবে। এ ক্ষেত্রে একজন পুষ্টিবিদের পরামর্শ নিলে কাজটি আরও সহজ হতে পারে। সঙ্গে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত ঘুম। ৭-৮ ঘণ্টা। না হলে চোখের নিচে ছেয়ে যেতে পারে কালচে ডার্ক সার্কেল, যা দূর হতে সাধারণত অনেক সময় লাগে।
ডায়েটের প্রভাব
বিয়ের আগে ওজন কমানোর জন্য কঠোর ও অনিয়ন্ত্রিত ডায়েট করলে এর ভয়াবহ প্রভাব দেখা দিতে পারে ত্বকে। কারণ, খাবার থেকে প্রাপ্ত বিভিন্ন ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থেকে পুষ্টি পায় ত্বক। এগুলোর অভাবে ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে মলিন দেখাতে পারে। উঁকি দিতে পারে পোরস, প্রদাহ, রিংকেল, ব্রণের মতো অন্যান্য সমস্যাও। তাই বিয়ের আগে শুধু ওজন কমানোর উদ্দেশ্যে খুব কঠিন কোনো ডায়েট না করাই ভালো। আর করলেও একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।
ত্বক বুঝে
ত্বকের ভাষা বুঝতে পারলে অনেকটাই সহজ হয়ে যায় ত্বকযত্ন। বিশেষ করে ত্বকের ধরন; যেমন শুষ্ক, মিশ্র নাকি তৈলাক্ত, তা বুঝতে হবে আগে। তারপর ত্বকের উপযোগী পণ্য ও সেবা বেছে নিতে হবে। নিজে না বুঝলে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া যেতে পারে।
ব্যস্ত সময় কাটে বিয়ের সময়। এড়ানো যায় না মানসিক চাপও। সব প্রস্তুতির মাঝেই নিজের যত্ন নিতে হয়। তাই খুব কঠিন করে না ভেবে একটি সহজ রুটিনে মেনে চলা যেতে পারে। বিয়ের সাজটা এমন কোথাও থেকে সাজতে হবে, যারা ভালো পণ্য ব্যবহার করে। কোনো কিছুতে অ্যালার্জি থাকলে আগে মেকআপ আর্টিস্টকে বলে রাখুন। সাজের ক্ষেত্রে ত্বক যেমনই হোক, তেলযুক্ত পণ্য এড়িয়ে যাওয়া ভালো। না হলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণের সমস্যা বাড়তে পারে। প্রতিটি অনুষ্ঠানের পর যতই ক্লান্ত লাগুক না কেন, ত্বক খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এ ক্ষেত্রে ক্লিনজিং অয়েল, বাম বা মাইসেলার ওয়াটার ব্যবহার করা যেতে পারে। ত্বকে মেকআপ নিয়ে ঘুমানো যাবে না।
বিয়ের পর পর যতটা সম্ভব কম মেকআপ করলে ত্বক খানিকটা স্বস্তি পায়। যদিও এ সময় নতুন দম্পতিকে বিভিন্ন দাওয়াতে যেতে হয়। তারপরেও যত কম মেকআপ নেওয়া যায়, তত ভালো। এ সময় তৈলাক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে যেতে হবে। জাংক ফুডের বদলে সবুজ শাকসবজি, আমিষ, আঁশজাতীয় খাবার বেশি খেতে হবে। বিয়ের অনুষ্ঠানের দু-তিন সপ্তাহ পর ক্লিনজিং ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। এতে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয়ে উঠবে।

 অনুলিখন: বিউটি ডেস্ক
মডেল: জোহা
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top